AUS vs IND: সিডনিতে মাইলস্টোনের লক্ষ্যে স্মিথ ও লিয়ঁ, ভারতীয়দের মধ্যে ব্যাটে-বলে এসসিজিতে সফল কারা?
AUS vs IND: শুক্রবার থেকে সিডনিতে শুরু নিউ ইয়ার টেস্ট। চলতি বর্ডার-গাভাসকর ট্রফির পঞ্চম তথা শেষ টেস্টই স্পষ্ট করে দেবে সিরিজের ভবিষ্যৎ।
আপাতত পাঁচ টেস্টের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে অজিরা। ভারত মরিয়া সিরিজ ড্র রাখতে।

সিডনিতে টেস্টে সবচেয়ে বেশি রান রয়েছে রিকি পন্টিংয়ের। ১৬ টেস্টে ১৪৮০। অ্যালান বর্ডার ১১৭৭, গ্রেগ চ্যাপেল ১১৫০, ডেভিড বুন ১১২৭ ও স্টিভ ওয়া ১০৮৪ রান করেছেন। ওয়াকে সরিয়ে এই মাঠে রান সংগ্রহকারীদের তালিকার প্রথম পাঁচে আসার জোরালো সম্ভাবনা স্টিভ স্মিথের।
স্মিথ এসসিজিতে ১১টি টেস্ট খেলেছেন। ১০৫৯ রান করেছেন। ফলে দুই ইনিংস মিলিয়ে তিনি যদি ভালো রান পান তাহলে একেকটি ধাপ পেরিয়ে দুইয়ে উঠে আসা অসম্ভব নয়। কেন না, সেক্ষেত্রে বর্ডারের চেয়ে ১১৮ রান পিছিয়ে রয়েছেন স্মিথ।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টেস্টে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি রান রয়েছে সচিন তেন্ডুলকরের। ৫টি টেস্টে ৯ ইনিংসে চারবার অপরাজিত থেকে সচিন সিডনিতে ৭৮৫ রান করেছেন। তিনটি শতরান ও ২টি অর্ধশতরানের সৌজন্যে।
সিডনিতে সচিনের সর্বাধিক স্কোর অপরাজিত ২৪১। ভিভিএস লক্ষ্মণ এই স্টেডিয়ামে ৪টি টেস্ট খেলে ৫৪৯ রান করেছেন। চেতেশ্বর পূজারা করেছেন ২ টেস্টে ৩২০। ভারত ও আইসিসি একাদশের হয়ে রাহুল দ্রাবিড় এখানে করেছেন ৫ টেস্টে ৩০৬ রান। ২ টেস্টে ২৯২ রান রয়েছে ঋষভ পন্থের।
সিডনিতে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় শীর্ষে শেন ওয়ার্ন। ১৪টি টেস্টে তাঁর রয়েছে ৬৪টি উইকেট। স্টুয়ার্ট ম্যাকগিল এসসিজিতে ৮ টেস্টে ৫৩টি ও গ্লেন ম্যাকগ্রা ১২ টেস্টে ৫০ উইকেট নিয়েছেন। অস্ট্রেলিয়ার তৃতীয় স্পিনার হিসেবে সিডনি টেস্টে ৫০ উইকেটের ক্লাবে যোগ দিতে নাথান লিয়ঁর প্রয়োজন ২টি উইকেট।
ভারতীয়দের মধ্যে সিডনিতে সফলতম বোলার অনিল কুম্বলে। তিনি এখানে ৩টি টেস্ট খেলে ২০টি উইকেট নিয়েছেন। এরাপল্লী প্রসন্নর রয়েছে ২ টেস্টে ১২টি উইকেট।












Click it and Unblock the Notifications