AUS vs IND: রোহিত শর্মা পারথেই যোগ দিচ্ছেন ভারতীয় দলের সঙ্গে, আইপিএল নিলামের সময় থাকবেন কোথায়?
AUS vs IND: রোহিত শর্মা কাল থেকে শুরু হতে চলা ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টে খেলছেন না। তবে পারথেই যোগ দেবেন ভারতীয় দলের সঙ্গে।
পুত্রসন্তানের জন্মের পর পরিবারের সঙ্গে কয়েকটি দিন কাটাতে চেয়েছিলেন ভারত অধিনায়ক। তাঁর ইচ্ছায় সম্মতি দেয় বিসিসিআই। ফলে পারথে ভারতের নেতৃত্বে জসপ্রীত বুমরাহ।

সৌরভ গঙ্গোপাধ্যায়-সহ অনেকেরই বক্তব্য ছিল, তাঁরা হলে প্রথম টেস্টেই খেলতেন। সন্তানের জন্ম বা পরিজনের মৃত্যুসংবাদ পেয়েও দেশের হয়ে খেলাকেই অগ্রাধিকার দেওয়ার নজিরও ভারতীয় ক্রিকেটে রয়েছে। তবে রোহিতের সিদ্ধান্তকে সমর্থনও জানিয়েছেন অনেকে।
বিভিন্ন সংবাদমাধ্যমে জল্পনা চলছিল যে, পারথ টেস্টের আগেই ভারতীয় দলের সঙ্গে রোহিত যোগ দিতে পারেন বলে। কিন্তু তা হচ্ছে না। ক্রিকবাজের প্রতিবেদনে উল্লেখ, বিসিসিআইকে রোহিত জানিয়ে দিয়েছেন তিনি পারথে রবিবার দলের সঙ্গে যোগ দেবেন।
উল্লেখ্য, রোহিত শর্মাকে আইপিএলে রেখে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। রবি ও সোমবার সৌদি আরবের জেদ্দায় রয়েছে আইপিএল নিলাম। ফলে রোহিত আইপিএল নিলামের সময় অস্ট্রেলিয়াতেই থাকবেন। তিনি ভারতের হয়ে দ্বিতীয় টেস্ট যে খেলবেন তা নিয়েও আর সংশয় থাকল না।
জসপ্রীত বুমরাহ এদিনই জানিয়েছেন যে, অস্ট্রেলিয়ায় নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা নিয়ে রোহিতের সঙ্গে তাঁর আগে কথা হয়েছিল। তবে বিষয়টি স্পষ্ট হয়েছে অস্ট্রেলিয়ায় পৌঁছনোর পর। মহম্মদ শামিকেও যে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেখা যাবে, সেই ইঙ্গিতও এদিন দেন বুমরাহ।
মহম্মদ শামিকে রাখা হয়েছে সৈয়দ মুস্তাক আলি ট্রফির বাংলা দলে। ২৩ নভেম্বর রাজকোটে বাংলার অভিযান শুরু। এর আগে, রঞ্জি ট্রফির ম্যাচ খেলেছেন শামি, ৭ উইকেটও নিয়েছেন মধ্যপ্রদেশের বিরুদ্ধে। সৈয়দ মুস্তাক আলি ট্রফির কয়েকটি টি২০ ম্যাচে শামিকে দেখেই বর্ডার-গাভাসকর ট্রফির দলে নেওয়ার সবুজ সঙ্কেত দিতে পারে ন্যাশনাল ক্রিকেট আকাদেমি।












Click it and Unblock the Notifications