AUS vs IND: রোহিত শেষ টেস্ট খেলবেন সিডনিতেই? দ্রুত নিতে পারেন সিদ্ধান্ত
AUS vs IND: রোহিত শর্মা চলতি বছর টি২০ আন্তর্জাতিককে বিদায় জানিয়েছেন। সংবাদসংস্থার প্রতিবেদনে দাবি, সিডনিতেই শেষ টেস্ট খেলতে পারেন রোহিত।
মেলবোর্ন টেস্টে দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার চেয়ে প্রথম ইনিংসে ৩১০ রানে পিছিয়ে ভারত। হাতে ৫ উইকেট। ফলে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড় থেকে ছিটকে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে।

অস্ট্রেলিয়ার ৪৭৪ রানের জবাবে ভারত এখনও অবধি ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান তুলেছে। রোহিত শর্মা ওপেন করতে নেমে দ্বিতীয় ওভারের শেষ বলে আউট হয়েছেন। ৫ বলে মাত্র ৩ রান করে। যে ভঙ্গিমায় আউট হয়েছেন তাতে সোশ্যাল মিডিয়ায় উঠেছে অবসরের দাবি।
বিশেষজ্ঞরাও মনে করছেন রোহিতের হাতে টেস্ট কেরিয়ার বাঁচানোর সময় বিশেষ নেই। জানা যাচ্ছে, ভারত আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে না পারলে রোহিতের অধিনায়কত্ব তো যাবেই, টেস্ট দলেও তাঁকে রাখা যে হবে না সেই বার্তা দিয়ে দেবেন নির্বাচক প্রধান অজিত আগরকর।
তাতেই জল্পনা, তাহলে কি সিডনিতেই শেষ টেস্ট খেলবেন রোহিত? সম্ভাবনা ভালোই। পারথে রোহিত খেলেননি। অ্যাডিলেড ও ব্রিসবেন টেস্টে খেলেন মিডল অর্ডারে। সুবিধা করতে পারেননি। লোকেশ রাহুলকে তিনে ঠেলে যশস্বী জয়সওয়ালের সঙ্গে রোহিত ওপেন করেন। শুভমান গিলকে বাদ পড়তে হয়েছে। তবুও রোহিত ফর্মে ফিরতে পারলেন না।
সুনীল গাভাসকর স্টার স্পোর্টসে বলেন, রোহিত ফ্রন্ট ফুটে এমন হাফ পুল শট খেলেন। আমার ধারণা, শটটি নেওয়ার আগে রোহিত দ্বিধায় ছিলেন। পুল মারবেন, নাকি মারবেন না, এই দোনামনাতেই ক্যাচ প্র্যাকটিস দিয়ে বসলেন। ৩৬-৩৭ বছর বয়সে খেলায় দীর্ঘ বিরতি নিয়ে খেললে এমনটা অস্বাভাবিক নয়।
গাভাসকরের কথায়, বয়সের প্রভাব পড়ে ফুটওয়ার্কেও। তা প্রত্যাশিত হয় না। ফলে মন চাইলেও শরীর সায় দেয় না। ধারাবাহিকভাবে খেললে ৩৭ বছরে অসুবিধা হওয়ার কথা নয়। ব্যাট স্পিড-সহ নানা বিষয়ে সচেতন থাকা যায়। কিন্তু ব্রেক নিলেই খুব খুব সতর্ক ও মনোযোগী থাকতে হয়।
চলতি মরশুমে রোহিতের টেস্টে ব্যাটিং গড় আরও কমে হলো ১১.০৭। ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, কোনও মরশুমে প্রথম ছয়ে নেমে অন্তত ১০টি ইনিংস খেলা ভারতীয় ব্যাটারদের তালিকায় যা দ্বিতীয় সর্বনিম্ন। ১৯৪৭-৪৮ মরশুমে চাঁদু সারওয়াতের ব্যাটিং গড় ছিল ১০। রোহিত আপাতত তাঁর পরেই। সবমিলিয়ে সিডনিতেই রোহিতের বিদায়ী টেস্ট খেলার সম্ভাবনা প্রবল।












Click it and Unblock the Notifications