AUS vs IND: পারথ টেস্টে প্রথম ইনিংসে কেন ব্যর্থ ভারত? ইতিবাচক বার্তা পন্থ ও নীতীশের
AUS vs IND: পারথ টেস্টে ভারতের প্রথম ইনিংস গুটিয়ে গেল মাত্র ১৫০ রানেই। ৪৯.৪ওভারে। দুই সেশনেই শেষ জসপ্রীত বুমরাহর দল।
সুনীল গাভাসকর মনে করছেন, ২২৫-২৫০ তুললে ভালো হতো। ভারতকে ভালো বোলিং করতে হবে। খেয়াল রাখতে হবে অস্ট্রেলিয়ার লিড যেন বেশি না হয়।

দেশের মাটিতে নিউজিল্যান্ড সিরিজে ভারতের তিনটি টেস্টে দলগত স্কোর ছিল যথাক্রমে ৪৬, ৪৬২, ১৫৬, ২৪৫, ২৬৩ ও ১২১। হেড কোচ গৌতম গম্ভীর যে দলের ব্যাটিংয়ের রোগ সারাতে পারেননি আজকের পারফরম্যান্সে সেটাই স্পষ্ট। অনভিজ্ঞ ব্যাটিং লাইন আপ দেখে চলছে অজিঙ্ক রাহানে, চেতেশ্বর পূজারাদের জন্য আক্ষেপ।
পারথে মাঝেমধ্যেই বৃষ্টি হয়েছে। উইকেটে সবুজ ঘাস। তারপরেও টস জিতে ব্যাটিং নেওয়া যে অতিরিক্ত সাহসী সিদ্ধান্ত, তা বলার অপেক্ষা রাখে না। যেখানে নীতীশ কুমার রেড্ডির টেস্ট অভিষেক হচ্ছে। শেষ মুহূর্তে দলে আসা দেবদত্ত পাড়িক্কলের একটি ও ধ্রুব জুরেলের মাত্র তিনটি টেস্ট খেলার অভিজ্ঞতা।
লোকেশ রাহুলের কট বিহাইন্ড নিয়ে বিতর্ক রয়েছে। যে অ্যাঙ্গেলগুলি থেকে রিপ্লে দেখানো হয়েছে তাতে পুরোপুরি নিশ্চিত হওয়া যাচ্ছে না। কেউ তৃতীয় আম্পায়ারকে সমর্থন করছেন, কেউ বিরোধিতা। তবে ডিআরএসের সেই সিদ্ধান্তকে আলোচনার বাইরে রাখলে এটাও মানতেই হবে, রাহুল একাই কাঁপিয়ে বড় রান তুলে দিতেন বিষয়টি তা নয়।
ভারত প্রথম টেস্ট খেলতে নামার আগে প্রস্তুতি ম্যাচ খেলেনি। অনেক চাপানউতোরের পর ভারতীয় এ দলের বিরুদ্ধে ম্যাচ সিমুলেশন বা নেট প্র্যাকটিস যে যথেষ্ট নয়, তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।
অস্ট্রেলিয়া লাঞ্চের আগে চারটি এবং দ্বিতীয় সেশনে ৬টি উইকেট তুলে নিল। জশ হ্যাজলউডের একস্ট্রা বাউন্সে অস্বস্তিতে পড়ে বিরাটের ১২ বলে ৫ রান করে ফেরা বড় ধাক্কা। ওপেনার যশস্বী জয়সওয়াল ৮ বলে ও তিনে নামা দেবদত্ত পাড়িক্কল ২৩ বলে ০ রানে ফিরলেন।
ধ্রুব জুরেল ১১-র বেশি করতে পারেননি। ওয়াশিংটন সুন্দরের জায়গায় রবিচন্দ্রন অশ্বিনকে খেলানো উচিত ছিল বলে মন্তব্য অনেকের। তবে ভারতীয় দল তো আবার বাইরের কথায় কান দেয় না। সুন্দর করলেন ১৫ বলে ৪। ভারত আর অস্ট্রেলিয়ায় ব্যাটিংয়ের তফাতটাও নিশ্চিতভাবে অনুভব করছেন।
নীতীশ কুমার রেড্ডি ৫৯ বলে ৪১ এবং ঋষভ পন্থ ৭৮ বলে ৩৭ করলেন। এই দুজনের ব্যাটিংই ভারতের একমাত্র ইতিবাচক দিক। নীতীশ দলের মধ্যে সর্বাধিক রান করলেন অভিষেক টেস্টে। পাঁচে নামা পন্থ যে শট নিতে গিয়ে আউট হলেন তাতে তিনিও হতাশ।
বিরাট যেখানে ব্যর্থ, সেখানে পন্থের ব্যাটিং আশার সঞ্চার করছে। বিশেষ করে যেভাবে তিনি ছক্কা হাঁকালেন। গাভাসকরের কথায়, এটিকে অনেকে ইনক্রেডিবল বলতে পারেন, আমি বলব এমন শট ঋষভের পক্ষেই মারা সম্ভব।
ম্যাথু হেডেনের মতে, এই পিচে ব্যাটিং করা সহজ নয়। অস্ট্রেলিয়ার বোলাররা পরিকল্পনামাফিক প্রশংসনীয় বোলিং করেছেন। অস্ট্রেলিয়ারও নিশ্চিতভাবেই পরিকল্পনা ছিল প্রথমে বোলিং করার।
বেঙ্গালুরুতে টস জিতেই হেরেছিল ভারত। রোহিত শর্মা বলেছিলেন, উইকেটের চরিত্র বুঝতে ভুল হয়েছিল। পারথে ভারত পরাস্ত হলে বুমরাহকেও সে কথা না বলতে হয়! এর পাশাপাশি অজিদের ফিল্ডিংও ছিল যথারীতি ভালো, ভারত সহজে রান পায়নি।












Click it and Unblock the Notifications