AUS vs IND: বর্ডার-গাভাসকর ট্রফিই শেষ সুযোগ! ভারতীয় ক্রিকেটে এবার দ্বৈত কোচের নীতি?
বিশ্বকাপ জয়ের পরই টি২০ আন্তর্জাতিক থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। ফলে ভারতীয় ক্রিকেটে দ্বৈত অধিনায়কত্বের নীতি চালু হয়েছে। রোহিত শর্মা ওডিআই এবং টেস্ট ফর্ম্যাটে নেতৃত্ব দিলেও সূর্যকুমার যাদবকে টি২০ দলের নেতা করা হয়েছে। আগামী বছরে ভারতীয় ক্রিকেটে চালু হবে দ্বৈত কোচের নীতি?
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভয়াবহ ব্যর্থতার পর কোচ গৌতম গম্ভীরের উপর সম্পূর্ণ আস্থা রাখতে পারছেন না বিসিসিআই কর্তারা। ম্যারাথন মিটিংয়ের পর অন্তত সেই আভাসই পাওয়া গিয়েছে। নিউজিল্যান্ড সিরিজে হারের পর গম্ভীরের ডানা ছাঁটার কাজ শুরু হয়ে গিয়েছে, অস্ট্রেলিয়া সফরে ফলাফল অনুকূলে না গেলে দায়িত্ব কমানো হতে পারে গম্ভীরের।

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজ দিয়েই ভারতীয় দলে কোচিং ইনিংস শুরু করেন গম্ভীর। কিন্তু একদিনের সিরিজ থেকেই ছবিটা ধীরে ধীরে বদলাতে শুরু করে। তিন ম্যাচের সিরিজে ২-০ জিতে যায় শ্রীলঙ্কা। এরপর ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট এবং টি২০ সিরিজে জয় পেলেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুধু হারতে নয় একেবারে হোয়াইটওয়াশ হতে হয়েছে।
ভারতীয় দলের কোচ হওয়ার পর থেকেই আগ্রাসী ক্রিকেটের রণকৌশল নিয়েছেন গম্ভীর। ভারতীয় দলের হেড কোচের সঙ্গে একাধিক বিষয়ে থিঙ্ক ট্যাঙ্কের মতের মিল হচ্ছে না তা বিসিসিআইয়ের বৈঠক শেষেই উঠে এসেছে। বিশেষ করে দল নির্বাচন থেকে রণকৌশল চূড়ান্ত করা বিভিন্ন বিষয়ে এক লাইনে নেই গম্ভীর এবং থিঙ্ক ট্যাঙ্কের সদস্যদের ভাবনা।
ভারত অস্ট্রেলিয়া সিরিজে ফলাফল দেখেই অনেক কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে ভারত যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যোগ্যতা অর্জন করতে না পারে সেক্ষেত্রে হয়তো কড়া সিদ্ধান্ত নেওয়া হতে পারে সিনিয়র ক্রিকেটারদের নিয়ে।
শুধু সিনিয়র ক্রিকেটার নন, কোচ গৌতম গম্ভীর নিয়েও কড়া সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই। অস্ট্রেলিয়া সিরিজে ফলাফল অনুকূলে না গেলে ইংল্যান্ডে সিরিজে টেস্ট দলে ভারতীয় দলে নতুন কোচ দেখা যেতে পারে। সেক্ষেত্রে গম্ভীরকে শুধু সাদা বলের কোচের দায়িত্বে দেখা যেতে পারে। ভিভিএস লক্ষ্মণকে লাল বলের ক্রিকেটের দায়িত্ব দেওয়া হতে পারে।












Click it and Unblock the Notifications