AUS vs IND: মহম্মদ শামির অস্ট্রেলিয়া যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল, প্রস্তুতি ম্যাচ খেলে ঢুকতে পারেন টেস্ট দলেও
AUS vs IND: আজকের দিনটা মহম্মদ শামির কেরিয়ারে টার্নিং পয়েন্ট হতে পারে। ৩৬০ দিন অপেক্ষার শেষে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে গতকাল হতাশ করেছিলেন শামি।
ইন্দোরের হোলকার স্টেডিয়ামের গ্রিন টপে বাংলার পেসার শামি ১০ ওভার হাত ঘুরিয়ে একটি শিকারও মধ্যপ্রদেশ ম্যাচের প্রথম দিন ঝুলিতে পুরতে পারেননি। তবে আজ পেলেন চার উইকেট।

শামির সামনে হ্য়াটট্রিকের হাতছানি রয়েছে। কেন না, মধ্যপ্রদেশ ইনিংসের দুই টেল এন্ডারকে শামি পরপর দুই বলে ফিরিয়েছেন। ফলে দ্বিতীয় ইনিংসে প্রথম বলে উইকেট তুলে নিলে হ্যাটট্রিকটাও সেরে ফেলতে পারবেন। শামি প্রথম ইনিংসে ৪টি মেডেন-সহ ১৯ ওভারে ৫৪ রান দিয়ে চার উইকেট নিয়েছেন।
এক বছরেরও বেশি সময় পর লাল বলের ম্যাচ খেলছেন শামি। উত্তরপ্রদেশের অধিনায়ক শুভম শর্মা, অলরাউন্ডার সারাংশ জৈনের সঙ্গে দুই টেলএন্ডার কুমার কার্তিকেয় ও কুলবন্ত খেজরোলিয়াকে আউট করেন শামি। কার্তিকেয় কট বিহাইন্ড, বাকি সকলেই বোল্ড।
দ্বিতীয় ইনিংসে শামির বোলিংয়ের দিকে নজর থাকবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট, নির্বাচক, ফিজিও, ট্রেনারদের। দেখা হবে, ফের বোলিং করার পর শামি কোনও যন্ত্রণা অনুভব করছেন কিনা। না করলেই শামি উঠে পড়বেন অস্ট্রেলিয়ার বিমানে, বিসিসিআই সূত্রে তেমনই খবর।
অস্ট্রেলিয়া সফরে ভারতের দ্বিতীয় টেস্টটি দিন-রাতের। তাতে জসপ্রীত বুমরাহর সঙ্গে শামির জুটি বাঁধার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। যেহেতু চলতি রাউন্ডের পর ফের রঞ্জি ম্যাচ হবে জানুয়ারিতে, সে কারণেই শামিকে সকলে এই ম্যাচে দেখে নিতে চাইছিলেন।
শামিকে অস্ট্রেলিয়া সফরের টেস্ট দলে রাখা না হলেও পরে তাঁকে নেওয়ার রাস্তা খোলা। দ্বিতীয় টেস্টের আগে ক্যানবেরায় প্রাইম মিনিস্টার একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেও শামি খেলতে পারেন বলে খবর। ইন্দোরে ন্যাশনাল ক্রিকেট আকাদেমির ফিজিও ও ট্রেনারের সঙ্গে রয়েছেন নির্বাচক অজয় রাতরা।
ফিজিও ও ট্রেনারদের সঙ্গে কথা বলে রাতরা রিপোর্ট দিতে পারেন নির্বাচক প্রধান অজিত আগরকর, অধিনায়ক রোহিত শর্মা ও হেড কোচ গৌতম গম্ভীরকে। রঞ্জি ম্যাচ শেষ হচ্ছে শনিবার। ২২ নভেম্বর প্রথম টেস্টের আগেও শামিকে অস্ট্রেলিয়া পাঠানো হতে পারে।
সব কিছুই নির্ভর করছে শামির শরীরের অবস্থা কেমন থাকে তার উপর। উইকেট নেওয়াটা ইতিবাচক হলেও মূল বিষয় হলো ফিটনেস, যা যাচাই করবে বিসিসিআইয়ের স্পোর্টস সায়েন্স ও মেডিক্যাল টিম। এই টিমের প্রধান নীতিন প্যাটেলও রয়েছেন ইন্দোরে।
মধ্যপ্রদেশ ইনিংসের ৫৭ ওভারের মধ্যে শামি ১৯ ওভার বল করেছেন। বেশিরভাগ সময় ফিল্ডিংও করেছেন। কয়েকটি স্পেলে এই ১৯ ওভার করেছেন। চারটি ওভার মেডেন। মোট ৯০টি ডট বল করেছেন শামি। শামি যদি দ্বিতীয় ইনিংসে ১৫ থেকে ১৮ ওভারও করেন তা যথেষ্ট বলেই মনে করা হচ্ছে।
বিসিসিআইয়ের স্পোর্টস সায়েন্স ও মেডিক্যাল টিম খতিয়ে দেখবে চার দিন খেলার পর শামি কোনও যন্ত্রণা অনুভব করছে কিনা। বাংলার দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট পড়ে গিয়েছে। ফলে শামিকে কালই ফের বল হাতে বড় পরীক্ষায় নামতে হবে। এনসিএ সবুজ সঙ্কেত দিলেই অস্ট্রেলিয়া যেতে পারবেন শামি।












Click it and Unblock the Notifications