AUS vs IND: ব্রিসবেন টেস্টে ভারতের জেতার টার্গেট ২৭৫, ইনিংস ডিক্লেয়ারে সাহসী পদক্ষেপ অস্ট্রেলিয়ার
AUS vs IND: ব্রিসবেন টেস্টে ২০২১ সালে অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। জিতেছিল সিরিজ। এবার অবশ্য টার্গেট তার চেয়ে কম।
তবে ফের আজকের ম্যাচে বৃষ্টির আশঙ্কা থাকছে। অস্ট্রেলিয়ার হয়ে বোলিং করতে পারবেন না জশ হ্যাজলউড। ফলে ওডিআই মেজাজে খেলে ভারত জয় ছিনিয়ে নিয়ে সিরিজে এগিয়ে যায় কিনা সেদিকেই সকলের নজর।

অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ১৮ ওভার খেলে ৭ উইকেটে ৮৯তুলে ইনিংস ডিক্লেয়ার করল। যা ব্রিসবেনের গাব্বায় সবচেয়ে কম রানে ইনিংস ডিক্লেয়ারের তালিকায় রইল তিনে। ১৯৫০ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেটে ৩২ রান তুলে ডিক্লেয়ার করে জিতেছিল অজিরা।
২০০১ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়া ২ উইকেটে ৮৪ তুলে ডিক্লেয়ার করে। সেই টেস্টটি ড্র হয়েছিল। তারপর রইল এদিন ৭ উইকেটে ৮৯ তুলে ডিক্লেয়ার করার নজির। জানা যাচ্ছে, ভারত দ্বিতীয় ইনিংসে ৫৪ ওভার ব্যাট করার সুযোগ পাবে। তবে তা সম্ভব হবে কিনা সেটাই বড় প্রশ্ন।
অস্ট্রেলিয়ার হয়ে সর্বাধিক ১০ বলে ২২ করেন অধিনায়ক প্যাট কামিন্স। তিনি দুটি করে চার ও ছয় মারেন আকাশ দীপ ও মহম্মদ সিরাজের ওভারে। ১৮তম ওভারে রোহিত শর্মা বোলার পরিবর্তন করে জসপ্রীত বুমরাহর হাতে ফের বল তুলে দেন। প্রথম বলেই বুমরাহ ফেরান কামিন্সকে।
ট্রাভিস হেড ১৯ বলে ১৭ রান করেন। ২০ বলে ১৯ রানে অপরাজিত থাকেন অ্যালেক্স ক্যারি। ২ বলে ২ রানে নট আউট থাকেন মিচেল স্টার্ক। নাথান ম্যাকসুইনি ৪, উসমান খোয়াজা ৮, মার্নাস লাবুশেন ১, মিচেল মার্শ ২, স্টিভ স্মিথ ৪ রান করে আউট হন।
জসপ্রীত বুমরাহ ১টি মেডেন-সহ ৬ ওভারে ১৮ রান দিয়ে তিন উইকেট নেন। এই টেস্টে তাঁর উইকেট-সংখ্যা ৯। সিরাজ ৭ ওভারে ৩৫ রান দিয়ে ২টি উইকেট দখল করেন। ১টি মেডেন-সহ ৫ ওভারে ২৮ রান দিয়ে ২ উইকেট ঝুলিতে পুরেছেন আকাশ দীপ।
ব্রিসবেন টেস্টে দুই ইনিংসেই খোয়াজাকে প্যাভিলিয়নে ফেরালেন বুমরাহ। প্রথম ইনিংসে অজি ওপেনার করেছিলেন ৫৪ বলে ২১। দ্বিতীয় ইনিংসে ৭ বলে ৮ রানের বেশি করতে পারলেন না। অস্ট্রেলিয়ার অস্বস্তি বাড়াল মার্নাস লাবুশেনের ফর্ম।
লাবুশেন ব্রিসবেন টেস্টে দুই ইনিংসে যথাক্রমে ১২ ও ১ রানে আউট হলেন। পারথ টেস্টে করেছিলেন ২ ও ৩। অ্য়াডিলেডে করেন ৬৪। তার আগে পাকিস্তানের বিরুদ্ধে দুটি টেস্টে যথাক্রমে ১৬ ও ৬ রান করেন অস্ট্রেলিয়ার নির্ভরযোগ্য ব্যাটার। দ্বিতীয় ইনিংসে ট্রাভিস হেডকে আউট করেন মহম্মদ সিরাজ।
সর্বশেষ পাওয়া খবর, আকাশ ঘন কালো মেঘে ঢেকে গিয়েছে। বৃষ্টি নামার অপেক্ষা। আলোর অভাবে খেলা আপাতত বন্ধ। ভারত ২.১ ওভারে বিনা উইকেটে ৮ রান তুলেছে।












Click it and Unblock the Notifications