AUS vs IND: সচিন কি অস্ট্রেলিয়ায় থাকবেন ভারতের ড্রেসিংরুমে? রামনের পরামর্শের পরই জোর জল্পনা
AUS vs IND: অস্ট্রেলিয়ায় ভারত প্রথম টেস্ট খেলতে নামবে ২২ নভেম্বর থেকে। তার আগে, পারথে জোরকদমে অনুশীলনে ব্যস্ত বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহরা।
কাল থেকে ভারত প্র্যাকটিস ম্যাচ খেলবে ওয়াকায়। ভারতীয় এ দলের ক্রিকেটাররা টেস্ট দলের ম্যাচ সিমুলেশনে থাকবেন।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে ভারতের টেস্ট সিরিজে পরাজয়ের বড় কারণ ছিল ব্যাটিং বিভাগ। রোহিত শর্মা, বিরাট কোহলিদের ফর্ম চিন্তা বাড়াচ্ছে ক্রিকেটপ্রেমীদের। রোহিতের স্ত্রী সন্তানসম্ভবা, ফলে ভারত অধিনায়কের প্রথম টেস্ট খেলা নিয়ে ধোঁয়াশা কাটেনি।
অনেকেই টেস্ট দলের হেড কোচ গৌতম গম্ভীরের উপর আস্থা হারাচ্ছেন। এবার ডব্লিউভি রামন পরামর্শ দিলেন, অস্ট্রেলিয়া সফরে সচিন তেন্ডুলকরকে ব্যাটিং পরামর্শদাতা করে পাঠাতে। উল্লেখ্য, ভারতের হেড কোচ হওয়ার দৌড়ে গম্ভীরের সঙ্গে রামনও ছিলেন।
ভারতীয় দলের প্রাক্তন ওপেনার তথা ভারতীয় মহিলা দলের প্রাক্তন কোচ রামন এক্স হ্যান্ডলে লিখেছেন, সচিনকে ব্যাটিং পরামর্শদাতা করে অস্ট্রেলিয়ায় রাখা হলে ভারতীয় দল উপকৃত হবে। দ্বিতীয় টেস্ট শুরুর আগে অনেকটা সময়ও রয়েছে। তাছাড়া পরামর্শদাতা নিয়োগ বর্তমানে নতুন কিছু নয়।
বিসিসিআই রামনের এই পরামর্শ মানবে কিনা তা বলবে সময়। তবে পরিসংখ্যান বলছে, রামনের বক্তব্যে যথেষ্ট যুক্তি রয়েছে। ভারতের হয়ে অস্ট্রেলিয়ায় ঈর্ষণীয় সাফল্য রয়েছে সচিনের। ২০টি টেস্টের ৩৮টি ইনিংসে সচিন অস্ট্রেলিয়ায় ১৮০৯ রান করেছে।
টেস্টে সচিনের শতরানের সংখ্যা ৫১, তার মধ্যে ৬টিই এসেছে অস্ট্রেলিয়ার মাটিতে। সাতটি অর্ধশতরানও রয়েছে। সিডনি টেস্টে ২০০৪ সালে অপরাজিত ২০৪ সচিনের অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে সর্বাধিক ব্যক্তিগত স্কোর। অস্ট্রেলিয়ায় সচিনের টেস্টে গড় ৫৩.২০।
২০১৩ সালে সচিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ভারতের কোচ, মেন্টর বা পরামর্শদাতার ভূমিকায় তাঁকে দেখা যায়নি। যদিও সচিন মুম্বই ইন্ডিয়ান্স দলের মেন্টরের ভূমিকা পালন করছেন। সচিনকে অস্ট্রেলিয়ায় পাঠানো হলে সেখানকার পিচ ও পরিবেশে কীভাবে খেলা উচিত, সেই সংক্রান্ত পরামর্শ দিতে পারবেন নিজের অভিজ্ঞতা থেকে।
ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীরের অস্ট্রেলিয়ায় টেস্টে পারফরম্যান্স সচিনের ধারেকাছেই আসে না। গম্ভীর অস্ট্রেলিয়ায় ৪টি টেস্ট খেলেছেন। ২০১১-১২ মরশুমে। মোট ৮টি ইনিংসে তিনি ১৮১ রান করেছেন, গড় ২২.৬২। সর্বাধিক স্কোর সিডনির দ্বিতীয় ইনিংসে ৮৩, প্রথম ইনিংসে করেছিলেন শূন্য। ডাউন আন্ডারে টেস্টে ১টির বেশি হাফ সেঞ্চুরিও নেই গম্ভীরের।












Click it and Unblock the Notifications