AUS vs IND: পারথ টেস্টে নীতীশের অভিষেকের বড় আভাস, চোট নিয়ে খলিল দেশে ফিরলেন, ভারতের রিজার্ভে যশ দয়াল

AUS vs IND: পারথ টেস্ট শুরু শুক্রবার। সেই টেস্টেই অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডির অভিষেকের বড় আভাস দিলেন ভারতের বোলিং কোচ মর্নি মরকেল।

ভারতের প্রথম একাদশে জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ থাকছেনই। পারথ টেস্টে সুযোগ পাওয়ার দৌড়ে হর্ষিত রানার চেয়ে এগিয়ে প্রসিদ্ধ কৃষ্ণ। চতুর্থ সিমারের কাজ সারবেন নীতীশ।

AUS vs IND

পারথে ভারতের অনুশীলন দেখে যে আভাস মিলছে তাতে ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাদেজার চেয়ে একমাত্র স্পিনার হিসেবে একাদশে থাকার সম্ভাবনা বেশি রবিচন্দ্রন অশ্বিনের। অস্ট্রেলিয়া দলে অনেক বাঁহাতিও আছেন। তাছাড়া পারথে নাথান লিয়ঁর ট্র্যাক রেকর্ডও অশ্বিনকে খেলানোর দাবি জোরালো করার পক্ষে যথেষ্ট।

নীতীশ কুমার রেড্ডি সাত বা আটে নেমে কার্যকরী ভূমিকা নিতে পারবেন ব্যাট হাতে। সেই সঙ্গে প্রথম কয়েক দিন সিম মুভমেন্ট হবে জেনেই নীতীশকে পরিকল্পনায় রাখছে ভারতের থিঙ্কট্যাঙ্ক। মরকেল সোজাসুজি তো বলেই দিলেন, নীতীশের দিকে এই সিরিজে নজর রাখুন।

মরকেলের কথায়, সব দলই অলরাউন্ডারদের খেলাতে চায়। তার কারণ জোরে বোলারদের চাপ কিছুটা কমাতে। স্পিনারকে এক প্রান্তে রেখে কিংবা দুই প্রান্তেই সিমার দিয়ে আক্রমণ শানাতে কার্যকরী হতে পারেন নীতীশ। এখন দেখার জসপ্রীত কীভাবে তাঁকে ব্যবহার করেন।

উল্লেখ্য, নীতীশ ২৩টি প্রথম শ্রেণির ম্যাচে ৩৯ ইনিংসে ৭৭৯ রান করেছেন। ১টি শতরান ও ২টি হাফ সেঞ্চুরি আছে। বল হাতে তিনি ৪২ ইনিংসে তুলে নিয়েছেন ৫৬টি উইকেট।

এরই মধ্যে স্বস্তির খবর মিলেছে যশস্বী জয়সওয়ালকে নিয়ে। গতকাল নেটে ব্যাটিংয়ের সময় কাঁধের কাছে ঝাঁকুনির জেরে চোট পেয়েছিলেন যশস্বী। তাঁর কাঁধ ও ঘাড়ে শুশ্রূষা করতে দেখা গিয়েছিল ফিজিওকে। তবে আশঙ্কা উড়িয়ে নেটে আজ স্বাভাবিক ছন্দেই ছিলেন যশস্বী।

ভারতীয় টেস্ট দলের সঙ্গে রিজার্ভ পেসার হিসেবে ছিলেন খলিল আহমেদ। তিনি চোটের কারণে দেশে ফিরছেন। কোথায়, কতটা গুরুতর চোট তা জানা যায়নি। তবে খলিল নেটে বল করতে পারছেন না। মিচেল স্টার্ককে সামলাতে ভারতীয় ব্যাটাররা নেটে বাঁহাতি পেসার চাইছেন।

সে কারণে খলিলের পরিবর্ত হিসেবে রিজার্ভে ঢুকে পড়লেন যশ দয়াল। যশ জোহানেসবার্গ থেকে সরাসরি পারথে পৌঁছেছেন। দক্ষিণ আফ্রিকায় ভারতের টি২০ দলে থাকলেও একটি ম্যাচেও সুযোগ পাননি। যশকে আরসিবি ধরে রাখলেও খলিলকে ছেড়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। আইপিএল নিলামের আগে খলিল সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলবেন কিনা সেটাও স্পষ্ট নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+