AUS vs IND: শতরান করে সমালোচকদের জবাব দিলেন, বাবার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করলেন নীতীশ
শতরান করার পর শনিবার অপরাজিত ছিলেন। তবে রবিবার চতুর্থ দিনের শুরুতে আউট হন নীতীশ কুমার রেড্ডি। শতরান করার ২৪ ঘণ্টার পর মুখ খুললেন এনকেআর। রবিবার ভারতীয় দলের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে এসে সমালোচকদের যেমন জবাব দিলেন তেমই বাবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন নীতীশ কুমার রেড্ডি।
পরিবারের সামনে শতরান করা এবং সিরাজের সঙ্গ পাওয়া প্রসঙ্গে নীতীশ বলেন, খুবই ভালো লাগছে শতরান করতে পেরে। দলের কঠিন সময়ে শতরান করতে পেরেছি বলে এটা আমার কাছে আরও স্পেশ্যাল। আমার বাবা এবং পরিবারের সদস্যরা ভারত থেকে এসেছেন দেশক সমর্থন করার জন্য। তাঁদের সামনে সেঞ্চুরি করতে পেরে আমি খুবই আনন্দিত। সিরাজ শেষ বলটায় ডিফেন্স করার পর গ্যালারিতে যতটা শব্দ হয়েছিল ততটা শব্দ আমার শতরানের পর হয়নি। সত্যিই কাল সিরাজ আমাকে খুব ভালো সঙ্গ দিয়েছেন।

দুই এক মাসের পরিশ্রমে যে এমন সাফল্য আসেনি সেটা উল্লেখ করেন নীতীশ। তাঁর কথায়, আপনারা অনেকে আমায় দুই মাস দেখছেন। কিন্তু আজকের সাফল্যের নেপথ্যে অনেকটা যাত্রাপথ আছে। ২,৩ বছর ধরে এই পারফরম্যান্সের জন্য নিজেকে তৈরি করেছি। প্রথম আইপিএল খেলার পরই আমি বুঝেছিলাম ব্যাটিংয়ে কোথায় আমাকে উন্নতি করতে হবে। সেটা নিয়েই কাজ করেছি্।
আইকন বিরাট কোহলি প্রসঙ্গে নীতীশ বলেছেন, আমি ছোটবেলা থেকেই বিরাট কোহলি দেখে আসছি। তিনি আমার আইকন। শতরান করার পর কোহলি ভাই আমার প্রশংসা করেছেন। আমি সবসময় এই মুহুর্তটির স্বপ্ন দেখেছিলাম, এটাই ছিল আমার জন্য সেরা মুহূর্ত।
আজ যে নীতীশ যে উচ্চতায় নিজেকে প্রতিষ্ঠা করেছেন তার নেপথ্যেরে সেনানী হলেন তাঁর বাবা মুত্যালা রেড্ডি , অনেক আত্মত্যাগ পরিশ্রমের মধ্যে দিয়ে তিল তিল করে ছেলেকে ক্রিকেটার তৈরি করেছেন। তাই বাবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুল করলেন না নীতীশ। তাঁর কথায়, আমার বাবা ২৫ বছর আগে চাকরি থেকে ইস্তফা দিয়েছিলেন। তখন আমি কিছুই ছিলাম না। তিনি আমার উপর সম্পূর্ণ বিশ্বাস রেখেছিলেন। শুধুই আমার সঙ্গে বেশি সময় থাকতে চেয়েছিলেন। ওনাকে বাবা হিসেবে পেয়ে আমি কৃতজ্ঞ। বাবাকে গর্বিত করাই আমার একমাত্র স্বপ্ন ছিল।
একজন টি২০ বিশেষজ্ঞ ক্রিকেটারকে কেন টেস্ট দলে তাও অস্ট্রেলিয়া সিরিজে সুযোগ দেওয়া হল তা নিয়ে প্রশ্ন উঠেছিল। সমালোচিত হতে হয় কোচ গৌতম গম্ভীরকেও। কিন্তু শতরান করে সব সমালোচনার জবাব দিলেন নীতীশ। সমালোচকদের উদ্দেশ্যে তিনি বলেন, অনেক মানুষের আমাকে নিয়ে সন্দেহ ছিল, আমাকে শুধু আইপিএল ক্রিকেটার বলা হত। আমি চেয়েছিলাম তাদের ভুল প্রমাণ করতে। দেশকে সম্মান জানাতেই যে শতরানের পর বাহুবলী স্টাইলে সেলিব্রেশন করেছিলেন, সেটাও উল্লেখ করেন নীতীশ।












Click it and Unblock the Notifications