AUS vs IND: পারথে ভারতের তৃতীয় পেসারের লড়াই জমজমাট, দৌড়ে কেকেআরের বর্তমান ও প্রাক্তনী
AUS vs IND: পারথে ২২ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামছে ভারত। অপটাস স্টেডিয়ামের পেস ও বাউন্স সহায়ক উইকেটে ভারত চার পেসারে নামতে পারে।
জসপ্রীত বুমরাহ নেতৃত্ব দেবেন ভারতীয় দলকে। কেন না, রোহিত শর্মা খেলবেন না। মহম্মদ সিরাজ একাদশে থাকবেন। তৃতীয় পেসার নিয়ে চর্চা জারি।

সৌরভ গঙ্গোপাধ্যায় এক সাক্ষাৎকারে বলেছেন, আকাশ দীপের চেয়ে উচ্চতার জন্যই এগিয়ে রাখব প্রসিদ্ধ কৃষ্ণকে। উচ্চতাকে কাজে লাগিয়ে তিনি বাউন্স আদায় করে নিতে পারবেন। প্রসিদ্ধের টেস্ট অভিষেক হয়েছিল গত বছর দক্ষিণ আফ্রিকা সফরে।
সেঞ্চুরিয়ন ও কেপ টাউন টেস্টে প্রসিদ্ধ ২টি উইকেট দখল করেছিলেন। একদিনের আন্তর্জাতিকে তাঁর ২৯টি উইকেট রয়েছে, টি২০ আন্তর্জাতিকে শিকারের সংখ্যা ৮। গত জানুয়ারির পর অবশ্য ভারতের হয়ে কোনও ফরম্যাটেই খেলতে দেখা যায়নি কর্ণাটকের পেসারকে।
অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে ভারতীয় এ দলের হয়ে প্রথম আনঅফিসিয়াল টেস্টে প্রসিদ্ধ প্রথম ইনিংসে ৫৯ রানে তিনটি এবং দ্বিতীয় ইনিংসে ২৭ রানের বিনিময়ে ১ উইকেট নেন। দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টে প্রথম ইনিংসে ৫০ রানে চারটি ও দ্বিতীয় ইনিংসে ৩৭ রানে ২ উইকেট নেন। প্রথম ম্যাচে দুই ইনিংসে ব্যাট হাতে শূন্য করলেও, দ্বিতীয় ম্যাচে ১৪ ও ২৯ করেছিলেন।
ম্যাকে ও মেলবোর্নে হওয়া দুটি ম্যাচে প্রসিদ্ধর সঙ্গে দীর্ঘক্ষণ সময় কাটাতে দেখা গিয়েছে ভারতের বোলিং কোচ মর্নি মরকেলকে। যদিও ওয়াকার নেটে ও প্রস্তুতি ম্যাচে দুরন্ত ছন্দে থাকার টেস্ট দলে ঢোকার জোরালো দাবিদার হয়ে উঠেছেন হর্ষিত রানা।
হর্ষিতকে এবারও আইপিএলে ধরে রেখেছে কেকেআর। প্রসিদ্ধ আগে কেকেআরে খেলেছেন। ফলে দুই নাইটের টক্কর। জানা যাচ্ছে, র পেসে ব্যাটারদের বেশ কয়েকবার সমস্যায় ফেলেছেন হর্ষিত। ফলে তাঁর টেস্ট অভিষেকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ, হর্ষিত পারথে ম্যাচ সিমুলেশনেও বাউন্সার দিয়ে নজর কেড়েছেন। তাতেই তিনি টেস্ট অভিষেকের সম্ভাবনাও উজ্জ্বল করে ফেলেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে হর্ষিত ১০ ম্যাচে ৪৩ উইকেট নিয়েছেন। চলতি বছরের আইপিএলে কেকেআরের হয়ে তিনি ১৩ ম্যাচে ১৯ উইকেট নেন।
এ ছাড়া অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডির টেস্ট অভিষেক ঘটালে ভারতের চার পেসারের কোটা পূরণ হয়ে যাবে। ভারতীয় এ দলের সঙ্গে থাকা দেবদত্ত পাড়িক্কলকে রেখে দেওয়া হচ্ছে অস্ট্রেলিয়ায়। কারণ, শুভমান গিল প্রথম টেস্ট খেলতে পারবেন না। সেক্ষেত্রে তিনে ব্যাট করতে নামতে দেখা যেতে পারে পাড়িক্কলকে।
মহম্মদ শামিকে টেস্ট সিরিজে খেলাতে তাড়াহুড়ো করা হচ্ছে না। বিসিসিআইয়ের মেডিক্যাল টিম ও নির্বাচকরা চাইছেন, শামি আরও ঘরোয়া ম্যাচ খেলুন। সাদা বলের টুর্নামেন্ট হলেও সৈয়দ মুস্তাক আলি টি২০-তে কয়েকটি ম্যাচ খেলার পর তাঁর ফিটনেস কেমন থাকছে তা যাচাই করা হবে। ফলে সৈয়দ মুস্তাক আলিতে শামিকে প্রথম কয়েকটি ম্যাচে পাবে বাংলা।












Click it and Unblock the Notifications