AUS vs IND: মেলবোর্ন টেস্টে সচিনের কীর্তি ভাঙার মুখে কোহলি, ইমরানকে টপকে ঈর্ষণীয় নজির গড়ার কাছে বুমরাহ
AUS vs IND: মেলবোর্নের এমসিজিতে ২৬ ডিসেম্বর থেকে বক্সিং ডে টেস্ট শুরু। তিনটি টেস্টের পর ভারত-অস্ট্রেলিয়া সিরিজ দাঁড়িয়ে ১-১-এ। ফলে দুই দলই সিরিজে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে নামবে।
গত ৬ ওভারে এখানে ভারত দুটি টেস্ট খেলে দুটিতেই জিতেছে। অস্ট্রেলিয়া আবার ২০২০ সালে ভারতের কাছে হারার পর দাপট সহকারে জিতেছে তিনটি টেস্ট। আসন্ন টেস্টে ভারতীয়দের সামনে একাধিক নজিরের হাতছানি রয়েছে।

মেলবোর্নে এশিয়ার ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক উইকেটশিকারী হতে পারেন জসপ্রীত বুমরাহ। এমসিজিতে পাকিস্তানের ইমরান খান ৫ টেস্টে ১৬ উইকেট নিয়েছেন। জসপ্রীত বুমরাহ ২ টেস্টে এখানে ১৫টি উইকেট নিয়েছেন। ফলে আর ২টি উইকেট পেলেই বুমরাহ টপকে যাবেন ইমরানকে।
ভারতীয় বোলারদের মধ্যে মেলবোর্নে সর্বাধিক উইকেট দখলের নিরিখে বুমরাহ ও অনিল কুম্বলে রয়েছেন যুগ্মশীর্ষে। কুম্বলে এমসিজিতে তিনটি টেস্টে নিয়েছেন ১৫ উইকেট। ফলে আর একটি শিকার ঝুলিতে পুরলেই এই মাঠে সফলতম ভারতীয় বোলার হয়ে যাবেন বুমরাহ। কপিল দেব ও রবিচন্দ্রন অশ্বিন- দুজনেই এমসিজিতে ৩টি করে টেস্ট খেলে ১৪টি করে উইকেট নিয়েছেন।
মেলবোর্নে ভারতীয় ব্য়াটারদের মধ্যে মাত্র ২ জনই ২টি করে টেস্ট শতরান পেয়েছেন। ১৯৪৮ সালে ২টি টেস্ট খেলে ভিনু মাঁকড় ২টি টেস্ট সেঞ্চুরি পেয়েছিলেন। ২০১৪ থেকে ২০২০ অবধি মেলবোর্নে তিনটি টেস্ট খেলেছেন অজিঙ্ক রাহানে। তাঁরও রয়েছে ২টি টেস্ট শতরান।
বিরাট কোহলি মেলবোর্নে আজ অবধি টেস্টে একটিই শতরান পেয়েছেন। সেটিও ২০১৪ সালে। ফলে আসন্ন টেস্টে সুনীল গাভাসকর, গুন্ডাপ্পা বিশ্বনাথ, সচিন তেন্ডুলকরদের পিছনে ফেলে মাঁকড় ও রাহানের মতো এমসিজিতে দ্বিতীয় টেস্ট শতরান পেতেই পারেন কোহলি।
মেলবোর্নে ভারতীয় ব্যাটারদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি চারটি অর্ধশতরান রয়েছে সচিন তেন্ডুলকরের। গুন্ডাপা বিশ্বনাথ ও বিরাট কোহলি এমসিজিতে টেস্ট ম্যাচে তিনটি করে অর্ধশতরান হাঁকিয়েছেন। বিশ্বনাথ খেলেছেন ২টি টেস্ট, কোহলি তিনটি। ফলে কোহলি যদি আরেকটি হাফ সেঞ্চুরি পান তাহলে ছুঁয়ে ফেলবেন সচিনকে। দুটি পেলে টপকে যাবেন মাস্টার ব্লাস্টারকে।
ভারতীয়দের মধ্যে মেলবোর্ন টেস্টে সর্বাধিক রান রয়েছে সচিন তেন্ডুলকরের। পাঁচটি টেস্টে ৪৪৯। ১টি শতরান ও তিনটি অর্ধশতরান-সহ। অজিঙ্ক রাহানের রয়েছে ৩ টেস্টে ৩৬৯, ২টি শতরান-সহ। বিরাট কোহলি তিনটি টেস্টে ৩১৬ রান করেছেন মেলবোর্নে। ফলে দুই ইনিংসে সাফল্য পেলে সচিনকে টপকে এমসিজি টেস্টে ভারতের সর্বাধিক রান সংগ্রহকারীও হতে পারেন কোহলি।












Click it and Unblock the Notifications