AUS vs IND: অ্যাডিলেডে যা করেননি সেটাই ব্রিসবেনে করলেন রোহিত, অস্ট্রেলিয়াকে ধোঁয়াশায় রেখে বড় প্ল্যান ভারতের
AUS vs IND: রোহিত শর্মা অ্যাডিলেড টেস্টে দুই ইনিংসেই ব্যর্থ। অস্ট্রেলিয়ায় পৌঁছনোর পর এখনও দুই অঙ্কের রান পাননি। আগের টেস্টে ব্যাট করেছিলেন ছয়ে।
ভারত অবশ্য ব্যাটিং অর্ডার নিয়ে এদিন বড় ধোঁয়াশা তৈরি করে রাখল। এমনিতে রদবদলের সম্ভাবনা নেই। যদিও রোহিতের অনুশীলনে মিলল বড় আভাস।

ভারত অধিনায়ক বেশ চাপেই রয়েছেন। পারথে জসপ্রীত বুমরাহর নেতৃত্বে ভারত জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল। অ্যাডিলেডে রোহিতের নেতৃত্বে হারতে হয়েছে। সিরিজ ১-১। ব্রিসবেনের গাব্বায় পরিসংখ্যান অস্ট্রেলিয়াকেই এগিয়ে রাখছে।
রোহিতের ক্যাপ্টেন্সিতে নানা সিদ্ধান্ত নিয়ে যেমন প্রশ্ন রয়েছে, তেমনই চিন্তায় রাখছে তাঁর ফর্ম। ক্রিকেট বিশেষজ্ঞরা দ্বিধাবিভক্ত রোহিতের ব্যাটিং অর্ডার নিয়ে। কেউ বলছেন, রোহিত মিডল অর্ডারেই থাকুন। কারও কথায়, রোহিত ফিরুন ওপেনিংয়ে।
রোহিত যদি ওপেন করেন তাহলে লোকেশ রাহুলকে তিনে রেখে, শুভমান গিলকে পাঁচ বা ছয়ে নামিয়ে দেওয়া ছাড়া গতি নেই। তবে আজও প্রথমে ব্যাটিং অনুশীলন শুরু করেন যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল। তাতে মনে করা হচ্ছিল, ভারত ব্যাটিং অর্ডার অপরিবর্তিতই রাখবে।
কিন্তু অ্যাডিলেডে রোহিত যেটা করেননি, আজ ব্রিসবেনে তা করতেই ফের ধোঁয়াশা তৈরি হলো তাঁর ব্যাটিং অর্ডার নিয়ে। আজ রোহিত ফিল্ডিং অনুশীলন সেরে দেরিতেই নামেন ব্যাটিং করতে। স্পিনারদের পাশাপাশি সামলালেন পেসারদের। দীর্ঘক্ষণ সামলালেন থ্রোডাউন।
অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টের আগে রোহিত ভারতের প্রথম একাদশের পেসারদের নতুন বলে আক্রমণ সামলাননি নেটে। এদিন সেটাই করলেন। জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ ও আকাশ দীপের বোলিং সামলালেন। সিরাজকে দিলেন টিপস। জোর দিচ্ছিলেন পিচের বাউন্স বুঝে ছাড়ায় এবং অফ স্টাম্পের বাইরের বল তাড়া না করায়। ফুটওয়ার্কের উন্নতি ঘটানোর চেষ্টাও দেখা গিয়েছে।
সিরাজের রিলিজ পয়েন্ট নিয়েই কিছুক্ষণ পরামর্শ দেন রোহিত। ব্রিসবেনের পিচে গতি ও বাউন্স থাকবে। তাতেই কার্যকরী ভূমিকা নিতে কী করণীয় তা ভিডিও অ্যানালিস্ট হরি ও মর্নি মরকেল বুঝিয়ে দিলেন সিরাজকে। এমনকী এদিনের অনুশীলনে আভাস মিলেছে ভারত তৃতীয় টেস্টে খেলাতে পারে আকাশ দীপকে। জসপ্রীত বুমরাহকেও দেখা দিয়েছে মেন্টরের ভূমিকা পালনে। তিনি কিছু পরামর্শ দিলেন নীতীশ কুমার রেড্ডিকে।












Click it and Unblock the Notifications