Ashwin Retires: অশ্বিনের আচমকা অবসর ঘোষণা, বর্ণময় আন্তর্জাতিক কেরিয়ারে নানা নজির
Ashwin Retires: ব্রিসবেন টেস্ট চলাকালীন আজ বারবারই ক্যামেরা তাক করছিল ড্রেসিংরুমে বসে থাকা রবিচন্দ্রন অশ্বিনের দিকে। বিরাট কোহলির পাশে বসে দীর্ঘক্ষণ কথা, বিরাটের অশ্বিনকে জড়িয়ে ধরায় ইঙ্গিত মিলছিল।
যদিও কয়েক মিনিট পরেই অশ্বিন যাবতীয় চর্চায় জল ঢেলে জানিয়ে দিলেন আন্তর্জাতিক ক্রিকেটে আর নয়! ক্লাব বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটই খেলবেন আপাতত।

চলতি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বাধিক উইকেটশিকারী হিসেবে আজই অশ্বিনকে টপকে গিয়েছেন জসপ্রীত বুমরাহ। তবে অশ্বিন আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বাধিক উইকেটশিকারী। মুথাইয়া মুরলীধরনের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন টেস্ট সিরিজে সেরা হওয়ার নিরিখে।
টি২০ আন্তর্জাতিকে অভিষেক ২০১০ সালে হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে। শেষ টি২০ আন্তর্জাতিক খেলেছেন ২০২২ সালে টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে। টেস্ট কেরিয়ারের শেষ ম্যাচটিও অশ্বিন খেলেন অ্যাডিলেডেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজে।
২০১১ সালে দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক। ২০১০ সালে একদিনের আন্তর্জাতিকে অভিষেক, হারারেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে। গত বছর চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচই ওডিআই কেরিয়ারের অশ্বিনের শেষ ম্যাচ হয়ে থাকল।
টেস্টে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় বর্তমানে সাত নম্বরে রয়েছেন অশ্বিন। টেস্টে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় স্পিনারদের ধরলে অশ্বিন রইলেন আপাতত চারে। টেস্ট মুরলীর উইকেট-সংখ্যা ৮০০। অশ্বিন আপাতত মুরলী, শেন ওয়ার্ন (৭০৮), অনিল কুম্বলের (৬১৯) পরেই। অশ্বিনের ঠিক পিছনেই নাথান লিয়ঁ। অজি স্পিনারের রয়েছে ৫৩৩টি টেস্ট উইকেট।
টেস্টে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় তিনে আছেন জেমস অ্যান্ডারসন (৭০৪), চারে কুম্বলে (৬১৯)। স্টুয়ার্ট ব্রড (৬০৪) আছেন পাঁচে। গ্লেন ম্যাকগ্রার অবস্থান ষষ্ঠ স্থানে। ভারতের পরবর্তী টেস্ট সিরিজ আগামী বছর ইংল্যান্ডে। দেশের মাটিতে সিরিজ যখন হবে তখন অশ্বিনের বয়স হবে ৩৯। বিদেশে নিয়মিত নন। ফলে সঠিক সময়েই অশ্বিন অবসর নিলেন।
ভারত অধিনায়ক রোহিত শর্মা পারথে পৌঁছে জানতে পেরেছিলেন অশ্বিনের অবসর-পরিকল্পনা সম্পর্কে। পারথে অশ্বিন দলে ছিলেন না। অ্যাডিলেডে গোলাপি বলে দিন-রাতের টেস্টে খেলানোর আগে যেন অশ্বিন কোনও সিদ্ধান্ত না নেন, সে ব্যাপারে তাঁকে বোঝান রোহিত। অবশেষে রোহিতের পাশে বসেই অশ্বিনের অবসর ঘোষণা।
রোহিত বলেন, কিছু সিদ্ধান্ত একেবারেই ব্যক্তিগত। তা নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়। কোনও সিদ্ধান্ত নেওয়া সংশ্লিষ্ট ব্যক্তির উপর ছাড়তে হয়। সর্বোপরি, অশ্বিন এতদিন আমাদের সঙ্গে খেলেছেন। আমরা তাঁর সিদ্ধান্তকে সম্মান জানাই। অশ্বিন নিজেই সিদ্ধান্ত নিয়েছেন, গোটা প্রক্রিয়া সম্পর্কে সজাগ থেকে অশ্বিনের পাশে থেকেছে গোটা দল।
