AUS vs IND: অস্ট্রেলিয়ায় টেস্টে ঈর্ষণীয় রেকর্ড ছিনিয়ে নিলেন পন্থ, পারথে ভারতের উল্লেখযোগ্য পরিসংখ্যানে নজর
AUS vs IND: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতকে ম্যাচে ফেরালেন বোলাররা। পারথের অপটাস স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ভারত তোলে ১৫০।
জবাবে দিনের শেষে অস্ট্রেলিয়া ৭ উইকেটে ৬৭। ভারতের ব্যাটিংয়ের সময় ঈর্ষণীয় রেকর্ড নিজের দখলে নিলেন ঋষভ পন্থ।

অস্ট্রেলিয়ার মাটিতে সফররত দেশগুলির উইকেটকিপারদের মধ্যে সর্বাধিক রান করার রেকর্ড ছিল ইংল্যান্ডের অ্যালান নটের। ১৯৭০ থেকে ১৯৭৭ সাল অবধি অস্ট্রেলিয়ায় তিনি ১৩ টেস্টের ২২ ইনিংসে ১টি শতরান ও চারটি অর্ধশতরানের সৌজন্যে করেন ৬৪৩।
আজ পাঁচে নেমে পন্থ দলের দ্বিতীয় সর্বাধিক রান করলেন। তাঁর ৭৮ বলের ৩৭ রানের ইনিংসে রয়েছে তিনটি চার ও ১টি ছয়। এর ফলে অস্ট্রেলিয়ায় ৮টি টেস্টে ১৩ ইনিংসে ব্যাট করে পন্থের রান দাঁড়াল ৬৬১। ১টি শতরান ও ২টি হাফ সেঞ্চুরি। ফলে নটের রেকর্ড ছিনিয়ে নিলেন পন্থ।
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে প্রথম ইনিংসে এই নিয়ে দ্বিতীয়বার ১৫০ রানে গুটিয়ে গেল ভারত, ২০০০ সালে সিডনি টেস্টেও আজকের মতো টস জিতে ব্যাট করতে নেমে ভারত থেমেছিল দেড়শো রানে। ১৯৪৭ সালে ব্রিসবেনে ভারত প্রথম ইনিংসে করেছিল ৫৮, সেবার অবশ্য প্রথমে ব্যাট করেনি, এটি ছিল ম্যাচের দ্বিতীয় ইনিংস।
অস্ট্রেলিয়ায় টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে এই নিয়ে চারবার কোনও দল ২০০-র কমে আউট হলো। ইংল্যান্ড (১৯৫৮ সালে ১৩৪) ও শ্রীলঙ্কা (২০২১ সালে ১৪৭ ও ২০১৯ সালে দিন-রাতের টেস্টে ১৪৪)-এর পরেই রইল ভারতের দেড়শো।
ক্যালেন্ডার ইয়ারে টেস্টে ১৬০ রানের কমে ভারত ৬ বার অল-আউট হয়েছিল ১৯৫২ ও ১৯৫৯ সালে। ২০১৮ সালে পাঁচবার। চলতি বছরেও টেস্টে এদিন নিয়ে ৫ বার ভারত ১৬০-এ পৌঁছতে ব্যর্থ।
এদিন দেবদত্ত পাড়িক্কল করেন শূন্য। চলতি বছর টেস্টে ভারতের ১৮ জন ব্যাটার টেস্টে শূন্য রানে আউট হলেন। যা রেকর্ড। ১৯৮৩ ও ২০০৮ সালে ভারতের ১৭ জন ব্যাটার ক্যালেন্ডার ইয়ারে শূন্য রানে সাজঘরে ফেরেন।
আট বা তার নীচে নেমে ইনিংসে সর্বাধিক করার নিরিখে নীতীশ কুমার রেড্ডিও নজির স্পর্শ করলেন। বিগত ৭০ বছরে এই কীর্তি আছে স্টুয়ার্ট বিনি (২০১৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে) এবং বলবিন্দর সান্ধু (১৯৮৩ সালে পাকিস্তানের বিরুদ্ধে)।
ভারতের ২৬তম ব্যাটার হিসেবে টেস্টে তিন হাজার রান পূর্ণ করলেন লোকেশ রাহুল। তবে গড়ের নিরিখে তিনি তৃতীয় সর্বনিম্ন। রাহুলের গড় ৩৩.৭৮। তিন হাজার রান করা ব্যাটারদের তালিকায় রবিচন্দ্রন অশ্বিন (২৫.৯২) ও কপিল দেব (৩১.০৫)-এর পর রইলেন তিনি।
প্যাট কামিন্স এই প্রথম পেলেন ঋষভ পন্থের উইকেট। মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, প্যাট কামিন্স ও নাথান লিয়ঁ একসঙ্গে এই নিয়ে ৩১তম টেস্ট খেলছেন। তাঁদের সম্মিলিত উইকেটসংখ্যা পৌঁছে গেল ৫০৫-এ। কামিন্সের হলো ১৩২, হ্যাজলউডের ১২৬, স্টার্কের ১২৫, লিয়ঁর ১২২ (একসঙ্গে একই টেস্ট খেলার নিরিখে)।












Click it and Unblock the Notifications