AUS vs IND: সিডনিতে জিততে অস্ট্রেলিয়ার চাই ৯১, ভারতের ৭ উইকেট, দর্শকদের বিরাট-কটাক্ষে স্যান্ডপেপার স্মৃতি
AUS vs IND: সিডনি টেস্ট জমজমাট পরিসমাপ্তির দিকেই এগোচ্ছে। আজ চলছে তৃতীয় দিনের খেলা। ১৬২ রানের টার্গেট তাড়া করতে নামা অস্ট্রেলিয়ার স্কোর ১৩ ওভারে ৩ উইকেটে ৭১।
ফলে এই টেস্ট তথা সিরিজ জিততে অজিদের চাই ৯১ রান। তাহলেই দখলে নেবে বর্ডার-গাভাসকর ট্রফি। ভারতের দরকার ৭ উইকেট।

জসপ্রীত বুমরাহর ব্যাক স্প্যাজম। ফলে দ্বিতীয় ইনিংসে তিনি বোলিং করতে পারছেন না। চ্যালেঞ্জিং পিচে অস্ট্রেলিয়াও ঝোড়ো গতিতে রান তুলে লক্ষ্যে পৌঁছতে চাইছে। ওপেনার উসমান খোয়াজা ২৫ বলে ১৯ ও ট্রাভিস হেড ৮ বলে ৫ রানে অপরাজিত আছেন।
প্রথম দিন পড়েছিল ১১ উইকেট। দ্বিতীয় দিনে গতকাল পড়ে ১৫ উইকেট। আজ প্রথম সেশনেই পড়ল ৭ উইকেট। গতকালই সিডনির পিচের সমালোচনা করেছিলেন অ্যালান বর্ডার থেকে সুনীল গাভাসকররা। তাঁদের কথায়, এটি আর যাই হোক আদর্শ টেস্ট পিচ নয়।
আজ চতুর্থ ওভারের পঞ্চম বলে ৩৯ রানে অস্ট্রেলিয়ার প্রথম উইকেট পড়ে। দ্বিতীয় উইকেট পড়ে অষ্টম ওভারের শেষ বলে ৫২ রানে। ১০ ওভারে ৫৮ রানে তৃতীয় উইকেট হারায় অস্ট্রেলিয়া। তিনটি উইকেটই তুলে নিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ।
স্যাম কনস্টাস ১৭ বলে ২২, মার্নাস লাবুশেন ২০ বলে ৬ ও স্টিভ স্মিথ ৯ বলে ৪ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন। স্মিথ আর ১ রান করলেই টেস্টে ১০ হাজার রানের ক্লাবে যোগ দিতে পারতেন। ফলে যা পরিস্থিতি তাতে অস্ট্রেলিয়াই টেস্ট জয়ের বিষয়ে ফেভারিট। ভারতও জয় পেতে কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করছে।
মহম্মদ সিরাজ ৭ ওভারে ২৮ রান দিয়ে কোনও উইকেট পাননি। প্রসিদ্ধ কৃষ্ণ ৬ ওভারে ২৭ রান দিয়ে তিন উইকেট পেয়েছেন। ভারতের প্রথম ইনিংসে ১৮৫ রানের জবাবে অজিরা থেমেছিল ১৮১ রানে। আজ ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয় ৩৯.৫ ওভারে ১৫৭ রানে।
এদিকে, বুমরাহ মাঠে না নামায় ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন বিরাট কোহলি। স্বাভাবিকভাবেই ভারতের বডি ল্যাঙ্গুয়েজে সে কারণে আগ্রাসী ভাব লক্ষ্য করা যাচ্ছে। সিডনিতে দর্শকদের দিকে বিশেষ ইশারা করে স্যান্ডপেপার কাণ্ড মনে করিয়ে খোঁচা দিলেন বিরাট কোহলি।
২০১৮ সালে স্টিভ স্মিথের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপ টাউন টেস্টে স্যান্ডপেপার কাণ্ডে জড়িয়েছিল। ক্যামেরন ব্যানক্রফট বলের ঔজ্জ্বল্য বাড়াতে স্যান্ডপেপার ব্যবহার করেছিলেন। ভারতীয় দল যখন আজ অস্ট্রেলিয়ার তৃতীয় উইকেট ফেলে দিয়েছে তখনই বিশেষ ইশারা করেন বিরাট।
Virat Kohli imitated Cameron Bancroft's sandpaper act. 💀 pic.twitter.com/fZjJ7GdviA
— Silly Point (@FarziCricketer) January 5, 2025
বিরাট নিজের প্যান্টের দুটি পকেট যে খালি তা বুঝিয়ে দিয়ে দর্শকদের বার্তা দেন, বলের ঔজ্জ্বল্য বাড়াতে ভারতের স্যান্ডপেপার লাগে না। বোলারদের দক্ষতাতেই দাপট দেখানো সম্ভব হয়।












Click it and Unblock the Notifications