ICC Test Rankings: বিরাটকে টপকে গেলেন বাভুমা! অ্যাডিলেড টেস্টের আগে ধাক্কা খেলেন যশস্বী-শুভমান
ICC Test Rankings: শুক্রবার থেকে অ্যাডিলেড টেস্ট। তার আগে ধাক্কা খেলেন ভারতীয় দলের তারকা ব্যাটাররা। সদ্যপ্রকাশিত আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে।
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা পিছনে ফেলে দিলেন বিরাট কোহলিকে। নেমে যেতে হলো যশস্বী জয়সওয়াল, শুভমান গিলদেরও।

আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষে রয়েছেন জো রুট, ৮৯৫ রেটিং নিয়ে। হ্যারি ব্রুক ২ ধাপ উঠে চলে এলেন দুইয়ে। তাঁর রেটিং ৮৫৪। তিনে কেন উইলিয়ামসন (৮৩০)। ব্রুকের উত্থানে ২ ধাপ নেমে গেলেন যশস্বী জয়সওয়াল।
যশস্বী ৮২৫ রেটিং নিয়ে রয়েছেন চার নম্বরে। পাঁচে নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। যশস্বী ছাড়া ব্যাটারদের র্যাঙ্কিংয়ে প্রথম দশে আর একজনই ভারতীয় রয়েছেন। তিনি হলেন ঋষভ পন্থ, ৭৩৬ রেটিং নিয়ে তিনি রয়েছেন ছয়ে।
শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস ২ ধাপ উঠে সাতে চলে এলেন। এক ধাপ করে নেমে গিয়েছেন স্টিভ স্মিথ ও পাকিস্তানের সাউদ শাকিল। ১৪ ধাপ উঠে ১০ নম্বরে রয়েছেন তেম্বা বাভুমা। এক ধাপ নেমে বিরাট কোহলি রয়েছেন ১৪ নম্বরে। শুভমান গিলও এক ধাপ নেমে চলে গেলেন ১৮-তে। ২ ধাপ নেমে ষোড়শ স্থানে অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন।
আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন জসপ্রীত বুমরাহ। তাঁর রেটিং ৮৮৩। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডার রেটিং ৮৬৫। তিনে অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড (৮৬০)।
রবিচন্দ্রন অশ্বিন ৮০৭ রেটিং নিয়ে আছেন চারে। অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ও ভারতের রবীন্দ্র জাদেজা এক ধাপ করে উঠে যথাক্রমে পাঁচ ও ছয়ে রয়েছেন। অস্ট্রেলিয়ার নাথান লিয়ঁ আছেন সাতে। লিয়ঁর উত্থানে এক ধাপ নেমে শ্রীলঙ্কার প্রভাত জয়সূর্য রয়েছেন আটে। ১৯ ধাপ উঠে নয়ে দক্ষিণ আফ্রিকার মার্কো জানসেন।
বোলারদের তালিকায় কুলদীপ যাদব আছেন ১৯ নম্বরে। টেস্টে অলরাউন্ডারদের তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন রবীন্দ্র জাদেজা। মার্কো জানসেন অলরাউন্ডারদের তালিকায় ১০ ধাপ উঠে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। ফলে তিনে নেমে গেলেন রবিচন্দ্রন অশ্বিন। অক্ষর প্যাটেল আছেন আটে।












Click it and Unblock the Notifications