AUS vs IND: ব্রিসবেনে ঘুরে দাঁড়াতে মরিয়া ভারতীয় ব্যাটাররা, গাব্বায় বিশেষ পরিকল্পনা নিয়ে প্রথম দিনের অনুশীলন
AUS vs IND: শনিবার থেকে ব্রিসবেনের গাব্বায় শুরু ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। খেলা শুরু ভারতীয় সময় ভোর ৫টা ৫০ মিনিট থেকে। তার আগে আজই প্রথম ব্রিসবেনে অনুশীলন সারল রোহিত শর্মার ভারত। টেস্টের আগে শেষ প্র্যাকটিস কাল।
পিচে গতি ও বাউন্স থাকবে। তার সঙ্গে মানিয়ে নেওয়ার সবরকম প্রস্তুতিই সারলেন ভারতীয় ব্যাটাররা। দীর্ঘ সময় ধরে চলল নেট সেশন।

চলতি সিরিজে চার ইনিংসে তিনবারই ভারত দুশোর ঘরে নিজেদের রান নিয়ে যেতে পারেনি। ফলে সেই ব্যর্থতা ভুলে ব্রিসবেনে ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী ব্যাটাররা। এমনও দেখা গেল, ব্যাটাররা নিজেদের দুর্বলতা শোধরানোর প্রচেষ্টা চালালেন।
বিরাট কোহলি অ্যাডিলেডে অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে উইকেট দিয়েছেন। পারথে দ্বিতীয় ইনিংসে শতরান পেলেও অ্যাডিলেডে চূড়ান্ত ব্যর্থ। অ্যাডিলেড ওভালের অনুশীলনে দেখা গিয়েছিল বিরাট ব্যাকফুটে খেলার উপর জোর দিচ্ছেন। এদিন অফ স্টাম্পের বাইরের বল ছাড়তে দেখা গেল বিরাটকে। ফুটওয়ার্কেও খামতি মেটাতে তিনি বদ্ধপরিকর।
রোহিত শর্মাও ছন্দে নেই। তিনি এদিন প্রথমে স্পিনারদের বিরুদ্ধে প্র্যাকটিস সারলেন। এরপর নভদীপ সাইনি, যশ দয়ালদের বোলিংয়ের মোকাবিলা করলেন। বিরাটের মতো অফ স্টাম্পের বাইরের বল নিয়ে রোহিতও যে সতর্ক তা দেখা গেল থ্রোডাউন প্র্যাকটিসের সময়ই।
ভারতের প্রথম ছয় ব্যাটারই এদিনের অনুশীলনে যে বিষয়টিতে জোর দিলেন তা হলো পিচের বাউন্সের দিকে নজর রাখা। বাউন্স আঁচ করা বল ছাড়ার ক্ষেত্রে পারদর্শিতা দেখাতে মরিয়া সকলেই, সেই বিষয়টিও এদিনের অনুশীলনে দেখা গেল।
লোকেশ রাহুলকে দেখা গিয়েছে নেটে ব্যাটিংয়ের ফাঁকে হেড কোচ গৌতম গম্ভীরের সঙ্গে কথা বলতে। বোলিং কোচ মর্নি মরকেল ১৮ গজ দূর থেকে বোলিং করলেন যশস্বীর শরীর লক্ষ্য করে। যশস্বী আবার বোলিং করলেন আকাশ দীপকে।
মহম্মদ সিরাজ ব্রিসবেনে লাইন ও লেংথে উন্নতি ঘটাতে বদ্ধপরিকর। বাউন্স কাজে লাগাতে তিনি বল ছাড়ার সময়ে কিছু বদল আনতে পারেন। সে বিষয়ে কথা হয়েছে রোহিত শর্মা ও মর্নি মরকেলের সঙ্গে।
টিম হাডলে সতীর্থদের পেপ টক দিয়েছেন বিরাট কোহলি। এরপর ওয়ার্ম আপ সেরে তিনি ফিল্ডিং প্র্যাকটিস করেন। ছিল স্লিপ ক্যাচিং। এরপর কোহলি অনেকক্ষণ সামলালেন থ্রোডাউন। তারপর নেটে ব্যাট করলেন ভারতের সেরা পেসারদের বিরুদ্ধে। বিশেষ করে শেষ আধ ঘণ্টায় তিনি নিজের পরিকল্পনামাফিক অনুশীলন সারলেন। দেখা গেল কভার ড্রাইভ, ব্যাকফুট পাঞ্চ মারতেও।












Click it and Unblock the Notifications