AUS vs IND: বড়দিনের পরের দিন খেলা শুরু হলে বক্সিং ডে টেস্ট বলে কেন? কারণটা জেনে রাখুন
AUS vs IND: কাল থেকে মেলবোর্নে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট। এ ছাড়়া সেঞ্চুরিয়নে বক্সিং ডে টেস্টে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান।
জিম্বাবোয়ের বুলাওয়াতে কাল থেকেই শুরু হচ্ছে জিম্বাবোয়ে-আফগানিস্তান টেস্ট। বড়দিনের পরদিন যে টেস্ট শুরু হয় তাকে বক্সিং ডে টেস্ট কেন বলা হয়, তা জানার আগ্রহ রয়েছে অনেকেরই।

২৬ ডিসেম্বরকে বক্সিং ডে হিসেবে চিহ্নিত করার প্রথা ইংল্যান্ড থেকেই শুরু বলে জানা যায়। ক্রিসমাস বা বড়দিন থেকে যে ১২ দিন ধরে ক্রিসমাসটাইড শুরু হয় বক্সিং ডে তার দ্বিতীয় দিন। ইংল্যান্ডে শুরু হলেও বক্সিং ডে উদযাপিত হয় বেশ কয়েকটি কমনওয়েলথ দেশে।
ইউরোপের কাতালোনিয়া, চেক রিপাবলিক, জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, নেদারল্যান্ডস, ইতালি, পোল্যান্ড, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড, সুইডেন, বেলজিয়াম, নরওয়ে, আয়ারল্যান্ডে ২৬ ডিসেম্বরকে বলা হয় সেন্ট স্টিফেনস ডে।
অক্সফোর্ড ইংলিশ অভিধানে উল্লেখ রয়েছে, ১৭৪৩ সালে ব্রিটেনে কোনও সংস্থা তাদের কর্মচারীদের কিংবা ব্যবসায়ীরা তাঁদের বাণিজ্যের সঙ্গে যুক্তদের উপহার দিতেন এই দিনে। ক্রিসমাস বক্সে করে। ক্রিসমাস বক্সের কথা প্রথম জানা যায় সপ্তদশ শতকেই।
ইউরোপীয় ইতিহাস ঘাঁটলে দেখা যায় বক্সিং ডে-র নেপথ্যে থাকা আরেকটি কারণ। যেখানে উল্লেখ রয়েছে, বিভিন্ন গির্জায় অনুদান সংগ্রহের জন্য বাক্স রাখা হয়। বড়দিনের পর সেই বাক্স খেলে জমা পড়া অর্থ বিলিয়ে দেওয়া হয় দুঃস্থদের মধ্যে। অনেক সমৃদ্ধশালী পরিবারও অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মানুষজনকে বড়দিনের পরদিন অর্থ ও উপহার প্রদান করে থাকেন বলে জানা যায়।
কারণ যা-ই হোক না কেন, বড়দিনের পরদিন অর্থাৎ ২৬ ডিসেম্বর অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডের মতো অনেক দেশেই ছুটি থাকে। সেদিন মানুষ ঘুরতে যান, কেনাকাটা করেন, অনেকে খেলাধুলো, বিনোদন জগৎ নিয়েও মেতে থাকেন এই দিনে।
বড়দিনের পরদিন তাই ক্রমেই বক্সিং ডে হিসেবে পরিচিত হয়েছে। অস্ট্রেলিয়ায় বক্সিং ডে টেস্ট ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছে। ১৯৫০ সালে প্রথমবার বক্সিং ডে টেস্ট খেলেছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। তারপর থেকে এই প্রথা চলে আসছে।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ৯০ হাজার দর্শকাসন। বক্সিং ডে টেস্টের প্রথম দিনেই সব টিকিট নিঃশেষিত। মনে করা হচ্ছে, অ্যাশেজের বাইরে এই প্রথম ভারত-অস্ট্রেলিয়া সিরিজ বক্সিং ডে-তে দেখতে হাজির থাকবেন রেকর্ড সংখ্যক দর্শক। বক্সিং ডে টেস্টের দ্বৈরথে ক্রিকেটের সঙ্গে মিশে ঐতিহ্য, সংস্কৃতি, উৎসবের আবহ। ছুটির মেজাজে এই বিশেষ দিনটি উপভোগ করেন সকলেই। ক্রিকেটের পাশাপাশি এই বিশেষ দিনে অস্ট্রেলিয়া-সহ নানা দেশে নানা ক্রীড়া প্রতিযোগিতাও আয়োজন করা হয়ে থাকে।












Click it and Unblock the Notifications