অশ্বিনের অভাব যে অনুভূত হবে সেটাও জানান রোহিত। তিনি বলেন, অনেক ছোট থেকে আমরা একে অপরের বিরুদ্ধে খেলেছি। অশ্বিন ভালো ব্যাট করতেন ছোট থেকেই। যখন তাঁর বল হাতে সাফল্যের কথা শুনি অবাকই হয়েছিলাম। অশ্বিন অবসর নিলেও অজিঙ্ক রাহানে ও চেতেশ্বর পূজারার সামনে দলে ফেরার রাস্তা খোলা বলে জানান রোহিত।
সাংবাদিকরা এদিন অশ্বিন, রাহানে, পূজারাকে নিয়ে একযোগে প্রশ্ন করেছিলেন। রোহিত হেসে বলেন, আপনারা তো আমাকে ফেরে ফেলবেন! সকলে হেসে ওঠেন। তারপরই রোহিত বলেন, রাহানের সঙ্গে মুম্বইয়ে দেখা হয়। পূজারার সঙ্গে দেখা না হলেও যোগাযোগ থাকে। অশ্বিনের সঙ্গেও থাকবে। তবে আগের দুজন কিন্তু অবসর নেননি এখনও।
অভিষেক টেস্টে ম্যাচের সেরার পুরস্কার পাওয়া ক্রিকেটারদের তালিকাতেও রইল অশ্বিনের নাম। বিশ্বের প্রথম সারির স্পিনারদের মধ্যে অশ্বিনের ৬টি শতরান রয়েছে, যা ওয়ার্ন, মুরলী, কুম্বলে, লিয়ঁদের নেই। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চারটি এবং বাংলাদেশ ও ইংল্যান্ডের বিরুদ্ধে অশ্বিনের একটি করে টেস্ট শতরান রয়েছে।
ইডেন গার্ডেন্সে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ২০১৩ সালে অশ্বিনের করা ১২৪ তাঁর কেরিয়ারের সর্বাধিক রান। এ ছাড়া তিনি ইডেনে ২০১২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৯১ রানেও অপরাজিত ছিলেন। ১০৬ টেস্টে অশ্বিনের ব্যাটিং গড় ২৫.৭৫, ৬টি শতরান ও ১৪টি অর্ধশতরান রয়েছে।
টেস্টে ইনিংসে অশ্বিনের সেরা বোলিং ২০১৬ সালে ইন্দোরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে, ৫৯ রান দিয়ে ৭ উইকেট। সেই টেস্টে তিনি ১৩ উইকেট নিয়েছিলেন দুই ইনিংস মিলিয়ে। যা তাঁর টেস্ট কেরিয়ারে কোনও ম্যাচে সেরা পারফরম্যান্স।
অশ্বিন ইনিংসে ৬ বার ৭ উইকেট নিয়েছেন। ১২ বার নিয়েছেন ইনিংসে ৬ উইকেট। টেস্টে ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন ৩৭ বার। ম্যাচে ১০ উইকেট ৮ বার। পাঁচটি টেস্টে অশ্বিন দুই ইনিংস মিলিয়ে ১২ উইকেট পেয়েছেন। ১০ উইকেট নিয়েছেন ২ বার।
দেশের মাটিতে ৬৫টি টেস্টে অশ্বিন ৩৮৩টি উইকেট নিয়েছেন। বিদেশের মাটিতে তাঁর মোট উইকেটসংখ্যা ৪১টি টেস্টে ১৫৪টি। অস্ট্রেলিয়ায় ৪০টি, বাংলাদেশে ১২টি, ইংল্যান্ডে ১৮টি, নিউজিল্যান্ডে তিনটি, দক্ষিণ আফ্রিকায় ১১টি, শ্রীলঙ্কায় ৩৮টি ও ওয়েস্ট ইন্ডিজে ৩২টি উইকেট রয়েছে অশ্বিনের।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১১৫টি, ইংল্যান্ডের বিরুদ্ধে ১১৪টি, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭৫টি করে, শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬২টি, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫৭টি, বাংলাদেশের বিপক্ষে ৩৪টি ও আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে অশ্বিন ৫টি উইকেট নিয়েছেন।












Click it and Unblock the Notifications