AUS vs IND: রবি শাস্ত্রীর দরাজ সার্টিফিকেট যশস্বী জয়সওয়ালকে, তবে চিন্তায় রাখল ভারতীয় ওপেনারের চোট
AUS vs IND: আঙুলে ফ্র্যাকচারের কারণে পারথ টেস্টে নেই শুভমান গিল। বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্থরাও নেটে কমবেশি চোট পেয়েছেন।
তবে গিল ছাড়া কেউ চোটের জন্য পারথ টেস্টে অনিশ্চিত নন। আজ যদিও চিন্তা বাড়ল যশস্বী জয়সওয়ালকে নিয়ে।

রোহিত শর্মার অনুপস্থিতিতে পারথ টেস্টে যশস্বী জয়সওয়ালের উপর ভারত অনেকটাই নির্ভরশীল। তাঁর সঙ্গী হওয়ার দৌড়ে এগিয়ে লোকেশ রাহুল। কিন্তু যশস্বী পারথ টেস্টে খেলার জন্য ফিট থাকতে পারবেন তো? প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মঙ্গলবারের অপটাস স্টেডিয়ামে।
ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে যশস্বীর চোটের বিষয়ে কিছু বলা যায়নি। সোশ্যাল মিডিয়ায় সাংবাদিকরা যশস্বীর ছবি শেয়ার করেছেন। যাতে দেখা যাচ্ছে ফিজিওরা যশস্বীর চোটের অবস্থা খতিয়ে দেখছেন। যশস্বীর যে ভালোরকম যন্ত্রণা হচ্ছে তা স্পষ্ট মুখের অভিব্যক্তিতেই।
Young gun Yashasvi Jaiswal received some intense treatment on his neck earlier today in the Optus Stadium nets, as preparation for Friday’s first Test builds 📈 @FoxCricket
— Will Faulkner (@willzfaulk) November 19, 2024
📸: Paul Kane #AUSvIND pic.twitter.com/HhfdAdNxmH
যশস্বী নেটে ব্যাটিং প্র্যাকটিস করছিলেন। কিছুক্ষণের মধ্যেই ঘাড়ে অস্বস্তি অনুভব করেন। দেখা যায় মাঠেই হাঁটুতে ভর দিয়ে বসে রয়েছেন। ফিজিও চোটের জায়গাটি দেখছেন। পরে সেখান থেকে সরিয়ে নিয়ে দিয়ে শুরু হয় যশস্বীর শুশ্রূষা।
ভারতীয় দল থেকে ক্রিকেটপ্রেমীরা প্রার্থনা করছেন যশস্বীর যাতে বড় কোনও চোট না লাগে। নেক স্প্যাজম হয়েছে বলে জানা গিয়েছে অসমর্থিত সূত্রে। এই চোট পারথ টেস্টে খেলার পক্ষে প্রতিবন্ধকতা নাও তৈরি করতে পারে। কেন না, শুক্রবার খেলা শুরু হবে। তবে যশস্বীও ছিটকে গেলে অভিমন্যু ঈশ্বরণ সুযোগ পেতে পারেন। তবে সেই সম্ভাবনা কম।
রবি শাস্ত্রী ফক্স ক্রিকেটের একটি অনুষ্ঠানে যশস্বীকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। শাস্ত্রীর আশা, অস্ট্রেলিয়া সফরের শেষে দেখা যাবে যশস্বী আরও ভালো ব্যাটার হয়ে গিয়েছেন। ইতিমধ্যেই তিনি বিশ্বমানের ব্যাটার। ইংল্যান্ডের বিরুদ্ধে যে স্বাধীনভাবে যশস্বী নিজেকে মেলে ধরেছেন সে কথা উঠে এসেছে শাস্ত্রীর কথায়।
শাস্ত্রী মনে করেন, পারথের বাউন্সের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার কাজ সহজ নয়, যার যতই প্রতিভা থাকুক। সে ব্যাপারে যশস্বীকে খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন ভারতের প্রাক্তন হেড কোচ। তবে কন্ডিশনের সঙ্গে যশস্বী মানিয়ে নিলে এবং থিতু হলে তিনি যে সাফল্য পাবেনই, দর্শকদের মাতিয়ে দেবেন, সে ব্যাপারে সংশয় নেই শাস্ত্রীর।
শাস্ত্রীর কথায়, যশস্বী রান করতে ভালোবাসেন। অস্ট্রেলিয়ার পিচ তাঁর ব্যাটিংয়ের ঘরানার ক্ষেত্রে সদর্থক ভূমিকা নেবে। ফলে রান পেতে অসুবিধা হওয়ার কথা নয় যশস্বীর। অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে যশস্বী এই জায়গায় এসেছেন। তাঁর মধ্যে সাফল্যের খিদে রয়েছে, প্যাশন রয়েছে। তা বোঝা যায় ব্যাটিং কিংবা ফিল্ডিংয়ের সময়। যশস্বী সব ম্যাচের সঙ্গে একাত্ম হয়ে থাকেন, এই বিষয়টিরই প্রশংসা করেছেন শাস্ত্রী।












Click it and Unblock the Notifications