AUS vs IND: শুধু বিরাট-বুমরাহ নয়, গোটা ভারতীয় দলকে নিয়ে ভাবনায় অজিরা, বাস্তব সত্য ফাঁস করলেন লিয়ঁ
মাঝে আর মাত্র একদিন, তারপর অ্যাডিলেডের ওভালে শুরু হচ্ছে গোলাপি বলের টেস্ট ম্যাচ। পারথে প্রথম ম্যাচ হেরে প্রবল চাপ নিয়েই পিঙ্ক বলের যুদ্ধে নামছে অস্ট্রেলিয়া। ঘরের মাঠে অজিদের সেই পরিচিত আগ্রাসন উধাও, বরং দ্বিতীয় টেস্টে নামার আগে ভারতীয় দলকে নিয়ে সতর্কতা এবং সমীহের সুর অজি শিবিরে। বুধবার সাংবাদিক সম্মেলনে নাথান লিয়ঁ জানিয়ে দিলেন দুই এক ক্রিকেটারকে নয় গোটা ভারতীয় দলকেই তারা গুরুত্ব দিচ্ছেন।
নাথান লিয়ঁ জানিয়ে দিলেন, আমরা যদি ভারতীয় স্কোয়াডের দিকে তাকাই তাহলে দেখতে পাব সবাই সেই দলে সুপারস্টার। ক্রিকেট অবশ্য একটি দলগত খেলা , জয়ের জন্য পুরো দলকে ভালো পারফর্ম করতে হয়। কিন্তু ভারতীয় দল বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহের মতো তারকা ক্রিকেটাদের নিয়েই শুধু গঠিত নয়, ভারতীয় স্কোয়াডের বাকিরাও অবিশ্বাস্যভাবে প্রতিভাবান। দলের সবাই দুরন্ত পারফরম্যান্স করতে পারেন। তাই আমরা শুধু মাত্র একজন ক্রিকেটারের উপর ফোকাস করছি না।

শুধু ভারতীয় দল নয় অজিদের চিন্তার কারণ টিম ইন্ডিয়ার রিজার্ভ বেঞ্চও। কারণ প্রথম টেস্টে অশ্বিন-জাদেজার মতো তারকা ক্রিকেটারদের বাদ দিয়েই প্রথম একাদশ গঠন করে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক। এই প্রেক্ষাপটে নাথান লিয়ঁ বলেছেন, আমাকে এটি অবাক করেছে অশ্বিনব-জাদেজার মতো ক্রিকেটারদের বেঞ্চে রেখেই ভারতীয় দল ম্যাচ খেলতে নামছে, এটাই তাঁদের শক্তির প্রমাণ দেয়।
জশ হ্যাজেলউডকে যে তাঁরা গোলাপি বলের টেস্টে মিস করবনে সেটা উল্লেখ করেন অজি তারকা স্পিনার। কারণ পিঙ্ক বলে হ্যাজেলউডের পারফরম্যান্স যথেষ্ট ভালো। চোটের কারণে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার তারকা পেসার জশ হ্যাজলউড। ফলে অজি দলের বোলিং আক্রমণ কিছুটা দুর্বল হবে।
বর্ডার-গাভাসকর ট্রফিতে দুরন্তভাবেই সূচনা করেছে ভারতীয় দল। পারথে ইতিমধ্যেই টিম ইন্ডিয়া বিরাট ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে। অ্যাডিলেডে অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়েই নামবে ভারত। কারণ প্রথম ম্যাচেই বিরাট জয় পেয়েছে ভারতীয় দল। যদিও ভারত অনেক দিন পিঙ্ক বলের টেস্ট ম্যাচ খেলেনি।












Click it and Unblock the Notifications