AUS vs IND: ৪ সফরে অস্ট্রেলিয়ায় ১০ টেস্ট চার শহরে! পারথে এবারই প্রথম লাল বলের দ্বৈরথে অশ্বিন
AUS vs IND: পারথে এবারই প্রথম টেস্ট খেলতে নামছেন রবিচন্দ্রন অশ্বিন। ক্রিকবাজের প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে। অলরাউন্ডার হিসেবে অভিষেক হবে নীতীশ কুমার রেড্ডিরও।
এর আগে চারবার অস্ট্রেলিয়া সফরে গিয়েছেন অশ্বিন। অস্ট্রেলিয়ার চার শহরে টেস্ট খেললেও পারথের দলে আগে সুযোগ পাননি। না ওয়াকায়, না অপটাস স্টেডিয়ামে।

চারবারই পারথ টেস্টে ভারত চার পেসারে খেলেছে। ফলে প্রথম একাদশে সুযোগ হয়নি অশ্বিনের। পারথে নাথান লিয়ঁর যে অস্ট্রেলিয়ার হয়ে ধারাবাহিকভাবে সাফল্য পেয়েছেন, সম্ভবত সেই বিষয়টি মাথায় রেখেই এবার ভারত রণকৌশল বদলাচ্ছে।
অপটাস স্টেডিয়ামে ভারত এক স্পিনারেই নামবে। তিন বিশেষজ্ঞ পেসার থাকছেন। সেই সঙ্গে অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি, যিনি সিম বোলিং করেন। ফলে ভারতীয় দল চার পেসার নিয়েও নামতে পারছে।
বিদেশের মাটিতে বিগত তিন-চার বছর ধরে এক স্পিনারে নামতে হলে রবীন্দ্র জাদেজাকেই খেলানো হতো। এবার সেই ধারাতেও বদল আসতে চলেছে। অশ্বিন অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলেছেন অ্যাডিলেড, সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে।
২০১১ সালে মেলবোর্ন টেস্টে দুই ইনিংস মিলিয়ে চার উইকেট পেয়েছিলেন। ২০১২ সালে অ্যাডিলেড টেস্টে ২ ইনিংস মিলিয়ে তুলে নেন ৫ উইকেট। ২০১৪ সালে ব্রিসবেন টেস্টে ২ উইকেট নেন। ২০১৪ সালেই মেলবোর্ন টেস্টে ৫টি উইকেট পেয়েছিলেন ২ ইনিংসে।
২০১৫ সালে সিডনি টেস্টে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট-সহ অশ্বিন পান ৫ উইকেট। ২০১৮ সালে অ্যাডিলেড টেস্টের ২ ইনিংসেই তিনটি করে উইকেট নিয়েছিলেন। ২০২০ সালে অ্যাডিলেড টেস্টে প্রথম ইনিংসে চারটি ও দ্বিতীয় ইনিংসে ১ উইকেট নেন।
সেবার মেলবোর্ন টেস্টে অশ্বিন ২ ইনিংস মিলিয়ে ৫টি এবং ২০২১ সালে সিডনি টেস্টে শুধু দ্বিতীয় ইনিংসে ২ উইকেট পেয়েছিলেন ভারতের সেরা অফ-স্পিনার। সবমিলিয়ে অস্ট্রেলিয়ায় ১০টি টেস্টে ১৮ ইনিংসে অশ্বিনের উইকেট সংখ্য়া ৩৯, সেরা বোলিং ৫৫ রানের বিনিময়ে ইনিংসে চার উইকেট।
২০১৮ সালের অ্যাডিলেড টেস্টের পর অশ্বিন উপমহাদেশ ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বাইরে ১০টি টেস্ট খেলেছেন। হয় জাদেজার সঙ্গে জুটিতে। নয়তো জাদেজা চোট বা অন্য কারণে খেলতে না পারায়। বুধবার অশ্বিনের সাংবাদিক বৈঠক করার কথা ছিল।
যদিও অশ্বিন সাংবাদিকদের মুখোমুখি হননি। অপটাস স্টেডিয়ামে নেটে দীর্ঘক্ষণ বল করেন। কথা বলেন কিউরেটর আইসাক ম্যাকডোনাল্ডের সঙ্গে। পরে ব্যাটিংও করেন। আজও মাঠ ছাড়লেন সকলের শেষে। হোটেলে ফেরার আগে মেপে নিলেন পিচের চরিত্র। সঙ্গে ছিলেন টিম অ্যানালিস্ট হরি।
আগেবার অপটাস স্টেডিয়ামে ভারত টেস্ট খেলেছিল চার পেসারে। উমেশ যাদব ছন্দে না থাকায় ভারত বাধ্য হয়েছিল হনুমা বিহারীকে দিয়ে অফ-স্পিন করাতে। অশ্বিন কাল দলে থাকলে ব্যাটিং অর্ডারে সাতে নামতে পারেন। যদি না নীতীশ কুমার রেড্ডিকে ওই পজিশনে পাঠানো হয়। বুমরাহ কীভাবে অশ্বিনকে ব্যবহার করেন সেটাও দেখার।












Click it and Unblock the Notifications