AUS vs IND: সিডনিতে ভারতের অনুশীলনে রোহিতের বাদ পড়ার ইঙ্গিত, বুমরাহর নেতৃত্বে ফিরছেন শুভমান?
AUS vs IND: কাল থেকে শুরু সিডনি টেস্ট। তার আগে রোহিত শর্মাকে নিয়ে তুঙ্গে জল্পনা। ম্যাচের আগের দিনের অনুশীলনে কিন্তু রোহিতের বাদ পড়ারই ইঙ্গিত।
আজ প্রি-ম্যাচ প্রেস কনফারেন্সে অধিনায়ক রোহিত শর্মা আসেননি। হেড কোচ গৌতম গম্ভীর স্পষ্ট করে দিলেন, সিনিয়র বা জুনিয়র ফ্যাক্টর নয়। ড্রেসিংরুমে থাকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পারফরম্যান্স। ভারতীয় দলে পালাবদলও শুরু হয়ে গিয়েছে।

রোহিত শর্মা পারথ টেস্টে খেলেননি। বাকি টেস্টগুলিতেও চূড়ান্ত ব্যর্থ। হতশ্রী ব্যাটিং গড়। মেলবোর্ন টেস্টে শুভমান গিলকে বাদ পড়তে হয়েছিল। আজ ভারতের অনুশীলনে শুভমানকে খেলানোর ইঙ্গিত মিলেছে।
শুভমানের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে হেড কোচ গৌতম গম্ভীর ও সহ অধিনায়ক জসপ্রীত বুমরাহকে। দুজনেই গিলের পিঠ চাপড়ে দেন। এতে কাল প্রথম একাদশে গিলকে রাখার ইঙ্গিত স্পষ্ট। রোহিতকে নিয়ে ধোঁয়াশা বেড়েছে যতই এগিয়েছে ভারতীয় দলের অনুশীলন।
স্লিপের ফিল্ডিং অনুশীলনে এদিন ছিলেন না রোহিত। বিরাট কোহলি, লোকেশ রাহুল, শুভমান গিল, যশস্বী জয়সওয়াল ও নীতীশ কুমার রেড্ডিকে দেখা গিয়েছে স্লিপ ক্যাচ প্র্যাকটিস করতে। উইকেটকিপিং গ্লাভস পরে স্বাভাবিকভাবেই অনুশীলন করেছেন ঋষভ পন্থ। ফলে ধ্রুব জুরেলের অপেক্ষা আরও বাড়তে চলেছে বলেই আভাস।
রোহিত এদিন দীর্ঘক্ষণ আলোচনা সেরেছেন হেড কোচ গৌতম গম্ভীর, সহ অধিনায়ক জসপ্রীত বুমরাবহ ও নির্বাচক প্রধান অজিত আগরকরের সঙ্গে। রোহিত কাল খেলবেন কিনা তা স্পষ্ট করেননি গম্ভীর। তিনি জানান, কাল পিচ দেখে একাদশ চূড়ান্ত করবেন।
রোহিত অবশ্য প্যাড পরে ব্যাটিং অনুশীলন করতে নেমেছিলেন। তবে বেশিক্ষণ করেননি। বেশিরভাগটাই থ্রোডাউন সামলালেন। এ সব যদি রোহিতের বাদ পড়ার ইঙ্গিত হয়, তাহলে জসপ্রীত বুমরাই কাল টস করতে যাবেন। পারথে বুমরাহই নেতৃত্ব দেন, ভারত জেতে। কিন্তু তারপর তিনটি টেস্টে রোহিত নেতৃত্ব দেন, যার দুটিতে ভারত হারে, একটি ড্র হয়েছে।
ওয়াশিংটন সুন্দরকে খেলাতে গিয়ে ভারত মেলবোর্নে বাদ দিয়েছিল শুভমান গিলকে। তিনি খেললে এবং রোহিত বাদ পড়লে গিল তিনেই নামবেন, ওপেনিংয়ে ফিরবেন রাহুল। আজ গিল কোহলি ও রাহুলের সঙ্গে ব্যাট করেছেন। নেটের পিছনে দাঁড়িয়েছিলেন গিলের বাবাও। ছেলের ব্যাটিংয়ের খুঁটিনাটি তিনিও খেয়াল করেছেন।












Click it and Unblock the Notifications