AUS vs IND: ব্রিসবেন টেস্টের আগে ব্যাটিং স্টাইল বদলালেন বিরাট কোহলি, কারণ বিশ্লেষণ হরভজনের
AUS vs IND: ব্রিসবেন টেস্ট ১৪ ডিসেম্বর থেকে। খেলা শুরু হবে ভারতীয় সময় ভোর ৫টা ৫০ থেকে। ব্রিসবেনে পৌঁছনোর আগে আজও অ্যাডিলেডেই অনুশীলন সারল ভারত।
ভারতের অনুশীলনে স্বাভাবিকভাবেই নজর ছিল বিরাট কোহলির দিকে। তাঁর ব্যাটিং স্টাইলে দেখা গেল উল্লেখযোগ্য পরিবর্তন।

চলতি বছর বিরাট ৮টি টেস্ট খেলেছেন। ১৬ ইনিংসে ২ বার অপরাজিত থেকে ৩৭৩ রান করেছেন। সর্বাধিক পারথের অপরাজিত ১০০। ১টি শতরান ও ১টি অর্ধশতরান রয়েছে। শূন্যে আউট হয়েছেন ১ বার। ব্যাটিং গড় মাত্র ১৬.৬৪।
ব্রিসবেন টেস্ট জিতে ঘুরে দাঁড়াতে বিরাট কোহলির দিকে তাকিয়ে থাকবে ভারত। পারথে বিরাট কোহলির অপরাজিত ১০০ রানের ইনিংস বাদ দিলে বাকি তিনটি ইনিংসে আউট হয়েছেন ৫, ৭ ও ১১ রানে। ফ্রন্টফুটে খেলতে গিয়ে স্লিপ বা উইকেটকিপারের হাতে ক্যাচ দিচ্ছেন।
এই সমস্যা কাটাতে মরিয়া প্রাক্তন ভারত অধিনায়ক। বিরাট কোহলির সঙ্গে রোহিত শর্মাও যে মিডল অর্ডারে নামবেন এদিনের অনুশীলনে সেই ইঙ্গিত মিলেছে। দুজনে পাশাপাশি নেটে একই সময়ে ব্য়াটিং করেছেন। কোহলির ব্যাটিং স্টাইলের বদল সবচেয়ে বেশি নজরে এসেছে।
সিরিজ সম্প্রচারকারী সংস্থার চ্যানেলে হরভজন সিং বলেছেন, আমি যেটুকু বিরাটের প্র্যাকটিস দেখলাম তাতে নজরে এলো বেশিরভাগ বলই ব্যাকফুটে খেলছেন। তাঁর সঙ্গে আমি অনেক ম্যাচ খেলেছি। বিরাট কিন্তু ফ্রন্টফুট প্লেয়ার। ভারতের উইকেটের কথা মাথায় রাখলে সেটাই স্বাভাবিক।
ভাজ্জির কথায়, রিকি পন্টিং, স্টিভ ওয়া, ম্যাথু হেডেন, জাস্টিন ল্যাঙ্গাররা আবার ব্যাকফুট প্লেয়ার। অস্ট্রেলিয়ার পিচে সাফল্য পেতে হলে বাউন্স ভালোভাবে সামলাতে হবে। সে কারণেই তাঁরা ব্যাকফুটে ভালো। আমার মনে হয়, সে কথা মাথায় রেখেই বিরাট ব্যাকফুটে শট খেলায় জোর দিচ্ছেন।
হরভজন জানান, ফুলার ডেলিভারিগুলি বিরাট ফ্রন্টফুটে খেলেছেন। তবে যেগুলি খাটো লেংথের বা শর্ট বল সেগুলি বিরাট ব্যাকফুটেই সামলেছেন। কোনওটি ছেড়েছেন, কোনওটি আবার ব্যাকফুটে খেলেছেন। বিরাট জানেন গাব্বায় পেস ও বাউন্স ভালোই থাকবে। সে কারণে ব্যাকফুটে শট খেলাটা জরুরি। এমন অনুশীলন দেখে তাই ভালো লাগল। বিরাট কোহলিকে আগেও আমরা কামব্যাক করতে দেখেছি। খারাপ সময় কাটিয়ে তিনি ফের ঘুরে দাঁড়াবেন।












Click it and Unblock the Notifications