AUS vs IND: ব্রিসবেনে পঞ্চম দিনেও বৃষ্টির পূর্বাভাস, ড্রয়ের পথে ধাবমান টেস্ট জিততে অস্ট্রেলিয়ার বড় পরিকল্পনা
AUS vs IND: ব্রিসবেন টেস্ট ড্রয়ের দিকেই এগোচ্ছে। ভারত ইতিমধ্যেই ফলো-অন বাঁচিয়ে নিয়েছে বৃষ্টিবিঘ্নিত দ্বৈরথে। চার দিনেও শেষ হলো না প্রথম ইনিংস।
অস্ট্রেলিয়ার ৪৪৫ রানের জবাবে চতুর্থ দিনের শেষে ভারতের স্কোর ৯ উইকেটে ২৫২। অজিরা এগিয়ে ১৯৩ রানে। দ্বিতীয় ইনিংস তথা চলতি সিরিজেই অস্ট্রেলিয়া পাবে না জশ হ্যাজলউডকে। সেই সঙ্গে বৃষ্টি জারি থাকবে কালও।

চার দিনে যেখানে ৩৬০ ওভার খেলা হওয়ার কথা ছিল, সেখানে আজ অবধি মোট ১৯২ ওভার খেলা হয়েছে। জসপ্রীত বুমরাহ ও আকাশ দীপের অবিচ্ছেদ্য শেষ উইকেট জুটি ফলো-অন বাঁচাতেই নিশ্চিত হয়ে গিয়েছে এই টেস্টের ভবিষ্যৎ।
আজ দফায় দফায় বৃষ্টির কারণে ৫৮ ওভারের বেশি খেলা হয়নি। একই রকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে টেস্টের শেষ দিনে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ২ থেকে ২৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতরের পূর্বাভাস, কাল সকাল ও দুপুরের দিকেই বৃষ্টির সম্ভাবনা আছে।
চলতি টেস্টে দ্বিতীয় দিনেই পুরো খেলা হয়েছে। ট্রাভিস হেড ও স্টিভ স্মিথ শতরান করেছিলেন। শেষ দিনে হাতে রয়েছে ৯৮ ওভার। অস্ট্রেলিয়া নিশ্চিতভাবেই চাইবে জয় ছিনিয়ে নিতে। কিন্তু বৃষ্টির ব্যাঘাত ঘটানোর কথা বাদ দিলেও যতগুলি ওভার থাকবে তাতে ভারতকে অল-আউট করা সহজ হবে না।
মনে করা হচ্ছে, কাল দ্রুত ভারতের শেষ উইকেটটি তুলে নিয়ে ২০ ওভারের কাছাকাছি ব্যাট করতে পারে অস্ট্রেলিয়া। ভারতকে তিনশোর আশেপাশে টার্গেট দেওয়া হতে পারে। ৭০ ওভারের কাছাকাছি হাতে রেখে। কিন্তু যেভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস মিলছে তাতে বলাই যায় অজিদের জয় অধরাই থাকছে ব্রিসবেনে।
আবহাওয়া ভালো থাকলে আলোর অভাব ছাড়া পুরো খেলা হতেই পারে। খেলা শেষের নির্ধারিত সময় নেই। তবে ব্রিসবেনের স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টা থেকেই আলো কমতে থাকে। প্যাট কামিন্স ও মিচেল স্টার্ককেই বেশি ওভার করতে হবে। জশ হ্যাজলউড নেই। ফলে নাথান লিয়ঁকে দিয়ে বেশ কয়েক ওভার করাতে শেষ দিনের জন্য রণকৌশল সাজাতে হবে সহকারী কোচ ড্যানিয়েল ভেত্তোরিকে।
ভেত্তোরির কথায় অবশ্য ড্র হওয়ারই সুর। তিনি বলেন, বৃষ্টিতে প্রচুর ওভার নষ্ট হওয়াতেই জেতার কাজটা কঠিন হয়ে গেল। ফলো-অন করানো গেলে তা সম্ভব ছিল। আমরা ভেবেছিলাম জাদেজাকে আউট করা গেলে ফলো-অন করানো সম্ভব। কিন্তু চেষ্টা করেও তা নিশ্চিত করা যায়নি।












Click it and Unblock the Notifications