AUS vs IND: বুমরাহ ব্যাট করতে নামবেন, সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে বোলিং নিয়ে সিদ্ধান্ত কখন?
AUS vs IND: জসপ্রীত বুমরাহকে নিয়ে কিছুটা স্বস্তি। আবার অস্বস্তিও থেকে গেল। ভারতের এক নম্বর পেসার ব্যাক স্প্যাজমের সমস্যায় ভুগছেন।
আজ সিডনি টেস্টে সিংহভাগ সময়ই ছিলেন মাঠের বাইরে। নিয়ে যাওয়া হয় হাসপাতালে, স্ক্যান করাতে।

ভারত দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৪১ রান তুলেছে। অস্ট্রেলিয়ার চেয়ে এগিয়ে ১৪৫ রানে। রবীন্দ্র জাদেজা ৮ ও ওয়াশিংটন সুন্দর ৬ রানে অপরাজিত আছেন। ফলে অস্ট্রেলিয়ার সামনে চ্যালেঞ্জিং টার্গেট রাখতে বুমরাহকে ব্যাটার হিসেবেও দায়িত্ব পালন করতে হবে।
আজ ঘণ্টা তিনেক বুমরাহ সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ছিলেন না। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই স্ক্যান করাতে নিয়ে যাওয়া হয়েছিল। একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকের প্রতিবেদন অনুযায়ী, বুমরাহর ব্যাট করতে অসুবিধা হবে না। ফলে এটা নিশ্চিতভাবেই বড় স্বস্তি।
অস্বস্তি যেটা তা হলো দ্বিতীয় ইনিংসে এই টেস্টের অধিনায়ক বুমরাহ বোলিং করতে পারবেন কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে কাল সকালেই। সূত্রকে উদ্ধৃত করে প্রতিবেদনে উল্লেখ, বুমরাহকে সতর্কতামূলক বন্দোবস্ত হিসেবেই স্ক্যান করানো হয়েছে। তবে গুরুতর কিছু এই মুহূর্তে পাওয়া যায়নি।
ওই সূত্রেরই দাবি, বুমরাহ ব্য়াট করবেন। কাল সকালে তিনি কেমন বোধ করছেন তার উপরই নির্ভর করবে বোলিং করার মতো অবস্থায় রয়েছেন কিনা। মেডিক্যাল টিম বুমরাহর উপর সর্বক্ষণ নজর রাখছে বলেও জানানো হয়েছে।
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে বুমরাহ গতকাল ২ ওভার করেছিলেন। আজ মোট ৮ ওভার করেছেন। মধ্যাহ্নভোজের বিরতির পর এক ওভার করেছেন। এরপরই পিঠের সমস্যার কারণে আর বল করেননি। বুমরাহর বোলিং ফিগার ১০ ওভার ১ মেডেন ৩৩ রান ২ উইকেট। গতকাল উসমান খোয়াজাকে আউটের পর আজ মার্নাস লাবুশেনকে ফেরান বুমরাহ।
যদিও বুমরাহর অনুপস্থিতিতে দুরন্ত বোলিং করেছেন মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ। দুজনেই তিনটি করে উইকেট নিয়েছেন। নীতীশ কুমার রেড্ডি নিয়েছেন ২ উইকেট। প্রথম ইনিংসে ভারতের ১৮৫ রানের জবাবে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ১৮১ রানে।
ভারতীয় দলের প্রাথমিক লক্ষ্য লিড ২০০-র উপর নিয়ে যাওয়া। তাহলেই অস্ট্রেলিয়াকে চাপে ফেলা যাবে বলে মনে করা হচ্ছে। যদিও বুমরাহ বোলিং না করতে পারলে তা কিছুটা অসুবিধাজনকই হবে ভারতের পক্ষে।
অস্ট্রেলিয়ার হেড কোচ অ্যান্ড্রু ম্য়াকডোনাল্ড বলেন, চলতি সিরিজে সর্বাধিক উইকেটশিকারী বুমরাহ। ফলে তিনি না থাকলে তা আমাদের পক্ষে সুবিধাজনকই হবে। বুমরাহ অসাধারণ বোলার। যে কোনও পিচেই ভালো বোলিং করতে পারেন। বুমরাহ না থাকলে ভারতও অন্য পরিকল্পনা নিয়েই নামবে।












Click it and Unblock the Notifications