AUS vs IND: বুমরাহ ফেরালেন কনস্টাসকে, খোয়াজাকে সিরাজ! অস্ট্রেলিয়ার উপর চাপ তৈরির চেষ্টায় ভারত
AUS vs IND: মেলবোর্ন টেস্টে চতুর্থ দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের চেয়ে ১৫৮ রানে এগিয়ে অস্ট্রেলিয়া। হাতে ৮ উইকেট। তবে দ্বিতীয় ইনিংসে ভারতীয় পেসাররা অজি ব্যাটারদের চাপেই রেখেছেন।
দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া আপাতত ২৫ ওভারে ২ উইকেট খুইয়ে ৫৩ রান তুলেছে। পরিস্থিতি আরও খারাপ হতে পারতো যদি দুর্ভাগ্য সঙ্গী না হতো ভারতের।

ওপেনার স্যাম কনস্টাস ১৮ বলে ৮ রান করে বোল্ড হয়ে গিয়েছেন। ৬.৩ ওভারে ২০ রানে ভাঙে ওপেনিং জুটি। ১৮.৫ ওভারে ৪৩ রানে পড়ে দ্বিতীয় উইকেট। উসমান খোয়াজা ৬৫ বলে ২১ রান করে বোল্ড হয়ে যান মহম্মদ সিরাজের বলে।
জীবন পাওয়ার সুযোগ সদ্ব্যবহারে ব্যর্থ খোয়াজা। বুমরাহর বলে লেগ গালিতে যশস্বী জয়সওয়াল যদি খোয়াজার ক্যাচ ধরতে পারতেন তাহলে ২ রানেই সাজঘরে ফিরতে হতো অজি ওপেনারকে। লাঞ্চে মার্নাস লাবুশেন ৪৬ বলে ২০ ও স্টিভ স্মিথ ২১ বলে ২ রানে অপরাজিত আছেন।
লাবুশেনও ভাগ্যের সহায়তা পেয়েছেন। ১৭.৩ ওভারে লাবুশেনের বিরুদ্ধে লেগ বিফোরের জোরালো আবেদন ওঠে। বুমরাহর সপ্তম ওভারে। আম্পায়ার মাইকেল গফ আউট দেননি। ভারত রিভিউ নেয়। শেষ অবধি আম্পায়ারস কলে রক্ষা পান লাবুশেন।
জসপ্রীত বুমরাহর সঙ্গে এদিন নতুন বলে শুরু করেন আকাশ দীপ। শুরু থেকেই দুজনে অজিদের অস্বস্তিতে চাপে রেখে অস্বস্তি বাড়াতে থাকেন। বুমরাহর প্রথম স্পেল ছিল ৫ ওভার ১ মেডেন ৯ রান ১ উইকেট। এখনও অবধি দ্বিতীয় ইনিংসে ১টি মেডেন-সহ ৮ ওভারে ১৮ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। আর একটি উইকেট পেলেই টেস্টে ২০০ উইকেটের মালিক হয়ে যাবেন।
আকাশ দীপের ৯ ওভারে ২টি মেডেন, ২০ রান দিয়ে উইকেট পাননি। চারটি মেডেন-সহ ৭ ওভারে ১০ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন সিরাজ। রবীন্দ্র জাদেজা ১ ওভারে তিন রান দিয়েছেন। আজ এখনও ৬৫ ওভার খেলা বাকি দুই সেশনে। তাতেই নিশ্চিত হবে কোন দিকে এগোচ্ছে মেলবোর্ন টেস্ট।
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৪৭৪ রানের জবাবে আজ ভারতের ইনিংস শেষ হয় ৩৬৯ রানে। প্রথম ইনিংসে অজিদের লিড ছিল ১০৫ রানের। নীতীশ কুমার রেড্ডি আটে নেমে ১৮৯ বল খেলে ১১৪ রান করেন। ১১টি চার ও ১টি ছয় মেরেছেন। প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড ও নাথান লিয়ঁ তিনটি করে উইকেট পেয়েছেন।












Click it and Unblock the Notifications