AUS vs IND: ক্লোজড ডোর নয় পারথে! অস্ট্রেলিয়ার মিডিয়ার দাবি ওড়াল বিসিসিআই, ভারতের প্রস্তুতি ম্যাচে অভিনবত্ব
AUS vs IND: পারথে ভারতীয় দলের অনুশীলন বা প্রস্তুতি ম্যাচ দেখার সুযোগ পাবেন সাধারণ ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে দেশ-বিদেশের সাংবাদিকরা। জানিয়ে দিল বিসিসিআই।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দাবি করেছিল, ভারতীয় দল নাকি ক্লোজড ডোর প্রস্তুতি ম্যাচ খেলবে। যদিও তা ভিত্তিহীন বলে দাবি করে বিসিসিআই স্পষ্ট জানাল, ক্রিকেট অস্ট্রেলিয়া-সহ কারও কাছেই বোর্ড ক্লোজড ডোরের বন্দোবস্তের আর্জি জানায়নি।

ভারতীয় দল জোরকদমে অনুশীলন শুরু করে দিচ্ছে। আপাতত নেট প্র্যাকটিস চলছে ওয়াকায়। এরপর সেখানেই সেন্টার উইকেটে ভারতীয় দল প্রস্তুতি ম্যাচ খেলবে। যদিও প্রথম টেস্ট হবে পারথেরই অপর মাঠ, অপটাস স্টেডিয়ামে।
ওয়াকা স্টেডিয়ামে চলছে সংস্কার কাজ, যা আগামী বছর শেষ হওয়ার কথা। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দাবি করেছিল, নির্নাণকাজে যাঁরা যুক্ত রয়েছেন তাঁদের কাছে ওই কাজের দায়িত্বপ্রাপ্ত সংস্থার তরফে মেল পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, ভারতীয় দলের অনুশীলন চলাকালীন তা দেখা, ছবি ও ভিডিও তোলা বা ড্রোন ওড়ানো যাবে না।
এডিসিও কনস্ট্রাকশনসের সিইও অ্যাডাম সজিয়ারের মেলের কথা উল্লেখ করে, অস্ট্রেলিয়ার মিডিয়া দাবি করে, ভারতের অনুশীলন শুধু ক্রিকেটপ্রেমীরাই নন, স্টেডিয়াম সংস্কারের কাজে যুক্ত থাকা কেউই তা দেখতে পারবেন না বলে কড়া নির্দেশিকা জারি হয়েছে।
📍 Perth#TeamIndia's preparations have begun for the Border-Gavaskar Trophy 2024-25 👌👌#AUSvIND pic.twitter.com/MrzYjUsp4j
— BCCI (@BCCI) November 13, 2024
ভারতীয় দল ওয়াকায় মঙ্গলবার থেকে অনুশীলন শুরু করেছে। রবিবার পর্যন্ত সেখানেই প্র্যাকটিস চলবে। শুক্র থেকে রবিবার অবধি প্রস্তুতি ম্যাচ হবে ভারতের টেস্ট দল ও ভারতীয় এ দলে থাকা ক্রিকেটারদের মধ্যে। তবে প্রথম শ্রেণির ম্যাচের মতো প্রস্তুতি ম্যাচ হবে না বলেই বিসিসিআইয়ের তরফে জানা গিয়েছে।
প্রথম শ্রেণির ম্যাচে কোনও ব্যাটার আউট হলে তিনি আর নামতে পারেন না। তবে এ ক্ষেত্রে বিষয়টি তেমন হচ্ছে না। মোদ্দা কথা হলো, এক দলে থাকবেন ব্যাটাররা। অন্য দলের বোলাররা। বোলাররা লাগাতার বল করবেন টেস্ট দলে থাকা প্লেয়ারদের। তাতে কেউ দ্রুত আউট হলেও ফের ব্য়াট করতে পারবেন। ম্যাচ সিমুলেশনই পারথ টেস্টের আগে ভারতের প্রস্তুতির বড় হাতিয়ার।
প্রস্তুতি ম্যাচটি একাধারে যেমন অনুশীলন, তেমনই ম্যাচের মতো পরিস্থিতিতে ব্যাটার বা বোলাররা খেলবেন। নেট প্র্যাকটিসের চেয়ে যা আলাদা। কোভিডকালে ভারতীয় দল ইংল্যান্ড সফরে গিয়েও এমন অনুশীলন করেছিল। এক কথায়, ফিল্ডিং সাজিয়ে ম্যাচের মতো পরিস্থিতি তৈরি করে জোরদার অনুশীলন।
আজ ভারতীয় দলের সতীর্থদের সঙ্গে দীর্ঘক্ষণ ব্যাট করেছেন বিরাট কোহলি। ভারতীয় এ দলের কয়েকজন বোলারও নেটে ছিলেন। ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীরের আশা, রোহিত শর্মা প্রথম টেস্টের আগেই পৌঁছে যাবেন পারথে।












Click it and Unblock the Notifications