AUS vs IND: শুভমান গিলের আঙুলে ফ্র্যাকচার, পারথ টেস্টে অভিমন্যুর অভিষেক?
AUS vs IND: শুভমান গিলের হাতে ফ্র্য়াকচার ধরা পড়েছে। যার ফলে তিনি পারথ টেস্টে খেলতে পারবেন না। বিসিসিআই সূত্রকে উদ্ধৃত করে এমনটাই জানাচ্ছে সংবাদসংস্থা পিটিআই।
শুভমান পারথের ওয়াকায় ভারতের ম্যাচ সিমুলেশনে প্রথমে ব্যাট করে ২৮ রান করেন, পরে অপরাজিত ছিলেন ৪২ রানে। এরপর আজ চোট পান।

শুভমান স্লিপে দাঁড়িয়ে আজ ফিল্ডিং করছিলেন। তখনও বাঁ হাতে চোট লাগে। পরে জানা যায়, চোট লেগেছে বুড়ো আঙুলে। মাঠ ছাড়ার সময় শুভমানের চোখে-মুখে যন্ত্রণার ছাপ ছিল স্পষ্ট। এরপরই তাঁকে স্ক্যান করাতে নিয়ে যাওয়া হয়েছে।
স্ক্যান রিপোর্টে দেখা গিয়েছে, শুভমানের আঙুলে ফ্র্যাকচার ধরা পড়েছে। আজ ১৬ নভেম্বর। পারথের অপটাস স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে ২২ নভেম্বর থেকে। বিসিসিআই সূত্রে খবর, যা সময় আছে তাতে শুভমানের পক্ষে প্রথম টেস্টে নামা সম্ভব নয়।
আঙুলের এমন ফ্র্যাকচার সারতে ২ সপ্তাহ সময় লাগে বলে জানা গিয়েছে। এরপর সংশ্লিষ্ট প্লেয়ার নেট প্র্যাকটিসে নামতে পারেন। অ্যাডিলেডে দিন-রাতের দ্বিতীয় টেস্টটি শুরু হবে ৬ ডিসেম্বর থেকে। সেই টেস্টের আগে গিল ফিট হয়ে যাবেন বলে আশা করা হচ্ছে।
রোহিত শর্মা আজই বিসিসিআইকে জানিয়ে দিয়েছেন তিনি পারথ টেস্টে খেলবেন না। সদ্যোজাত সন্তান-সহ পরিবারের সঙ্গে কয়েকটা দিন কাটাতে চান। তবে দ্বিতীয় টেস্টে তিনি খেলবেন। এমনটাই প্রকাশিত হয়েছে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে।
জসপ্রীত বুমরাহই সেক্ষেত্রে পারথ টেস্টে নেতৃত্ব দেবেন। যশস্বী জয়সওয়ালের সঙ্গে কে ওপেন করবেন সেটাই এখন বড় প্রশ্ন। গতকাল ব্যাটিংয়ের সময় কনুইয়ে চোট লেগেছিল লোকেশ রাহুলের। চোটের জায়গায় বরফও দেওয়া হয়। আজ তিনি মাঠে নামেননি।
সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই রাহুলকে মাঠে নামানো হয়নি বলে মনে করা হচ্ছে। গিল পারথ টেস্ট থেকে ছিটকে গেলে ভারতীয় দলে ওপেনার হিসেবে অভিষেক হতে পারে অঊিমন্যু ঈশ্বরণের। যদিও তিনি ছন্দে নেই। ভারতের কাছে পড়ে নেই বেশি বিকল্পও।
রাহুল যদি যশস্বীর সঙ্গে ওপেন করেন সেক্ষেত্রে ধ্রুব জুরেলকেও তিনে খেলানো নিয়ে ভাবনাচিন্তা চালাচ্ছে টিম ম্যানেজমেন্ট। তবে ভারতীয় এ দলের সঙ্গে দেবদত্ত পাড়িক্কলকে রেখে দেওয়া হচ্ছে গিল চোট পাওয়ার পর। মহম্মদ শামি মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে ৭ উইকেট পেয়েছেন। তাঁর অস্ট্রেলিয়া যাওয়াও একরকম পাকা। তবে শামিকে পারথ টেস্টের জন্য ভাবা হচ্ছে না।












Click it and Unblock the Notifications