AUS vs IND: ব্রিসবেনে বরুণদেব সহায় চাপে থাকা ভারতের, বিরক্ত গাভাসকর চান বিরাট বদল
AUS vs IND: ব্রিসবেনে দফায় দফায় বৃষ্টিতে আজ ব্যাহত হলো তৃতীয় দিনের খেলা। বাকি ২ দিনেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর সেটাই ভারতের কাছে হতে পারে বড় আশীর্বাদ।
আজ টেস্টের তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয়েছিল ৪৪৫ রানে। জবাবে শুরু থেকে হোঁচট খেতে থাকা ভারত দিনের শেষে ১৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫১ রান তুলেছে।

উইকেটে জুজু ছিল না। দরকার পরিকল্পনামাফিক দায়িত্বশীল ব্যাটিং। কিন্তু শট সিলেকশনের ভুল ডোবাল ভারতীয় ব্যাটারদের। প্রথম বলে চার মারার পরের বলেই আউট হন যশস্বী জয়সওয়াল (২ বলে ৪)। শুভমান গিল ৩ বলে ১ রান করে ফেরেন।
যশস্বী ও শুভমানের ক্যাচ ধরেন মিচেল মার্শ, মিচেল স্টার্কের বলে। তার মধ্যে স্লিপে গিলের ক্যাচ অসামান্য দক্ষতায় তালুবন্দি করেন তিনি। বিরাট কোহলি ফের অফ-স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে ফ্রন্টফুটে খেলে ক্যাচ দিলেন উইকেটকিপারের হাতে। করলেন ১৬ বলে ৩।
বিরাটকে ফেরান জশ হ্যাজলউড। ঋষভ পন্থ ১২ বলে ৯ রান করে প্যাট কামিন্সের বলে কট বিহাইন্ড। ওপেনার লোকেশ রাহুল ৬৪ বলে ৩৩ রান করে অপরাজিত আছেন। তিনি চারটি চার মেরেছেন। রাহুলের সঙ্গে অপরাজিত রোহিত শর্মা (৬ বলে অপরাজিত ০)।
মিচেল স্টার্ক ১টি মেডেন-সহ ২৫ রান দিয়ে ২টি উইকেট দখল করেছেন। জশ হ্যাজলউড ২টি মেডেন-সহ ৫ ওভারে ১৭ রান দিয়ে ১ উইকেট নেন। প্যাট কামিন্স ২ ওভারে ৭ রান খরচ করে পেয়েছেন একটি উইকেট। নাথান লিয়ঁ ও ট্রাভিস হেড ১ ওভার করে বল করেছেন। তাঁরা দুজনেই খরচ করেছেন ১ রান।
এদিনের বৃষ্টি স্বস্তি দিল ভারতকে। হতাশা বাড়াল অস্ট্রেলিয়ার। বৃষ্টিতে যতটা খেলা নষ্ট হলো তাতে পুরো ওভার হলে ভারতের অবস্থা আজ আরও খারাপ হতেই পারতো। গাব্বায় পিচ ও তার দু-পাশে স্কোয়্যার অঞ্চল ঢাকার বন্দোবস্ত রয়েছে।
সুনীল গাভাসকর বলেন, যে স্টেডিয়ামগুলিতে আন্তর্জাতিক ক্রিকেট হয় তার সব জায়গায় পুরো মাঠ ঢাকার ব্যবস্থা করা উচিত। অনেক জায়গায় তো বোলারদের রান-আপের জায়গা ঢাকার ব্যবস্থাও নেই। পুরো মাঠ ঢাকা থাকলে বৃষ্টি থামার পর খেলা শুরু করা যেতে পারে।
সানির কথায়, ক্রিকেটে প্রচুর অর্থ। সম্প্রচারকারী সংস্থাও প্রচুর অর্থ দিয়ে স্বত্ত্ব কেনে। ফলে বৃষ্টি থামলেও ম্যাচ শুরু করতে না পারাটা হতাশার। কতক্ষণ আর পুরানো ম্যাচের হাইলাইটস দেখানো যায়। সেটা দর্শকদের পক্ষেও ঠিক নয়, সম্প্রচারকারী সংস্থার পক্ষেও ভালো নয়। পুরো মাঠ ঢাকা হলে কভার সরাতে যেটুকু সময় ব্য়য় হয় তার চেয়ে অনেক বেশি সময় নষ্ট হয় মাঠ শুকানোর কাজে। পুরো না ঢাকা থাকাতেই এই সমস্যা। অনেক সময় দ্রুততার সঙ্গে কাজ চালিয়েও মাঠের গুরুত্বপূর্ণ অংশ ঢাকা সম্ভব হয় না।












Click it and Unblock the Notifications