AUS vs IND: ওয়াকার পিচের চরিত্র ফিরছে অপটাসে, প্রথম টেস্টের আগে ভারতের চিন্তা বাড়াবে কিউরেটরের দাবি
AUS vs IND: পারথের অপটাস স্টেডিয়ামে ২২ নভেম্বর থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। পারথ নামটা শুনলেই পেস ও বাউন্স সহায়ক উইকেটের কথা মনে পড়ে।
বিগত দুটি টেস্টে পারথের উইকেট নিয়ে নানা চর্চা হলেও এবার নাকি পরিস্থিতি বদলাচ্ছে। ওয়াকার মতোই পিচ তৈরি করা হচ্ছে অপটাসে। দাবি হেড কিউরেটর ইসাক ম্যাকডোনাল্ডের।

২০২২ সালে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট গড়িয়েছিল ৫ দিন। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪ উইকেটে ৫৯৮ তুলে ডিক্লেয়ার করেছিল। মার্নাস লাবুশেন ২০৪ ও স্টিভ স্মিথ ২০০ রান করেছিলেন। এরপর ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে তথা ম্যাচের চতুর্থ ইনিংসে ৩৩৩ তুলেছিল। অজিরা জেতে ১৬৪ রানে।
পারথের উইকেট যেমন হয়, তেমন ছিল না ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টের পিচ। গত বছর ডিসেম্বরেই পারথে পাকিস্তানকে ৩৬০ রানে হারায় অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ডেভিড ওয়ার্নারের ১৬৪, মিচেল মার্শ ৯০ করেছিলেন। পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ৮৯ রানে গুটিয়ে গিয়েছিল।
গত বছরের টেস্টে পারথের উইকেট ক্রমেই খারাপ হয়েছিল। পাকিস্তান গুটিয়ে যায় ৩০.২ ওভারে। লাবুশেন, স্মিথ, খোয়াজা ব্যাটিংয়ের সময় আঘাত পান। ম্যাচের পর লাবুশেন বলেছিলেন, এই উইকেট ব্যাটিং করার পক্ষে মোটেই সহায়ক ছিল না। তবে কিউরেটর তা মানতে নারাজ।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের হেড কিউরেটর ম্যাকডোনাল্ডের দাবি, সেবার উইকেটে ১০ মিলিমিটারের ঘাস ছিল। সবুজ ঘাস থাকায় দুই দলের জোরে বোলাররাই ভালো বোলিং করেছেন। ভালো ব্যাটারদের দ্রুত রান করতেও অসুবিধা হয়নি।
এবার পরিস্থিতি কিছুটা আলাদা। অস্ট্রেলিয়ায় বসন্তকাল চলছে। গত বছরের তুলনায় এক মাস আগে টেস্ট হচ্ছে। বেশ ঠান্ডা রয়েছে। গত বছর অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্ট চলাকালীন গরম ছিল। পরের দিকে পিচে ফাটল দেখা যায়। তাতে স্পিনাররাও সাহায্য পেয়েছিলেন।
ম্যাকডোনাল্ড ইএসপিএনক্রিকইনফোকে জানিয়েছেন, ওয়াকায় যে মাটি দিয়ে পিচ তৈরি করা হয় সেটাই রাখা হয়েছে অপটাসে। এখানে ড্রপ ইন পিচ। সেপ্টেম্বর থেকে তা তৈরি করে স্টেডিয়ামে এনে বসানো হয়েছে। পিচে গতবারের মতোই ঘাস রয়েছে। পেস, বাউন্স ও ক্যারি থাকবে।
ভারত নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে হোয়াইটওয়াশ হয়েছে টেস্ট সিরিজে। পারথে ভারতীয় এ দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল। সেটাও বাতিল করা হয়েছে। এই আবহে ওয়াকার মতো গতিসম্পন্ন পিচ ভারতীয় ব্যাটারদের কাছে যে চ্যালেঞ্জিং হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। কিউরেটর অবশ্য আশা করছেন, ব্যাট-বলের জমজমাট লড়াই গড়াতে পারে পঞ্চম দিনের শেষ সেশন অবধি।












Click it and Unblock the Notifications