AUS vs IND: সিডনি টেস্টে ভারতের জয়ের পরিকল্পনায় বাধা হতে পারে আবহাওয়া, বৃষ্টির সম্ভাবনা কতটা?
AUS vs IND: সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শুক্রবার থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া পঞ্চম টেস্ট। ভারতকে সিরিজ পরাজয় এড়াতে গেলে জিততেই হবে।
যদিও এই ম্যাচের ফলাফল নির্ধারণে আবহাওয়ার প্রভাব থাকতেই পারে। ব্যাঘাত ঘটাতে পারে বৃষ্টি।

ব্রিসবেনে বৃষ্টির ফলে সিরিজের তৃতীয় টেস্টটি ড্র হয়ে গিয়েছিল। মেলবোর্ন টেস্টের ফলাফল নির্ধারণে বৃষ্টি অন্তরায় হতে পারেনি। চতুর্থ টেস্ট অস্ট্রেলিয়া জিতে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছে। বর্ডার-গাভাসকর ট্রফি দখলে রাখতে গেলে ভারতের জেতা ছাড়া গতি নেই।
সিডনিতে জিতলে ক্ষীণ হলেও থাকবে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার আশা। অস্ট্রেলিয়ার মধ্যে সবচেয়ে বেশি স্পিনাররা সাহায্য পান সিডনিতেই। ফলে ভারতীয় স্পিনাররা সিরিজ ২-২ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতেই পারেন।
মেলবোর্নের মতো সিডনিতেও গরম থাকবে। তাপমাত্রা ঘোরাফেরা করবে ২০ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। ফলে চ্যালেঞ্জিং পরিবেশ, পরিস্থিতি। অ্যাকুওয়েদার অনুযায়ী, সিডনি টেস্টের প্রথম দিনে বৃষ্টি হওয়ার পূর্বাভাস নেই। তবে গরম ভালোই থাকবে।
টেস্টের তৃতীয় ও চতুর্থ দিন গরম সবচেয়ে বেশি থাকার সম্ভাবনা। ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে তাপমাত্রা। ম্যাচের শেষ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুপুরের পর থেকে ৮০ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়ার রিপোর্টে উল্লেখ। সেই সঙ্গে থাকবে গরমও।
জানা গিয়েছে, পিচ প্রথম দিকে ব্যাটিং সহায়ক থাকতে পারে। খেলা যত গড়াবে পিচ ভাঙার সম্ভাবনা আছে। তখন স্পিনাররা ফায়দা আদায় করতে পারবেন। সিডনি টেস্টের বেশিরভাগই গড়ায় শেষ দিন পর্যন্ত। সেক্ষেত্রে বৃষ্টি হলে টেস্ট ড্র হয়ে যেতেই পারে। আপাতত আবহাওয়ার কথা মাথায় রেখেই রণকৌশল সাজাতে হবে দুই দলকে, বিশেষ করে ভারতকে।












Click it and Unblock the Notifications