AUS vs IND: অস্ট্রেলিয়ায় ভারতের সিরিজ জয়ে আত্মবিশ্বাসী মোদী, সংসদে কী বার্তা দিলেন রোহিত?
AUS vs IND: অস্ট্রেলিয়ায় পাঁচ টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ভারত। ডিসেম্বরের ৬ তারিখ থেকে অ্যাডিলে়ডে গোলাপি বলে দিন-রাতের টেস্ট।
সিরিজের দ্বিতীয় টেস্টে নামার আগে শনি ও রবিবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবেন রোহিত শর্মারা। আজ দুই দলের ক্রিকেটারদের সঙ্গে মিলিত হলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মানছেন, পিএম ইলেভেন ভারতীয় দলের বিরুদ্ধে বড় চ্যালেঞ্জের মুখে পড়বে। তবে তিনি আশাবাদী অস্ট্রেলিয়াই শেষ অবধি সিরিজ জিতবে। তিনি নিজেও অস্ট্রেলিয়াকে সমর্থন করবেন। ইতিমধ্যে সে কথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানিয়েছেন অ্যালবানিজ। অজি প্রধানমন্ত্রীর পোস্ট রিটুইট করে বিশেষ বার্তা দিলেন মোদী।
Glad to see my good friend Prime Minister @AlboMP with the Indian and PM’s XI teams.
— Narendra Modi (@narendramodi) November 28, 2024
Team India is off to a great start in the series and 1.4 billion Indians are strongly rooting for the Men in Blue.
I look forward to exciting games ahead. https://t.co/Oc7UWBKSGh
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, আমার বন্ধু অ্যালবানিজকে ভারত ও প্রাইম মিনিস্টার একাদশের ক্রিকেটারদের সঙ্গে দেখে ভালো লাগলো। ভারত চলতি সিরিজ দারুণ জয় দিয়ে শুরু করেছে। ১৪০ কোটি ভারতবাসী ক্রিকেট দলের সাফল্যের জন্য প্রার্থনা করছেন, সমর্থন জানাচ্ছেন। আমিও সামনের উপভোগ্য ম্যাচগুলির দিকে তাকিয়ে।
নিশ্চিতভাবেই মোদীর সমর্থন ভারতীয় দলকে উদ্বুদ্ধ করবে। রোহিত শর্মা অস্ট্রেলিয়ার সংসদে বক্তব্য পেশ করতে গিয়ে বলেন, ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে খেলাধুলো থেকে বাণিজ্য- নানা ক্ষেত্রে দীর্ঘদিনের সম্পর্ক। আমরাও এখানে ক্রিকেট খেলতে ভালোবাসি।
রোহিতের কথায়, অস্ট্রেলিয়া চ্যালেঞ্জিং টিম। ক্রিকেটপ্রেমীরা খুব আবেগ নিয়ে মাঠে আসেন। ক্রিকেটারদের প্রতিদ্বন্দ্বিতামূলক মনোভাবের ক্ষেত্রে যার ইতিবাচক প্রভাব লক্ষ্য করা যায়। বিশ্বের অন্যতম সেরা দলের বিরুদ্ধে খেলতে তাই আমরা পছন্দ করি। অস্ট্রেলিয়া সফর নানা কারণে কেন তাঁরা উপভোগ করেন তার ব্যাখ্যাও দিয়েছেন রোহিত।
The Indian Cricket Team were hosted by the Honourable Anthony Albanese MP, Prime Minister of Australia at the Parliament House, Canberra. #TeamIndia will take part in a two-day pink ball match against PM XI starting Saturday. pic.twitter.com/YPsOk8MrTG
— BCCI (@BCCI) November 28, 2024
ভারত অধিনায়ক বলেন, অস্ট্রেলিয়ায় আমরা সাফল্য পেয়েছি। সম্প্রতি টেস্ট ম্যাচ জিতেছি। এই ধারা অব্যাহত রাখতে হবে। এখানকার সংস্কৃতিও আমাদের ভালো লাগে। আশা করি, অস্ট্রেলিয়া ও ভারতের সমর্থকরা আমাদের খেলা দেখে আরও আনন্দ পাবেন। আমরা ভালো ক্রিকেট খেলার পাশাপাশি এই দেশকে উপভোগ করতে চাই।
রোহিত আরও বলেন, অস্ট্রেলিয়া দারুণ জায়গা। আগামী কয়েক সপ্তাহ আমরা ভালো ক্রিকেট উপহার দেওয়ার জন্য মুখিয়ে রয়েছি। এখানে আসতে পেরে ভালো লাগছে। ভারতীয় দলকে আমন্ত্রণ জানানোয় অ্যালবানিজকেও বিশেষ ধন্যবাদ জানান রোহিত।
অস্ট্রেলিয়ার মাটিতে ভারতকে প্রথমবার টেস্টে নেতৃত্ব দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন রোহিত। অস্ট্রেলিয়ায় হিটম্যানের ব্যাটে একটিও টেস্ট শতরান নেই। অস্ট্রেলিয়ায় রোহিত প্রথম টেস্ট খেলেন ২০১৪ সালে। সাতটি টেস্টে ১৪ ইনিংসে ৪০৮ রান করেছেন। সর্বাধিক স্কোর অপরাজিত ৬৩। তিনটি হাফ সেঞ্চুরি করেছেন।
২০১৪ সালে অ্যাডিলেড টেস্টে তিনি ৪৩ ও ৬ রান করেছিলেন। ২০১৮ সালে অ্যাডিলেড টেস্টে তিনি দুই ইনিংসে করেন ৩৭ ও ১। ২০২০ সালে অ্যাডিলেড টেস্টে রোহিত ছিলেন না। ওই সফরে সিডনি ও ব্রিসবেন টেস্টে খেলেন। ২০১৫ সালে সিডনিতে ৫৩, ২০১৮ সালে মেলবোর্নে অপরাজিত ৬৩ এবং ২০২১ সালে সিডনিতে রোহিত ৫২ করেন, এই তিনবারই তিনি অর্ধশতরান করেছেন অস্ট্রেলিয়ায় টেস্টে। পারথে একবারও খেলেননি তিনি।












Click it and Unblock the Notifications