AUS vs IND: দুই বঙ্গ বোলারের প্রতিযোগিতা! অস্ট্রেলিয়া সফরের আগে নির্বাচকদের বার্তা মুকেশের
চলতি বছরের শেষেই বর্ডার-গাভাসকর ট্রফি। টেস্ট ক্রিকেটের অন্যতম আর্কষণীয় সিরিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে কোন দুই দল খেলবে তা স্পষ্ট হয়ে যেতে পারে বর্ডার-গাভাসকর ট্রফিতেই। অস্ট্রেলিয়া সফরের জন্য কেমন হবে ভারতীয় দল? সেটা নিয়ে এখন থেকেই চর্চা চলছে। বিশেষ করে ভারতের পেস অ্যাটাক নিয়ে।
বুমরাহ, সিরাজ অটোমেটিক চয়েস ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের। শামি পুরো ফিট হলে তিনিও থাকবেন দলে। কিন্তু চতুর্থ পেসার কে হবেন? এখানেই প্রতিযোগিতায় একাধিক জোরে বোলার। বিশেষ করে বাংলা থেকেই দুই জন। শামির পর পেসার হিসেবে বাংলা থেকে সুযোগ পান মুকেশ কুমার। এরপর ইংল্যান্ড এবং বাংলাদেশ সিরিজে দলে জায়গা করে নেন আকাশ দীপ। এখন জাতীয় দলে ব্রাত্য হয়েছেন মুকেশ।

দলীপ ট্রফিতে ১৫ উইকেট নিয়েছেন একইসঙ্গে ইরানি কাপে তাঁর উইকেট সংখ্যা ৫। সব মিলিয়ে ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্স করেছেন মুকেশ। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মুকেশ বলেছেন, 'আমি প্রাথমিকভাবে খেলায় ফোকাস করেছিলাম, কীভাবে উইকেট নিয়ে দলকে সাহায্য করা যায়। অধিনায়ক যে আমার উপর ভরসা রেখেছেন তার মর্যাদা রাখার চেষ্টা করেছিলাম।'
ভারতীয় দলে সুযোগ পাওয়া প্রসঙ্গে মুকেশ বলেছেন, 'আমি যদি ভালো পারফর্যা ন্স করি এবং খেলার যোগ্য হই তাহলে অবশ্যই দলে সুযোগ পাবো। অন্যান্য ম্যাচেও পারফরম্যান্স করার সুযোগ আসবে।' মুকেশ বিশ্বাস করেন যে অস্ট্রেলিয়ার পরিস্থিতি পেসারদের পক্ষে থাকবে এবং বর্ডার গাভাসকর সিরিজের জন্য ব্যাকআপ পেসার হিসাবে তাঁকে বেছে নেওয়ার সম্ভাবনা রয়েছে।
মুকেশ আরও বলেছেন, 'আসলে ভারতের হয়ে খেলাই আমার একমাত্র লক্ষ্য ছিল যা আমি অর্জন করতে পেরেছি। ভারতের হয়ে খেলার পর আমি বুঝতে পেরেছি দেশের হয়ে খেলাটা কতটা গর্বের ওবং সম্মানের। আমি জানি অস্ট্রেলিয়ার উইকেটে অতিরিক্ত পেস এবং বাউন্স থাকে। আমি যদি অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে সুযোগ পাই তাহলে অবশ্যই নিজের সেরাটা দেব।'ফলে অস্ট্রেলিয়া সফরের জন্য তিনি যে তৈরি সেটা বুঝিয়ে দিলে মুকেশ কুমার।












Click it and Unblock the Notifications