AUS vs IND: বুমরাহ-হর্ষিতদের প্রত্যাঘাত, তবু পারথ টেস্টে ভারতের দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুললেন গাভাসকর
AUS vs IND: পারথ টেস্টে ১৫০ রানে গুটিয়ে যাওয়ার পর দারুণভাবে প্রত্যাঘাত ভারতের। স্কোরবোর্ডে ৩১ রান ওঠার ফাঁকে চার উইকেট খুইয়েছে অস্ট্রেলিয়া।
তবুও এই টেস্টে ভারতের দল নির্বাচনে গলদ রয়েছে বলে মনে করছেন সুনীল গাভাসকর। বিশেষ করে রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনকে বাদ দেওয়া সমর্থনযোগ্য নয় বলেই তাঁর অভিমত।

গাভাসকর বলেন, জাদেজা ও অশ্বিনের সম্মিলিত ৯০০-র বেশি টেস্ট উইকেট রয়েছে। তাঁরা শুধু ভারতীয় উপমহাদেশে খেলার মতো বোলার নন। তাঁর যথেষ্ট বুদ্ধিমান ও অভিজ্ঞ বোলার। তাঁরা উইকেট না পেলেও রান তোলার গতি মন্থর করার ক্ষমতা রাখেন।
বুদ্ধি করে বোলিং করলেই রানে রাশ টানা যায় বলে উল্লেখ করে সানি বলেন, অস্ট্রেলিয়ার মাঠগুলির বাউন্ডারি বড়। সেখানে আমার মতে, অশ্বিন ও জাদেজা দুজনকেই খেলানো উচিত ছিল। কিন্তু এখন নতুন ম্যানেজমেন্ট, নতুন চিন্তাভাবনা।
আটে নেমে নীতীশ কুমার রেড্ডি ৫৯ বলে সর্বাধিক ৪১ রান করেছেন। ৬টি চার ও ১টি ছয়ের সাহায্যে। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৩ ম্যাচে ৭৭৯ রান রয়েছে নীতীশের। অন্ধ্রের এই অলরাউন্ডার ১টি শতরান ও ২টি হাফ সেঞ্চুরি করেছেন প্রথম শ্রেণির ক্রিকেটে।
যদিও গাভাসকর মনে করেন, নীতীশ এখনও টেস্ট খেলার পক্ষে উপযুক্ত নন। গাভাসকরের কথায়, ভারত এই টেস্টে নীতীশকে খেলাচ্ছে। তিনি নিঃসন্দেহে প্রতিভাবান ক্রিকেটার। কিন্তু তিনি কি টেস্ট খেলার জন্য যথেষ্ট প্রস্তুত?
গাভাসকর বলেছেন, নীতীশ বেশি প্রথম শ্রেণির ম্যাচ খেলেননি। তাঁকে নিয়ে আশাবাদী থেকেই খেলানো হচ্ছে। তার বেশি কিছু নয়। তবে আমি চাইব, সেটা যেন ভারতের পক্ষে ভালোই হয়।
এদিকে, জসপ্রীত বুমরাহ ও হর্ষিত রানা চাপে ফেলেছেন অজিদের। ২.৩ ওভারে দলের ১৪ রানের মাথায় বুমরাহর বলে লেগ বিফোর হন নাথান ম্যাকসুইনি। অভিষেক টেস্টে তিনি করেন ১২ বলে ১০ রান। মেরেছেন ২টি চার।
সপ্তম ওভারে চতুর্থ ও পঞ্চম বলে বুমরাহ ফেরান উসমান খোয়াজা (১৯ বলে ৮) ও স্টিভ স্মিথকে (১ বলে ০)। ১৯ রানে দ্বিতীয় ও তৃতীয় উইকেট পড়ে। ৩১ রানে পড়ে চতুর্থ উইকেট। হর্ষিত রানার বলে বোল্ড হন ট্রাভিস হেড (১৩ বলে ১১)। অভিষেক টেস্টে তথা আন্তর্জাতিক ক্রিকেটে এটি হর্ষিতের প্রথম শিকার। শেষ পাওয়া খবরে অস্ট্রেলিয়ার স্কোর ১৫ ওভারে ৪ উইকেটে ৩৭। মার্নাস লাবুশেন ৩৬ বলে ১ ও মিচেল মার্শ ১০ বলে ৫ রানে ক্রিজে।












Click it and Unblock the Notifications