AUS vs IND: প্রথম একাদশ ঘোষণা অস্ট্রেলিয়ার, অ্যাডিলেডে দুরন্ত পারফরম্যান্স করেও বাদ বোল্যান্ড, ফিরলেন কে?
অ্যাডিলেডের পর এবার ব্রিসবেন। ম্যাচ শুরুর ২৪ ঘণ্টা আগেই প্রথম একাদশ ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টের দুরন্ত পারপরম্যান্স করা বোল্যান্ড বাদ গেলেন তৃতীয় ম্যাচের প্রথম একাদশ থেকে। চোট কাটিয়ে গাব্বাতে প্রত্যাবর্তন করলেন জশ হ্যাজলউড।
জশ হ্যাজলউডের বাঁ দিকে সাইড স্ট্রেইনের কারণে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি। এমনকি সিরিজের বাকি ম্যাচগুলিতেও তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। কিন্তু যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে তৃতীয় ম্যাচেই ফের দলে ফিরলেন হ্যাজলউড। চলতি সপ্তাহজুড়ে বেশ কয়েকটি ফিটনেস পরীক্ষা দিতে হয়েছে হ্যাজেলউডকে। বৃহস্পতিবার অ্যালান বর্ডার ফিল্ডে বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরির কড়া নজরে মিচেল স্টার্কের সাথে হ্যাজলউড বোলিং করেন।

সাংবাদিক সম্মেলনে কামিন্স বলেছেন, নেটে খুব ভালো বোলিং করেছেন হ্যাজলউড। ফলে দলের মেডিক্যাল টিম তাঁকে ফিট সার্টিফিকেট দিয়েছে খেলার জন্য। এই সিদ্ধান্ত নেওয়াটা কঠিন ছিল, কারণ বোল্যান্ড দুরন্ত বোলিং করেছেন অ্যাডিলেড টেস্টে। গত ১৮ মাস ধরেই যখন সে সুযোগ পেয়েছে দুরন্ত বোলিং করেছে। এটা বোল্যান্ডের জন্য দুভাগ্যজনক। কিন্তু মাঝে মধ্যেই কঠিন সিদ্ধান্ত নিতে হয়। তবে সিরিজ এখনও অনেক বাকি আছে। আশা করছি সে খেলার সুযোগ পাবে।
একটি পরিবর্তন বাদ দিলে বাকি দল একই রেখেছে অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথ রান না পেলেও তাঁকে এই ম্যাচের প্রথম একাদশে সুযোগ দেওয়া হয়েছে। পিঙ্ক বল টেস্ট জিতে সিরিজে সমতা ফিরিয়েছে অজিরা। পাঁচ ম্যাচের সিরিজের ফল এখন ১-১। ফলে বিরাট আত্মবিশ্বাস নিয়েই অস্ট্রেলিয়া গাব্বাতে মাঠে নামবে।
শেষ বার অস্ট্রেলিয়া সফরে এই গাব্বাতেই দুরন্ত জয় পেয়েছিল ভারত এবং সিরিজও জিতে নয়। এবার গাব্বায় তৃতীয় টেস্ট ম্যাচ হচ্ছে। গতবার জানুয়ারিতে খেলা হলেও এবার কিন্তু ক্রিসমাসের আগেই এই টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে।
অস্ট্রেলিয়া দল- উসমান খোয়াজা, নাথান ম্যাকসুইনি, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিয়ঁ, জশ হ্যাজলউড।












Click it and Unblock the Notifications