AUS vs IND: গাব্বাতে প্রথম ইনিংসে ব্যর্থতার ধারা অব্যাহত রোহিতের, স্মিথের দুরন্ত ক্যাচে শতরান হাতছাড়া রাহুলের
খারাপ সময় অব্যাহত রোহিত শর্মার। অ্যাডিলেডের পর গাব্বা। কঠিন সময়ে ব্যাট করতে নেমে ব্যাট হাতে রান পেলেন না ভারত অধিনায়ক। চতুর্থ দিনে ব্যক্তিগত ১০ রানে আউট হলেন ভারত অধিনায়ক। ফলে রোহিতকে নিয়ে শুরু হয়েছে সমালোচনা।
পারিবারিক কারণে পারথে প্রথম টেস্ট খেলতে পারেননি রোহিত শর্মা। জসপ্রীত বুমরাহের নেতৃত্বে জয় পেয়েছিল ভারত। এরপর অ্যাডিলেডে দলে ফিরে দলকে নেতৃত্ব দেন। কিন্ত ভারতীয় দল হেরে যায় পিঙ্ক বলের টেস্ট। সেই ম্যাচের দুই ইনিংসেই ব্যর্থ হন রোহিত। প্রত্যাশা ছিল রোহিত তৃতীয় ম্যাচে রানে ফিরবেন। কিন্ত প্রথম ইনিংসে ফের ফ্লপ রোহিত।

এরআগে অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টে দ্বিতীয় ইনিংসেও কামিন্সের বলে আউট হয়েছিলেন রোহিত। টেস্ট ক্রিকেটে দ্বিতীয় অস্ট্রেলিয়ান অধিনায়ক হিসেবে ভারত অধিনায়ককে আউট করলেন কামিন্স। এর আগে ১৯৬৮ সালে একবারই ভারত অধিনায়ককে আউট করেছিলেন কোনও অস্ট্রেলিয়ান অধিনায়ক।
অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টে ২৩ বলে ৩ রান এবং ২৬ বলে ৯ রান করেছিলেন, এবার তাঁর ব্যাট থেকে এল ১০ রান। বিগত কয়েকটি সিরিজেই হিটম্যানকে চেনা ছন্দে পাওয়া যাচ্ছে না। ওপেনিং থেকে মিডল অর্ডার যেখানেই নামছেন সঙ্গী হচ্ছে শুধুই ব্যর্থতা ব্যতিক্রম হল না ব্রিসবেনে। রোহিতের এই পারফরম্যান্সের পরই সোশ্যাল মিডিয়া নেটিজেনরা সমালোচনায় সবর হয়েছেন।
রোহিতের ব্যর্থতার দিনে একাই ভারতের ব্যাটিংয়ের মানরক্ষার চেষ্টা করলেন কেএল রাহুল। ১৩৯ বলে ৮৪ রানের ইনিংস খেললেন। লিয়ঁ-র বলে অসাধারণ একটি ক্যাচ ধরলেন স্মিথ। না হলে শতরানের দিকেই এগোচ্ছিলেন রাহুল। তঁার ইনিংসে ছিল ৮টি চার। ওপেন করতে নেমে শুরু থেকেই ধৈর্যশীল ইনিংস খেলতে থাকেন। মঙ্গলবার চতুর্থ দিনের সকালে প্রথমে অর্ধশতরান পূরণ করেন। এরপর শতরানের দিকে এগোতে থাকেন। কিন্ত লিয়ঁ-র বলে স্মিথ স্লিপে যে ক্যাচটা তালুবন্দি করলেন তা এক কথায় অনবদ্য। অথচ দিনের প্রথম বলেই রাহুলের ক্যাচ ফস্কেছিলেন।
লাঞ্চের বিরতি পর্যন্ত ভারতের স্কোর ৬ উইকেটে ১৬৭। ক্রিজে আছেন জাদেজা ৪১ রানে এবং নীতীশ রেড্ডি ৭ রানে।












Click it and Unblock the Notifications