পূজারার দ্বিশতরান, ঋদ্ধির শতরানে ১৫২ রানের লিড ভারতের, হার বাঁচাতে লড়ছে অজিরা
রাঁচি টেস্টে অস্ট্রেলিয়ার করা ৪৫১ রান টপকে গেল ভারত। অসাধারণ ব্যাটিং করে ভারতকে লিড এনে দিলেন চেতেশ্বর পূজারা ও ঋদ্ধিমান সাহা। পূজারা করলেন দ্বিশতরান, শতরান করলেন ঋদ্ধিমানও।
রাঁচি, ১৯ মার্চ : প্রথমে ব্যাট হাতে চেতেশ্বর পূজারা ও ঋদ্ধিমান সাহার ব্যাটিং বিক্রম দেখার পরে রবীন্দ্র জাদেজা ব্যাটের পাশাপাশি ফের একবার বল হাতেও জাদু দেখালেন। এদিন ব্যাট করতে নেমে মাত্র ৫৫ বলে ৫৪ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন জাদেজা। ভারত ৬০৩/৯ অবস্থায় ইনিংস ডিক্লেয়ার দেয়। এরপরে বল হাতে ইতিমধ্যে ২ উইকেট তুলে দিয়েছেন জাদেজা।
এদিন রাঁচি টেস্টে অস্ট্রেলিয়ার করা ৪৫১ রান টপকে যায় ভারত। এই টেস্টে প্রথম ইনিংসে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথের অসাধারণ ১৭৮ রানের ইনিংসে ভর করে ৪৫১ রান তোলে অজিরা। বদলে এদিন অনবদ্য ব্যাটসম্যানশিপ দেখালেন চেতেশ্বর পূজারা ও ঋদ্ধিমান সাহা। পূজারা দ্বিশতরান ও ঋদ্ধিমান শতরানের অনবদ্য ইনিংস খেললেন।
জবাবে ব্যাট করতে নেমে দারুণ ব্যাটিং করে ভারতও। শনিবার কেএল রাহুল ও মুরলী বিজয় ভারতকে দারুণ শুরু এনে দেন। রাহুল ৬৭ রানে আউট হলে চেতেশ্বর পূজারার সঙ্গে পার্টনারশিপ গড়েন বিজয়। ৮২ রান করে তিনি আউট হওয়ার পরে বিরাট কোহলি নেমে বিশেষ সুবিধা করতে পারেননি। কাঁধের চোটকে সামলাতে পারলেও প্যাট কামিন্সের বল সামলাতে ব্যর্থ হন কোহলি। স্লিপে স্মিথের হাতে ক্যাচ দিয়ে তিনি ফেরেন মাত্র ৬ রানে।

এরপরে অজিঙ্ক রাহানে (১৪ রান), করুণ নায়ার (২৩) পূজারার সঙ্গে ছোট পার্টনারশিপ গড়ে তুললেও কেউ বড় রান করতে পারেননি। রবিচন্দ্রণ অশ্বিনও ব্যাট হাতে ব্যর্থ হন। প্যাট কামিন্সের বলে আউট হওয়ার আগে করেন মাত্র ৩ রান।
এরপরে নামেন ঋদ্ধিমান সাহা। দলের রান তখন ৩২৮/৬। পূজারা তাঁকে নিয়ে রান এগিয়ে নিয়ে যেতে থাকেন। পূজারা করলেন দ্বিশতরান, শতরান করলেন ঋদ্ধিমানও। ভারতও প্রথম ইনিংসে ১৫২ রানের লিড পেয়ে গিয়েছে। পূজারা ২০২ রান ও ঋদ্ধি ১১৭ রান করেছেন। জবাবে ব্যাট করতে নেমে ইতিমধ্যে ২৩ রানে ২ উইকেট খুইয়ে হার বাঁচাতে লড়ছে অস্ট্রেলিয়া।
এদিন তৃতীয় ইনিংসে জাদেজাই ২টি উইকেট তুলে নিয়েছেন। তাঁর বলে ডেভিড ওয়ার্নার ১৪ রানে ও নাথন লিয়ঁন ২ রানে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন। এখনও ১২৯ রানে পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। হাতে রয়েছে মাত্র ৮ উইকেট। ক্রিজে ৭ রানে ব্যাট করছেন রেনশ। স্মিথ বাহিনী এই ইনিংসে কেমন প্রতিরোধ গড়ে এখন সেটাই দেখার।












Click it and Unblock the Notifications