AUS vs IND: আইপিএল নিলামে ফোকাস নয়, ঘরের মাঠে প্রতিভা সমৃদ্ধ ভারতকে সমীহ কামিন্সের
ঘরের মাঠে বর্ডার-গাভাসকর ট্রফি পুনরুদ্ধার করার লক্ষ্য নিয়ে নামছে অস্ট্রেলিয়া। শেষ দুই বার ঘরের মাঠে এই সিরিজে পরাজয়ের মুখ দেখতে হয়েছিল অজিদের। এবার কিন্তু বদলা নিতে মরিয়া প্যাট কামিন্সরা। শুক্রবার থেকে পারথে প্রথম ম্যাচ শুরুর আগে অস্ট্রেলিয়ান অধিনায়কের কথায় বিরাট আত্মবিশ্বাসের ছোঁয়া।
বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচের সময়ই চলবে আইপিএলের মেগা নিলাম। একাধিক অজি ক্রিকেটারের ভাগ্য পরীক্ষা হবে নিলামে। ফলে ম্যাচে ক্রিকেটাররা কতটা ফোকাস করতে পারবেন সেটা নিয়েও জল্পনা-কল্পনা চলছে। কিন্তু বৃহস্পতিবার ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসে কামিন্স কিন্তু স্পষ্ট করে দিয়েছেন ঘরের মাঠে কঠিন ম্যাচের মধ্যে ক্রিকেটাররা কোনওভাবে আইপিএল নিলামে ফোকাস করবেন না।

ম্যাচ শুরুর আগেই চিরাচরিত মাইন্ড গেম শুরু করে দিলেন অজিরা। কামিন্স বলে দিলেন, ঘরের মাঠে খেলা সব সময়ই একটু বেশি চাপ থাকে। ভারতীয় দলে প্রতিভার অভাব নেই, ফলে আমাদের কাজটা সহজ হবে না। আমরা প্রতিটি ম্যাচ অনুসারে পরিকল্পনা করতে চাইছি। কারণ খুব বেশি পরিকল্পনা এখনই করতে চাইছি না।
সিরিজ যে অত্যন্ত কঠিন হবে সেটাও উল্লেখ করেছেন প্যাট কামিন্স। তাঁর কথায়, বর্ডার-গাভাসকর ট্রফিতে বরাবরই কঠিন প্রতিযোগিতার ইতিহাস আছে। পাঁচ ম্যাচের সিরিজ এটা ফলে এবার প্রতিযোগিতা আরও কঠিন হবে। এই সিরিজ জিততে পারলে অবশ্যই ভালো লাগবে। ভারত যেমন কঠিন প্রতিপক্ষ তেমনই আমরাও তৈরি।
আগামী ২৪ এবং ২৫ নভেম্বর আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হবে। অন্য দেশের ক্রিকেটারদের মতোই নিলামে অংশ নেবেন একাধিক অস্ট্রেলিয়ান, এর মধ্যে অনেকেই আবার আছেন টেস্ট দলেও। যদিও নিলাম তাদের খেলার ফোকাস কোনও ভাবেই নষ্ট করবে না বলেই দাবি করেছেন কামিন্স। তিনি বলেছেন, অবশ্যই ম্যাচের মধ্যেই নিলাম আছে এটা সত্যি, আমি মনে করি না এটা ম্যাচের জন্য কোনও বিভ্রান্তির হবে, আমাদের কোচিং টিমের এক সদস্য সেখানে গিয়েছেন। আমরা ম্যাচে ফোকাস করছি।
এই ম্যাচে টেস্ট অভিষেক হবে নাথান ম্যাকসুইনির। যদিও তাঁকে তাঁর স্বাভাবিক খেলার কথাই বলেছেন প্যাট কামিন্স।












Click it and Unblock the Notifications