AUS vs IND: মেলবোর্নেই কেরিয়ারের প্রথম টেস্ট শতরান নীতীশের, সিডনিতে জিততে ভারতকে মোক্ষম পরামর্শ শাস্ত্রীর
AUS vs IND: মেলবোর্নেই কেরিয়ারের প্রথম টেস্ট শতরানটি পেয়ে গেলেন নীতীশ কুমার রেড্ডি। ৮১ বলে হাফ সেঞ্চুরিতে পৌঁছেছিলেন, প্রথমবারের জন্য। শতরান এলো ১৭১ বলে। ১০টি চার ও একটি ছয়ের সাহায্যে।
দায়িত্বশীল ইনিংস উপহার দিয়ে ভারতের যেমন মান বাঁচালেন তেমনই চলতি সিরিজে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় দুইয়ে উঠে এলেন।

ট্রাভিস হেড চলতি সিরিজে ৪ টেস্টে ৪০৯ রান করেছেন ৬ ইনিংসে। যশস্বী জয়সওয়ালের ৪ টেস্টে ২৭৫ রানের নজির টপকে এদিন হেডের পরে চলে এলেন অন্ধ্রের নীতীশ। ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি রান করায় তাঁকে ব্যাটিং অর্ডারে উপরে নামানোর দাবিও উঠে গেল।
নীতীশ আজ অর্ধশতরান পূর্ণ করার সময়ই সুনীল গাভাসকর তাঁকে পরবর্তী টেস্টগুলিতে ব্যাটিং অর্ডারে উপরে তুলে আনার পরামর্শ দিয়েছিলেন। পরিস্থিতি বুঝে নিজের মাইলস্টোনের কথা না ভেবে নীতীশের দায়িত্বশীল ব্যাটিং মুগ্ধ করেছে গাভাসকর, রবি শাস্ত্রীদের।
রবি শাস্ত্রী এদিন ফক্স স্পোর্টসে বলেন, নীতীশ যেভাবে ব্যাট করছেন তাতে আমার মনে হচ্ছে শেষবার তিনি সাতে (আকাশ দীপ নাইটওয়াচম্যান হওয়ায় নীতীশ নেমেছেন আটে) এই শেষবার খেলছেন। দলের ভারসাম্য সঠিক করতে হলে নীতীশকে ব্যাটিং অর্ডারে উপরে তুলে আনতে হবে।
শাস্ত্রীর কথায়, পাঁচ বা ছয়ে নীতীশকে নামানো হলে ভারত ২০ উইকেট তোলার জন্য পাঁচ বোলার খেলাতে পারবে। নির্বাচক, টিম ম্যানেজমেন্ট, অধিনায়ককে সেই আত্মবিশ্বাসী বার্তা এদিন দিয়ে দিলেন নীতীশ। ভারতের ব্যাটিং অর্ডারে প্রথম ছয়ে খেলার জন্য নীতীশ যোগ্য। সিডনিতে নীতীশকে প্রথম ছয়ে রেখে পাঁচ বোলারে খেলার পরামর্শ দিলেন শাস্ত্রী।
নীতীশের শতরান হলো নাটকীয়ভাবেই। ১১৩.৩ ওভারে ৩৫০ রানে ভারতের নবম উইকেট পড়ে। প্যাট কামিন্সের বলে ৩ বলে ০ রানে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন জসপ্রীত বুমরাহ। ওভারের বাকি তিনটি বল টিকে যান মহম্মদ সিরাজ।
এদিকে, নীতীশের সঙ্গে এদিন যোগ্য সঙ্গত দিলেন ওয়াশিংটন সুন্দর। তিনি ১৪৬ বলে অর্ধশতরান পূর্ণ করেন। সেই সুবাদে তিনি নাম লেখালেন একাধিক ভারতীয় তারকার সঙ্গে। নাথান লিয়ঁর বলে ১৬২ বলে ৫০ রান করে আউট হন সুন্দর। ১২৭ রানের পার্টনারশিপ গড়েন নীতীশের সঙ্গে।
২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মহেন্দ্র সিং ধোনি, ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রবিচন্দ্রন অশ্বিন, ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অজিঙ্ক রাহানে ও ২০১৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে রাহানে টেস্ট অর্ধশতরান পূর্ণ করেছিলেন যখন, তখন তাঁদের নামে সুন্দরের মতোই ছিল ১টি করে চার।












Click it and Unblock the Notifications