AUS vs IND: অ্যাডিলেড টেস্টের আগের দিনই চূড়ান্ত একাদশ ঘোষণা কামিন্সের, অস্ট্রেলিয়া দলে একটিই পরিবর্তন
AUS vs IND: অ্যাডিলেডে কাল ভারতীয় সময় সকাল সাড়ে ৯টা থেকে শুরু হবে চলতি সিরিজের দ্বিতীয় টেস্ট। তার ২৪ ঘণ্টারও বেশি সময় আগে চূড়ান্ত একাদশ ঘোষণা অস্ট্রেলিয়ার।
জশ হ্যাজলউড ইতিমধ্যেই ছিটকে গিয়েছেন চোটের কারণে। তাঁর বদলে দলে ডাক পেয়েছিলেন স্কট বোল্যান্ড। কালকের টেস্টে তাঁকে রেখেই দল ঘোষণা অজিদের।

বছর দেড়েক পর অস্ট্রেলিয়ার হয়ে খেলতে দেখা যাবে বোল্যান্ডকে। ক্যানবেরায় অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশের হয়ে তিনি ভারতীয় দলের বিরুদ্ধে খেলেছেন। ৩৬ রান খরচ করলেও কোনও উইকেট পাননি। বোল্যান্ড গত বছরের জুলাইয়ে লিডসে অ্যাশেজে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট খেলেছেন। ফের নামবেন কাল।
২০১৬ সালের পর বোল্যান্ড অস্ট্রেলিয়ার হয়ে ওডিআই ও টি২০ আন্তর্জাতিকেও সুযোগ পাননি। ১০টি টেস্টে তাঁর ৩৫টি উইকেট রয়েছে। ভারতের বিরুদ্ধে মাত্র ২টি টেস্ট খেলেছেন বোল্যান্ড। ৩ ইনিংসে ৫ উইকেট রয়েছে। নাগপুর টেস্টে কোনও উইকেট না পেলেও ওভালে গত বছর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দুই ইনিংসে যথাক্রমে ২ ও ৪ উইকেট নেন।
মিচেল মার্শকে নিয়ে অস্ট্রেলিয়ার চিন্তা কেটেছে। তাঁর বিকল্প হিসেবে অস্ট্রেলিয়া দলে ডেকেছিল বিউ ওয়েবস্টারকে। তবে তাঁর অভিষেক হচ্ছে না। মার্শই যে গোলাপি-বলে দিন-রাতের টেস্ট খেলবেন তা স্পষ্ট করে দিলেন প্যাট কামিন্স।
সিরিজে পিছিয়ে পড়েছে অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে লড়াই ঘুরে দাঁড়ানোর। সেই সঙ্গে চলতি বছর দ্বিতীয়বার গোলাপি বলের টেস্টে পরাজয় এড়াতে মরিয়া অজিরা। পারথ টেস্টে পিঠের আড়ষ্টতার কারণে পুরো দমে দ্বিতীয় ইনিংসে বল করতে পারেননি মার্শ। তবে দ্বিতীয় টেস্টের আগে তিনি ফিট হওয়ায় স্বস্তি অস্ট্রেলিয়া শিবিরে।
অ্যাডিলেড টেস্টের অস্ট্রেলিয়া দল- উসমান খোয়াজা, নাথান ম্যাকসুইনি, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিয়ঁ, স্কট বোল্যান্ড।












Click it and Unblock the Notifications