Rohit Sharma: রোহিত বিদায়ী টেস্ট পাচ্ছেন না? অবসরে অবাক হবেন না শাস্ত্রী, বিরাট পেতে পারেন গুরুদায়িত্ব
Rohit Sharma: রোহিত শর্মা কি মেলবোর্নেই কেরিয়ারের শেষ টেস্টটি খেলে ফেলেছেন? আজ সিডনিতে তেমনই আভাস মিলেছে ভারতীয় দলের অনুশীলন থেকে।
পারফরম্যান্সই একাদশে থাকার শেষ কথা বলে মন্তব্য করেছেন হেড কোচ গৌতম গম্ভীর। কাল যে রোহিতই টস করতে যাবেন সে কথাও জোর গলায় বলেননি গম্ভীর।

মেলবোর্ন টেস্টে রোহিতের হার, ভারতের ব্যর্থতার পর থেকেই জল্পনা জোরালো হয়েছে, সিডনি টেস্টের পরেই ভারত অধিনায়ক টেস্ট ক্রিকেটকে পাকাপাকিভাবে গুডবাই জানাবেন। তবে প্রশ্ন হলো, সিডনি টেস্টেও কি রোহিত দলে থাকবেন?
টেস্ট শুরুর আগের দিন রোহিতকে চেনা মেজাজে পাওয়া যায়নি। ব্যাটিং প্র্যাকটিস জোরকদমে করেননি। অনুশীলনে সতীর্থদের সঙ্গে কিংবা হেড কোচ গম্ভীর বা নির্বাচক প্রধান অজিত আগরকরের সঙ্গে বেশি কথা বলতে দেখা গিয়েছে জসপ্রীত বুমরাহকে।
বুমরাহ প্র্যাকটিস সেশনে খুবই অ্যাক্টিভ ছিলেন। রোহিতকে স্লিপ কর্ডনেও প্র্যাকটিস করতে দেখা যায়নি। সাংবাদিক বৈঠকে আসেননি। রোহিত, বিরাট, যশস্বীরা যখন ওয়ার্ম-আপে ব্যস্ত তখন বুমরাহ-গম্ভীরকে কথা বলতে দেখা গিয়েছে। শুভমান গিলকে খেলানোর ইঙ্গিতও মিলেছে আজকের অনুশীলন থেকে।
আকাশ দীপ ছিটকে গিয়েছেন। তাঁর জায়গায় খেলার সম্ভাবনা রয়েছে প্রসিদ্ধ কৃষ্ণর। রোহিত একাদশে না থাকলে শুভমান গিল চলে আসবেন। তিনে খেলবেন তিনি। ওপেনিংয়ে ফিরবেন যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল। নেতৃ্বে জসপ্রীত বুমরাহ।
রোহিত শর্মা এখন টেস্ট থেকে অবসর ঘোষণা করে দিলে অবাক হবেন না রবি শাস্ত্রী। আইসিসি রিভিউয়ে তিনি বলেন, রোহিত নিজের কেরিয়ার নিয়ে সিদ্ধান্ত নেবেন। তাঁর বয়স বাড়ছে, কমছে না। ফলে অবসর ঘোষণা করলে আমি বিস্মিত হব না।
শাস্ত্রী বলেন, তরুণ ক্রিকেটাররা আছেন। ২০২৪ সালে টেস্টে ৪০-এর বেশি গড় থাকা সত্ত্বেও শুভমান গিল খেলতে পারছেন না। ফলে বেঞ্চে বসে তাঁর কী লাভটা হচ্ছে সেটাও ভাবনার বিষয়। ফলে আমি রোহিতের অবসরে মোটেই অবাক হব না। তবে রোহিত খেললে তাঁর খোলা মনে স্বাধীনভাবেই খেলার পরামর্শ দিতে বলে জানান শাস্ত্রী।
রোহিত তাঁর সেরা সময়ের ধারেকাছে নেই। শাস্ত্রী বলেন, আমি রোহিতের কাছে থাকলে গিয়ে বলতাম গিয়ে চালিয়ে খেলো। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যেভাবে রোহিতকে খেলতে দেখছি তা ভালো লাগছে না। ফলে মাঠে নেমে প্রতিপক্ষকে চাপে ফেলার মতো খেলার পরামর্শই দিচ্ছেন প্রাক্তন ভারত অধিনায়ক।
ভারত আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠুক বা না-ই উঠুক, রোহিতের এখনই সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত সময় বলে মনে করেন রবি। শাস্ত্রীর কথায়, রোহিত যখন সেরা ছন্দে তখনও ফুটওয়ার্ক পারফেক্ট ছিল না। তবে বলের কাছে যেতেন। কিন্তু এখন সেটা হচ্ছে না। পায়ের নড়াচড়াও রোহিতকে সমস্যায় ফেলছে। রোহিত খেললে তাঁর চালিয়ে খেলার পক্ষেই সওয়াল করেছেন শাস্ত্রী।
রোহিত সরলে জসপ্রীত বুমরাহই টেস্টে অধিনায়কত্ব করার দাবিদার। কিন্তু একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ, তরুণ ক্রিকেটাররা এখনও টেস্টে অধিনায়কত্ব করার উপযুক্ত হয়ে ওঠেননি বলে অনেকের অভিমত। ফলে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ প্রথমবার জেতা বিরাট কোহলির হাতেই ফের নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়ার ভাবনাচিন্তা চলছে। টিম হা়ডল থেকে শুরু করে মাঠে সতীর্থদের চাঙ্গা রাখতে কোহলি যে আগ্রাসী ভাব দেখান, সে কারণেই তাঁকে ফের টেস্ট অধিনায়ক করার দাবিও উঠছে।












Click it and Unblock the Notifications