AUS vs IND: রোহিত কি শেষ টেস্ট খেললেন মেলবোর্নেই? সিডনিতে সরে দাঁড়াচ্ছেন? চর্চায় তোলপাড়
AUS vs IND: রোহিত শর্মা কি মেলবোর্নেই শেষ টেস্ট খেলে ফেললেন? নাকি সিডনি টেস্ট খেলেই অবসর নেবেন? চলছে তুমুল চর্চা।
এমন জল্পনাও রয়েছে যে, ভারতীয় দলের স্বার্থেই বড় সিদ্ধান্ত নিতে পারেন হিটম্যান। তাহলে আর ইংরেজির নতুন বছরে, ২০২৫ সালে রোহিতকে টেস্ট খেলতেও দেখা যাবে না।

বর্ডার-গাভাসকর ট্রফি হাতছাড়া হওয়া এড়াতে, সিরিজে সমতা ফেরাতে, আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার ক্ষীণ আশা জিইয়ে রাখতে ভারতকে সিডনি টেস্টেই জিততেই হবে। সে কারণেই সেরা একাদশ নামানোটা খুব জরুরি।
রোহিত শর্মা চলতি সিরিজে পাঁচ ইনিংসে মাত্র ৩১ রান করেছেন। অস্ট্রেলিয়ায় এবার মাত্র একবারই ১০ রান করেছেন, বাকি চার ইনিংসে ২ অঙ্কের রান পাননি। শেষ ১৪টি ইনিংসে রোহিতের মোট রান ১৫৫। সেখানে ২০২৪ সালে টেস্টে ৮৬৬ করা শুভমান গিলকে বাইরে থাকতে হচ্ছে।
রোহিত শর্মা প্রথম একাদশে থাকার যোগ্য কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে। ভারত সিডনিতে শুভমান গিলকে দলে ফেরাতে পারে। তবে প্রশ্ন হলো, কার জায়গায়? সিডনিতে স্পিনাররা পিচ থেকে ফায়দা তুলতে পারেন। রবীন্দ্র জাদেজা থাকছেন।
দ্বিতীয় স্পিনার হিসেবে এগিয়ে ওয়াশিংটন সুন্দর, যিনি নীতীশ কুমার রেড্ডির সঙ্গে গুরুত্বপূর্ণ সময়ে শতাধিক রানের পার্টনারশিপ গড়েছেন। বল বিশেষ করার সুযোগ পাননি। ব্যাটার বাড়াতে যশস্বী জয়সওয়ালকে দিয়ে ভারত লেগ ব্রেক করিয়ে সুন্দরকে বাইরে রাখতে পারে।
আরেকটি বিকল্প হলো মহম্মদ সিরাজ ও আকাশ দীপের মধ্যে একজনকে বাইরে রাখা। কম্বিনেশনের স্বার্থে। আকাশ দীপকে দিয়ে মেলবোর্নে ভারত দ্বিতীয় ইনিংসে নতুন বলে জসপ্রীত বুমরাহর পার্টনার হিসেবে শুরু করেছিল। আকাশ বারবার অস্বস্তিতে ফেলেন অজি ব্যাটারদের।
সিরাজও দ্বিতীয় ইনিংসে ছন্দে ফিরেছেন। এই পরিস্থিতিতে যে সিদ্ধান্ত নেওয়া হোক না কেন, তা কঠিনই হবে। তবে গিলের সিডনিতে খেলার সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে রোহিত শর্মা নিজেই সরে দাঁড়িয়ে দৃষ্টান্ত তৈরি করতে পারেন।
পারথে জসপ্রীত বুমরাহর নেতৃত্বে ভারত প্রথম টেস্ট জিতেছিল। রোহিত সরে দাঁড়ালে বুমরাহই নেতৃত্ব দেবেন সিডনিতে। যদিও বিষয়টি রয়েছে জল্পনার স্তরেই। সিডনি টেস্টের পর ভারত আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে না উঠলে রোহিত টেস্ট থেকে অবসর নেবেন বলেও দাবি বিভিন্ন সংবাদমাধ্যমের। ফলে ২০২৫ শুরু হচ্ছে রোহিতের টেস্ট ভবিষ্যৎ নিয়ে জল্পনা সঙ্গী করেই।












Click it and Unblock the Notifications