AUS vs IND: ব্যাটিং দক্ষতা নিয়ে প্রশ্ন! সাংবাদিককে গুগল দেখার পরামর্শ দিলেন বুমরাহ, পাশে দাঁড়ালেন সিরাজের
AUS vs IND: ব্রিসবেনে সাংবাদিককে তাঁর ব্যাটিং দক্ষতা সম্পর্কে জানতে গুগল সার্চ করার পরামর্শ দিলেন জসপ্রীত বুমরাহ। মজার ছলেই মনে করালেন টেস্টে তাঁর বিশ্বরেকর্ড।
গাব্বা টেস্টে প্রথম ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে ভারত। চার উইকেট পড়ে গিয়েছে। সে নিয়েই বুমরাহকে প্রশ্ন করেছিলেন এক সাংবাদিক।

আজ বুমরাহ ৬ উইকেট দখল করেছেন। ম্যাচের শেষে তিনি সাংবাদিক বৈঠকে এলে এক সাংবাদিক ভারতের ব্যাটিং নিয়ে তাঁর মতামত জানতে চান। সঙ্গে এটাও জুড়ে দেন, এ বিষয়ে বলার তিনি যোগ্যতম নন। তবুও গাব্বার কন্ডিশনে দলের পরিস্থিতি নিয়ে তাঁর কী অভিমত? প্রশ্ন করেন ওই সাংবাদিক।
বুমরাহ তখন মজা করেই বলেন, এটা ইন্টারেস্টিং প্রশ্ন। আপনি কিন্তু আমার ব্যাটিং দক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন। আপনার গুগলে গিয়ে দেখা উচিত টেস্টে কোনও ওভারে সবচেয়ে বেশি রানের রেকর্ডটি কার। তবে জোক সরিয়ে রাখছি। ওটা আলাদা ঘটনা। এরপরই সাংবাদিকরা হেসে ওঠেন।
বুমরাহ মনে করালেন ২০২২ সালে বার্মিংহ্যাম টেস্টের কথা। যাতে তিনি স্টুয়ার্ট ব্রডের ওভারে ৩৫ রান তুলেছিলেন। প্রথম বল চার মারেন বুমরাহ। পরের ডেলিভারি ওয়াইড, সেটিতে বাই চার রান যোগ হয়। পরের ডেলিভারিটি নো বল ছিল, বুমরাহ ছয় মারেন।
এরপর টানা তিনটি চার মারার পর একটি ছক্কা হাঁকান বুমরাহ। শেষ বলে এক রান নেন। বুমরাহর এই ব্যাটিং তাণ্ডবে ভেঙে যায় ব্রায়ান লারা ও জর্জ বেইলির রেকর্ড। দুজনেই এর আগে টেস্টে এক ওভারে ২৮ রান তুলেছিলেন।
মহম্মদ সিরাজ ব্রিসবেন টেস্টেও ছন্দে নেই। গতকাল চোট পেয়েছিলেন। কিছুক্ষণ বাইরে থেকে ফের মাঠে নামেন। প্রথম ইনিংসে ২টি উইকেটও পেয়েছেন। বুমরাহ এদিন সাংবাদিক সম্মেলনে সিরাজের পাশে দাঁড়িয়ে তাঁর প্রশংসা করলেন।
বুমরাহের কথায়, এই ম্যাচে আমি ক্রেডিট দেব সিরাজকে। সামান্য চোট রয়েছে তাঁর। কিন্তু তা সত্ত্বেও সিরাজ বোলিং করে দলকে সাহায্য করেছেন। তিনি বুঝেছেন, তাঁর বাইরে চলে যাওয়া বা বল না করায় দল চাপে পড়বে। ফলে তিনি ভালো মানসিকতার পরিচয় দিয়েছেন। এই ফাইটিং স্পিরিট দল পছন্দ করে। আমিও খুব ভালোবাসি।
বুমরাহ আরও বলেন, সিরাজ সব সময় লড়াই করতে প্রস্তুত থাকেন। দলের জন্য সর্বস্ব উজাড় করে দেন। যে কোনও ক্রিকেটারের কাছে এটা সবচেয়ে বড় ইতিবাচক দিক। ১০০ শতাংশ ফিট না থেকেও তিনি দলের জন্য লড়াই চালিয়ে যান। খুব ভালো অ্যাটিটিউড।
কোনও দিন ভালো বল করেও উইকেট মেলে না। আবার তুলনায় খারাপ বোলিং করে উইকেট মেলে। সেটাই সব সময় সিরাজ-সহ বাকি সতীর্থদের বলে চাঙ্গা রাখেন বুমরাহ। যা নিয়ন্ত্রণ করা যায় তা নিয়েই ভাবা উচিত। দৌড়ের সঙ্গে মুখের হাসি বজায় রাখতে হবে। কেন না, সকলে টেস্ট খেলার সুযোগ পায় না। এ জন্য ক্রিকেটারদের পরিবারও গর্বিত হয়।
সিরাজের কোনও সমস্যা নেই বলেই দাবি বুমরাহর। ভারতের বোলিং বুমরাহের উপর বেশি নির্ভরশীল, এমনটাও বলছেন অনেকে। ভারতের সহ অধিনায়ক বলেন, আমরা দলে কেউ কারও দিকে আঙুল তুলি না। কেউ কাউকে বলি না এটা করতে হবে, ওটা করতে হবে।
বুমরাহ বলেন, দলে পালাবদলের প্রক্রিয়া চলছে। অস্ট্রেলিয়ায় নতুনরা এসেছেন। এখানে খেলা সহজ নয়। উইকেটে আলাদা চ্যালেঞ্জ আছে। বোলিং বিভাগে ট্রানজিশন চলাকালীন আমার কাজ হলো সকলকে সাহায্য করা। তাঁদের চেয়ে বেশি খেলেছি। সে কারণেই সাহায্য করছি। সকলেই শেখার মাধ্যমে নিজেদের উন্নত করবেন।












Click it and Unblock the Notifications