AUS vs IND: গিলের সঙ্গে অনুশীলনে অনুপস্থিত বিরাট-পন্থও, অস্ট্রেলিয়া যাওয়া নিয়ে বোর্ডকে কী জানালেন রোহিত?
মাঝে আর মাত্র কয়েকদিন, তারপরেই শুরু বর্ডার-গাভাসকর ট্রফি। পারথে প্রথম টেস্টের আগে চূড়ান্ত প্রস্তুতিতে মগ্ন ভারতীয় দল। গত শুক্রবার থেকে সিমুলেটেড ট্রেনিং ম্যাচ খেলছেন ভারতীয় দলের সদস্যরা। শনিবার আঙুলে চোট পেয়েছিলেন শুভমান গিল। প্রথম টেস্টে তাঁর খেলা এখন প্রবল অনিশ্চিত।
চোট পাওয়ার পরের দিনে অনুশীলন বা সিমুলেটেড ট্রেনিং ম্যাচে দেখা গেল না শুভমান গিলকে। ফলে প্রথম টেস্টে তাঁর খেলার সম্ভাবনা ক্রমেই কমছে তাঁর। ক্রিকইনফোর রিপোর্ট অনুসারে, রবিবার ভারতীয় দলের অনুশীলনে দেখা যায়নি গিলকে। একইসঙ্গে এই রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে রবিবারের অনুশীলনে অংশ নেননি বিরাট কোহলি, ঋষভ পন্থ এবং যশস্বী জয়সওয়াল। সম্ভবত তাঁদের এদিন বিশ্রাম দেওয়া হয়েছিল। কারণ ডনের দেশে এসে টানা অনুশীলন করছেন তাঁরা। সিমুলেটেড ট্রেনিং ম্যাচে প্রথম দুই দিনে অংশও নিয়েছিলেন।

গিল, বিরাট, পন্থ, যশস্বীরা না থাকলেও ভারতীয় দলের অনুশীলন রবিবারও হল পুরো দমে। মূলত এদিন ছিল বোলারদের প্রস্তুতি, বুমরাহ, সিরাজ, হর্ষিত রানা, আকাশ দীপরা পুরো দমে বোলিং অনুশীলন করলেন। তবে গম্ভীর তথা টিম ম্যানেজমেন্টকে স্বস্তি দিয়ে ব্যাট করতে নামলেন কেএল রাহুল।
অন্যদিকে, একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে রোহিত শর্মা বোর্ডকে জানিয়ে দিয়েছেন পারথে প্রথম টেস্ট ম্যাচে অংশ নেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। জল্পনা মতোই ভারতীয় দলকে প্রথম ম্যাচে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরাহ। যিনি বর্তমানে ভারতের সহ অধিনায়ক। প্রথম টেস্ট ম্যাচে নীতীশ কুমার রেড্ডির অভিষেক হতে পারে।
AUS vs IND: কোন টেস্টের আগে অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের সঙ্গে যোগ দিতে পারেন শামি? রইল বড় আপডেট
বোর্ডের একটি সূত্র সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, 'আমরা আশাবাদী রোহিত শর্মা বর্ডার-গাভাসকর ট্রফি খেলতে অস্ট্রেলিয়া যাবেন, তবে তিনি বোর্ডকে জানিয়েছেন এখনই তাঁর পক্ষে অস্ট্রেলিয়া যাওয়া সম্ভব নয়, তাঁর আরও কিছুদিন সময় লাগবে। কারণ তিনি কিছুদিন পরিবারের সঙ্গে থাকতে চান। প্রথম এবং দ্বিতীয় ম্যাচের মধ্যে কিছুটা সময় আছে। রোহিত সেই সময়ের মধ্যে দলের সঙ্গে যোগ দিতে পারেন।'












Click it and Unblock the Notifications