AUS vs IND: আইসিসির সিরাজের কত জরিমানা করল জানেন? ভারতীয় পেসারের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ
AUS vs IND: ট্রাভিস হেডের সঙ্গে বাদানুবাদে জড়ানোয় শাস্তির মুখে পড়তে হয়েছে মহম্মদ সিরাজকে। সিরাজ ও হেডের পাশে জুড়েছে ১টি করে ডিমেরিট পয়েন্ট।
হেডকে সতর্ক করে ছেড়ে দেওয়া হলেও সিরাজের ম্যাচ ফি-র ২০ শতাংশ জরিমানা ধার্য হয়েছে। এরই মধ্যে সিরাজ ফের শাস্তির কোপে পড়তে পারেন বলে আশঙ্কা করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়করা।

আজ জসপ্রীত বুমরাহর পাশাপাশি নেটে বোলিং করেননি মহম্মদ সিরাজও। তবে জিমে গিয়েছিলেন। সেই সময় সাংবাদিকরা সিরাজের কাছে জানতে চান, আইসিসির তরফে আচরণবিধি লঙ্ঘনের জেরে পাওয়া শাস্তির বিষয়ে।
সিরাজের অস্ট্রেলিয়ার মুদ্রায় ১৬,৫০০ ডলার জরিমানা ধার্য হয়েছে। যা ভারতীয় মুদ্রায় ৮ লক্ষ ৯৫ হাজার ৩৪০ টাকা। সিরাজ অবশ্য একে খুব একটা গুরুত্ব দেননি। তাঁর ছোট উত্তর, ইয়েহ ম্যান, ইট'স অল গুড। অর্থাৎ সব ঠিকই আছে। এই শাস্তিতে তিনি আপসেট কিনা জানতে চাইলে সিরাজ বলেন, আমি জিমে যাচ্ছি।
অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মার্ক টেলর মনে করেন, ভারতীয় টিম ম্যানেজমেন্টের সিরাজের সঙ্গে কথা বলা উচিত। তা না হলে ভবিষ্যতে আরও বড় শাস্তির মুখে সিরাজ পড়তে পারেন আম্পায়ারকে অসম্মানের জন্য। যা হেডের সঙ্গে ঘটনার চেয়ে গুরুতর।
ক্রিকেটে একটা কথা প্রচলিত আছে- সেলিব্রাপিল (Celebrappeal)। এই বিষয়েই সিরাজের শাস্তির আশঙ্কা থাকছে। মার্ক টেলরের পাশাপাশি অস্ট্রেলিয়ার আরেক প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্কও সিরাজের সেলিব্রাপিলে অবাক।
এই শব্দটি ব্যবহার করা হয় যখন কোনও উইকেট পেয়েছেন বলে নিশ্চিত হয়ে সতীর্থদের দিকে ছুটে যান সেলিব্রেট করতে করতে। বিশেষ করে লেগ বিফোরের ক্ষেত্রে। কিন্তু নিয়ম হলো, কট বিহাইন্ড বা লেগ বিফোর-সহ কিছু আউটের জন্য আম্পায়ারের দিকে তাকিয়ে আবেদন করাই নিয়ম।
মার্ক টেলর নাইনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, সিরাজের হেডকে মাঠের বাইরের দিকে ইশারা করা আমার ভালো লাগেনি। তবে আমি বিস্মিত তিনি যেভাবে আম্পায়ার নিশ্চিত আউট দেবেন বলে আঁচ করে আগেভাগেই সেলিব্রেট করতে সতীর্থদের দিকে ছুটে যান। এই আচরণ শোধরানো জরুরি।
টেলরের কথায়, বল প্যাডে লাগলেই সিরাজ যেভাবে লেগ বিফোর ধরে নিয়ে পিচ বরাবর ছুটে যান তা ভালো নয়। এটা আম্পায়ার ও ক্রিকেটকে অসম্মান করা। অন্তত আম্পায়ারের দিকে তাকিয়ে আবেদন করা উচিত। কারও উচিত তাঁর সঙ্গে কথা বলা।
মাইকেল ক্লার্ক বিগ স্পোর্টস ব্রেকফাস্ট শো-তে বলেন, এলবিডব্লিউয়ের আবেদন আম্পায়ারের দিকে না তাকিয়ে না করে সিরাজ যেটা করেন তার জন্য তাঁর জরিমানা হওয়া উচিত। প্যাডে লাগলেই সিরাজ মনে করেন, ব্যাটার আউট। আমি অবাক হয়ে যাচ্ছি, আইসিসি এর জন্য তাঁকে কোনও শাস্তি না দেওয়ায়। যখন আমি খেলতাম, তখন তো হামেশাই এমন শাস্তি দেওয়া হতো।
ক্লার্ক বলেন, ব্রেট লি-ও এমনটা করতেন। আইসিসি তাঁকে বলেছিল, আম্পায়ারের দিকে না তাকিয়ে এভাবে আগেভাগে সেলিব্রেট করলে কিন্তু জরিমানা হবে। যে কোনও সময়ই আউটের আবেদন করা যায়। কিন্তু সিরাজ আম্পায়ারকে পাত্তাই দেন না, সে জন্য শাস্তিও হয় না। এটাই বিস্ময়কর!












Click it and Unblock the Notifications