AUS vs IND: লক্ষ্য প্রথম একাদশে থাকা, অ্যাডিলেড টেস্টে ব্যাটিং অর্ডার নিয়ে কী বললেন রাহুল?
দ্বিতীয় ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। হিটম্যান দলে ফেরায় গোলাপি বলের টেস্টে ভারতীয় দলের প্রথম একাদশে রদবদল হবে।রোহিত যে সম্ভবত ওপেনিংয়ে খেলবেন না তা বোঝা গিয়েছে প্রস্ততি ম্যাচ দেখে। প্রশ্ন হচ্ছে কোথায় খেলবেন কেএল রাহুল? পারথে ওপেন করেছিলেন, দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে সফলও হয়েছেন। দ্বিতীয় টেস্ট ম্যাচের ২ দিন আগে ব্যাটিং অর্ডার নিয়ে মুখ খুললেন রাহুল।
বুধবার অ্যাডিলেডে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ভারতীয় দলের তারকা ব্যাটার কেএল রাহুল। পারথের দ্বিতীয় ইনিংসে রান পেয়ে আত্মবিশ্বাস কিছুটা হলেও ফিরে পেয়েছেন। তাই অ্যাডিলেডে নামার আগে নিজের ব্যাটিং অর্ডার নিয়ে ভাবছেন না রাহুল। তাঁর লক্ষ্য প্রথম একাদশে থাকা।

একইসঙ্গে ওপেনিং নিয়ে রাহুল আরও বলেন, আমাকে বেশ তাড়াতাড়ি বলা হয়েছিল যে আমি ওপেন করার সুযোগ পেতে পারি। আমি পুরো নিউজিল্যান্ড সিরিজ খেলিনি। ফলে আমাকে আগেই বলে দেওয়া হয়েছিল ওপেন করার সুযোগ পেতে পারি তারজন্য আমি প্রস্তুতির খুব ভালো সুযোগ পেয়েছি। ফলে আমি জানতাম আমাকে কীভাবে রান পেতে হবে কোন পদ্ধতি মেনে খেলতে হবে। পাশাপাশি রাহুল জানিয়ে দিয়েছেন আগামী ম্যাচে তাঁর ব্যাটিং অর্ডার জানা আছে তবে এখনই তিনি সেটা প্রকাশ করবেন না।
সিনিয়র ক্রিকেটার হলেও এখনও পর্যন্ত একবারও গোলাপি বলের টেস্ট ম্যাচ খেলা হয়নি কেএল রাহুলের। অ্যাডিলেডেই সম্ভবত প্রথমবার গোলাপি বলের টেস্ট ম্যাচ খেলতে নামবেন রাহুল। দ্বিতীয় টেস্ট ম্যাচেও ওপেন করতে নামতে পারেন রাহুলই। ক্যানবেরায় প্রস্তুতি ম্যাচে তাঁকেই ওপেন করতে দেখা গিয়েছে। লাল বলে ছন্দে ফিরেছেন, এবার রাহুলের সামনে চ্যালেঞ্জ গোপালি বলের টেস্ট।
বর্ডার-গাভাসকর ট্রফিতে দুরন্তভাবেই সূচনা করেছে ভারতীয় দল। পারথে ইতিমধ্যেই টিম ইন্ডিয়া বিরাট ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে। এর আগে এই মাঠে ভারত ৩৬ রানে অল আউট হয়ে গিয়েছিল। এবার কিন্তু পরিস্থিতি ভিন্ন। পারথে প্রথম টেস্ট ম্যাচে জয় পেয়েছে ভারত।












Click it and Unblock the Notifications