AUS vs IND: হেডকে ফিরিয়ে টেস্টে ২০০তম শিকার বুমরাহর, একাধিক নজিরও, প্রবল চাপে অস্ট্রেলিয়া
AUS vs IND: ফের বিধ্বংসী জসপ্রীত বুমরাহ। স্যাম কনস্টাসকে বোল্ড করে টেস্টে ১৯৯তম শিকারটি সুনিশ্চিত করেছিলেন। এরপর দ্বিতীয় ইনিংসে নিজের ১১তম ওভারে দিলেন জোড়া ধাক্কা।
অস্ট্রেলিয়ার ইনিংসের ৩৪তম ওভারের দ্বিতীয় বলে ট্রাভিস হেডকে ফিরিয়ে ২০০তম টেস্ট উইকেটটি তিনি দখল করলেন। এরপর এই ওভারের শেষ বলেই আউট করলেন মিচেল মার্শকে।

ট্রাভিস হেড ২ বলে ১ রান করে আউট হন। ফ্লিক মারতে গিয়ে স্কোয়্যার লেগে দাঁড়ানো নীতীশ কুমার রেড্ডির হাতে ক্যাচ দেন। মিচেল মার্শের দুঃসময় অব্যাহত। চার বলে শূন্য রান করে তিনি সাজঘরে ফিরলেন বুমরাহর বলে ঋষভ পন্থের হাতে ক্যাচ দিয়ে। ফলে ৮৫ রানে ৫ উইকেট হারায় অজিরা।
টেস্টে যাঁরা ২০০টি উইকেট দখল করেছেন তাঁদের মধ্যে সবচেয়ে কম রান (৩৯১২) দিয়ে এই মাইলফলক স্পর্শ করলেন বুমরাহ। জোয়েল গার্নার ২০০টি উইকেট দখল করেছিলেন ৪০৬৭ রান দিয়ে। সেই নজির ভাঙলেন বুমরাহ।
ভারতীয়দের মধ্যে সবচেয়ে কম রান দিয়ে ২০০ উইকেট দখলের কীর্তি এতদিন ছিল রবীন্দ্র জাদেজার দখলে। জাদেজা খরচ করেছিলেন ৪৮৪০ রান। ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে কম বলে ২০০ উইকেট দখলের নিরিখে বুমরাহ রইলেন চতুর্থ স্থানে।
৮৪৮৪ বলে ২০০তম টেস্ট উইকেটটি দখল করলেন বুমরাহ। ওয়াকার ইউনিসের লেগেছিল ৭৭২৫টি বল। ডেল স্টেইন ৭৮৪৮ ও কাগিসো রাবাডা ৮১৫৪টি বলে ২০০তম টেস্ট শিকার ঝুলিতে পুরেছিলেন। ভারতীয় বোলারদের মধ্যে বলের নিরিখে টেস্টে দ্রুততম ২০০ উইকেট দখলের নজির ছিল মহম্মদ শামির (৯৮৯৬)। সেই নজিরও ভাঙলেন বুমরাহ।
নিজের দ্বাদশ ওভারটি করতে গিয়ে অ্যালেক্স ক্যারিকেও আউট করেছেন বুমরাহ। ৭ বলে ২ রান করে অজি উইকেটকিপার বোল্ড হন। অস্ট্রেলিয়ার ষষ্ঠ উইকেটের পতন ৯১ রানে, লিড ১৯৬ রানের।
৩২.৩ ওভারে স্টিভ স্মিথ (৪১ বলে ১৩) আউট হয়েছিলেন মহম্মদ সিরাজের বলে। ৮০ রানে তৃতীয়, ৮৫ রানে চতুর্থ ও পঞ্চম এবং ৯১ রানে ছয় উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। বুমরাহ এখনও অবধি ১টি মেডেন-সহ ১২ ওভারে ২৮ রান দিয়ে চারটি উইকেট দখল করেছেন।
টেস্টে ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় বুমরাহ আপাতত ১২ নম্বরে। অনিল কুম্বলে (৬১৯), রবিচন্দ্রন অশ্বিন (৫৩৭) , কপিল দেব (৪৩৪), হরভজন সিং (৪১৭), রবীন্দ্র জাদেজা (৩২২), ইশান্ত শর্মা (৩১১), জাহির খান (৩১১), বিষেণ সিং বেদী (২৬৬), ভাগবৎ চন্দ্রশেখর (২৪২), জাভাগল শ্রীনাথ (২৩৬), মহম্মদ শামি (২২৯)-র পরেই রইলেন জসপ্রীত বুমরাহ (২০২)।












Click it and Unblock the Notifications