AUS vs IND: ব্রিসবেনেও রোগ সারল না বিরাটের! কোহলিকে হ্যাজলউড ফেরালেও কেন বাহবা পেলেন স্টার্ক?
AUS vs IND: বিরাট কোহলি ফের হতাশ করলেন। ব্রিসবেন টেস্টে তিনি ১৬ বল খেলে মাত্র ৩ রান করে আউট। নেটপাড়ায় ঝড় উঠল বিরাটের আউট হওয়ার ধরন দেখে।
বিরাট কোহলি এদিন জশ হ্যাজলউডের বলে কট বিহাইন্ড হন। কিন্তু দেখা গেল, অনেক অজি ক্রিকেটার ছুটে গিয়ে বাহবা জানালেন মিচেল স্টার্ককে। তার কারণ বুঝতে অবশ্য দেরি হয়নি।

ভারতীয় ইনিংসের অষ্টম ওভারের প্রথম বলে পুল করে তা স্কোয়্যার লিগ অঞ্চলে পাঠিয়েছিলেন লোকেশ রাহুল। ডিপ ফাইন লেগে দাঁড়ানো মিচেল স্টার্ক বাঁ দিকে ছুটে ডাইভ দিয়ে বল আটকান। তাঁর ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া শুধু তিন রান বাঁচায়নি, এই বলে এক রান হওয়ায় স্ট্রাইকে আসেন বিরাট।
ঠিক তার পরের বলেই, অর্থাৎ অষ্টম ওভারের দ্বিতীয় বলে বিরাট কট বিহাইন্ড হন। এরপর অনেক অজি ক্রিকেটারই গিয়ে মিচেল স্টার্ককে বাহবা জানান। কারণ, তাঁর জন্যই ওই বলটি বিরাটকে খেলতে হলো। বিরাটের পুরানো রোগ যে সারছে না খেলতে নেমে এদিন সেটাও স্পষ্ট। ব্রিসবেনের পিচের গতি ও বাউন্সের কথা ভেবে বিরাট নেটে ব্যাকফুটে শট নেওয়ার অনুশীলন চালিয়েছিলেন।
কিন্তু এদিন সেই অফ-স্টাম্পের বাইরের বল ফ্রন্টফুটে খেলতে গেলেন। বল ব্যাটের কিনারা ছুঁয়ে জমা পড়ল উইকেটকিপার অ্যালেক্স ক্যারির হাতে। ফুলার লেংথের বল ফ্রন্টফুটে গিয়ে খেলার প্রবণতা বা লোভ সামলাতে না পারা কোহলির বিদেশের মাটিতে বড় দুর্বলতা। সেটাই কাজে লাগালেন বিরাটের একদা আরসিবি সতীর্থ হ্যাজলউড।
অস্ট্রেলিয়ার পাতা ফাঁদে বিরাট যেভাবে বারবার পা দিচ্ছেন সেটাই বিরক্তি বাড়াচ্ছে ক্রিকেটপ্রেমীদের। সে কারণেই তিনি সমালোচিত হচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। মিচেল স্টার্ক, জশ হ্যাজলউডরা বিরাটের এই দুর্বলতার কথা মাথায় রেখে পরিকল্পনামাফিক বল করছেন, আর তাতেই খোঁচা দিচ্ছেন কোহলি।
অস্ট্রেলিয়া ৪৪৫ রান তোলার পর ভারতের স্কোর লাঞ্চে ছিল ৭.২ ওভারে ৩ উইকেটে ২২। বিরাট আউট হওয়ার পর বৃষ্টি নামে। ফলে মধ্যাহ্নভোজের বিরতি নিয়ে নেওয়া হয়। ৪ রানে প্রথম, ৬ রানে দ্বিতীয় ও ২২ রানে তৃতীয় উইকেট হারায় ভারত। মিচেল স্টার্ক ফেরান যশস্বী জয়সওয়াল (২ বলে ৪) ও শুভমান গিল (৩ বলে ১)-কে। বিরাট হ্যাজলউডের শিকার।
লাঞ্চের পর খেলা শুরু হওয়ার পর ফের বৃষ্টি নামে। ভারতের স্কোর ৯.১ ওভারে ৩ উইকেটে ২৭। লোকেশ রাহুল ৩৩ বলে ১৪ ও ঋষভ পন্থ ২ বলে চার রানে অপরাজিত আছেন।












Click it and Unblock the Notifications