AUS vs IND: রোহিতের সামনে অধিনায়ক বিরাটের কীর্তি ছোঁয়ার হাতছানি, জানুন দিন-রাতের টেস্টে ভারতের রেকর্ড
AUS vs IND: ভারত এই নিয়ে পঞ্চমবার দিন-রাতের টেস্ট খেলতে চলেছে। তার মধ্যে অ্যাডিলেডেই দ্বিতীয়বার। দেশের মাটিতে ভারত গোলাপি বলে দিন-রাতের তিনটি টেস্টই জিতেছে।
বিদেশের মাটিতে চার বছর পর ডে-নাইট টেস্ট খেলবে। বিদেশে ভারত কখনও গোলাপি বলের টেস্ট জেতেনি।

ভারত চারটি দিন-রাতের টেস্টের মধ্যে তিনটিতে জিতেছে। বিরাট কোহলির নেতত্বে জয় ২টিতে, হার ১টিতে। রোহিত শর্মার নেতৃত্বে ভারত একটিই ডে-নাইট টেস্ট খেলেছে। ফলে অ্যাডিলেডে জিতলে কোহলির নজির স্পর্শ করবেন অধিনায়ক রোহিত।
চার বছর আগে অ্যাডিলেডে কোহলির নেতৃত্বেই হেরেছিল ভারত। ফলে কোহলি যা পারেননি, সেটাও করে দেখাতে পারেব রোহিত। ভারতের প্রথম অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে প্রথম টেস্ট জয়ের নজির গড়ে।
২০১৯ সালের নভেম্বরে ভারত প্রথম দিন-রাতের টেস্ট খেলে বাংলাদেশের বিরুদ্ধে। ইডেনে সেই টেস্ট তিন দিনের মধ্যে শেষ হয়ে গিয়েছিল। ভারত জিতেছিল ইনিংস ও ৪৬ রানে। বাংলাদেশ প্রথম ইনিংসে তুলেছিল ১০৬ রান। ইশান্ত শর্মা ৫টি, উমেশ যাদব তিনটি ও মহম্মদ শামি ২ উইকেট নেন।
বিরাট কোহলির ১৩৬, চেতেশ্বর পূজারার ৫৫, অজিঙ্ক রাহানের ৫১ রানে ভর করে ভারত ৯ উইকেটে ৩৪৭ তুলে ইনিংস ডিক্লেয়ার করে। তিন উইকেট নেন আল আমিন হোসেন। এরপর বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শেষ ১৯৫ রানে। মুশফিকুর রহিম করেন ৭৪। ইশান্ত চারটি ও উমেশ পাঁচ উইকেট নেন। ইশান্ত হন ম্যাচের সেরা।
২০২০ সালে অ্যা়ডিলেডে ভারত-অস্ট্রেলিয়া টেস্টটিও শেষ হয়েছিল তৃতীয় দিনেই। বিরাট কোহলির ৭৪ রানের দৌলতে ভারত তোলে ২৪৪। মিচেল স্টার্ক নেন চার উইকেট, প্যাট কামিন্স তিনটি। টিম পেইনের অপরাজিত ৭৩ রানে ভর করে অস্ট্রেলিয়া পৌঁছয় ১৯১ রানে।
রবিচন্দ্রন অশ্বিন চারটি, উমেশ যাদব তিনটি ও জসপ্রীত বুমরাহ নেন ২টি উইকেট। এরপর ২১.২ ওভারে ভারত ৩৬ রানে গুটিয়ে যায়। কামিন্স চারটি ও জশ হ্যাজলউড ৫ উইকেট নেন। জো বার্নসের অপরাজিত ৫১ রানের সুবাদে অস্ট্রেলিয়া ৮ উইকেটে জেতে। অশ্বিন ১ উইকেট নেন। ম্যাচের সেরা পেইন।
২০২১ সালে আমেদাবাদে ভারত-ইংল্যান্ড দিন-রাতের টেস্ট শেষ হয়েছিল ২ দিনে। ভারত জেতে ১০ উইকেটে। জ্যাক ক্রলির ৫৩ রান সত্ত্বেও ইংল্যান্ড প্রথম ইনিংসে গুটিয়ে যায় ১১২ রানে। অক্ষর প্যাটেল নেন ৬ উইকেট, অশ্বিন তিনটি, ইশান্ত একটি।
রোহিত শর্মার ৬৬ রানে ভর করে ভারত তোলে ১৪৫। জো রুট পাঁচটি, জ্যাক লিচ নেন চার উইকেট। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হয় ৮১ রানে। অক্ষর ৫টি, অশ্বিন চারটি ও ওয়াশিংটন সুন্দর ১ উইকেট নেন। ৪৯ রানের টার্গেটে ভারত পৌঁছে যায় ৭.৪ ওভারে কোনও উইকেট না খুইয়ে। ম্য়াচের সেরা অক্ষর।
২০২২ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে গোলাপি বলের টেস্টও তৃতীয় দিনেই জিতে নিয়েছিল ভারত। ভারত প্রথম ইনিংসে করে ২৫২, শ্রেয়স আইয়ার করেন ৯২। লাসিথ এম্বুলডেনিয়া ও প্রবীণ জয়বিক্রমা নেন তিনটি করে উইকেট। ২টি পান ধনঞ্জয় ডি সিলভা।
শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষ হয় ১০৯ রানে। অ্যাঞ্জেলো ম্য়াথুজ করেন ৪৩। বুমরাহ নেন পাঁচ উইকেট। অশ্বিন ও শামি নেন ২টি করে, অক্ষর পান একটি। শ্রেসের ৬৭ ও ঋষভ পন্থের ৫০ রানে ভর করে ভারত ৯ উইকেটে ৩০৩ তুলে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে। জয়বিক্রমা চারটি ও এম্বুলডেনিয়া তিনটি উইকেট নেন।
অধিনায়ক দিমুথ করুণারত্নে ১০৭ করা সত্ত্বেও শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ২০৮ রানে গুটিয়ে যায়। ভারত জেতে ২৩৮ রানে। অশ্বিন চারটি, বুমরাহ তিনটি, অক্ষর ২টি ও জাদেজা ১ উইকেট নেন। ম্যাচের সেরা শ্রেয়স।












Click it and Unblock the Notifications